বিতর্কের কেন্দ্রে থ্রি ইডিয়টস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমির খান অভিনীত বলিউড সুপারহিট সিনেমা থ্রি ইডিয়টস-এর পরিচালক রাজকুমার হিরানি লেখক চেতান ভগতের সাম্প্রতিক দাবিতে ক্ষুব্ধ হয়ে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। লেখক চেতন ভগত সম্প্রতি দাবি করেছেন যে ছবিটিতে তাঁর সর্বাধিক বিক্রীত উপন্যাস ফাইভ পয়েন্ট সামওয়ান কাহিনীর বেশির ভাগ অংশ ব্যবহার করা হলেও তাঁকে যথাযথ কৃতিত্ব দেয়া হয়নি।সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, রাজকুমার হিরানি বলেছেন, ‘এটি আমাদের জন্য মানহানিকর। কারণ, চুক্তি অনুযায়ী তাঁর যা পাওয়ার কথা তা তিনি পেয়েছেন। তাঁর এ দাবি আমাদের সম্পর্কে দুর্নাম রটিয়েছে। যে কারণে টুইটার, ফেসবুক ইত্যাদি নানা ওয়েবসাইটে লোকজন আমাদের তিরস্কার করে বলছে যে হিরানি কিংবা অভিযাতের ছবি আমরা দেখব না।’হিরানি বলেন, ‘এটা নিশ্চিতভাবেই আমাদের সম্মানের জন্য হানিকর। আমরা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলছি। প্রযোজক বিধু বিনোদ চোপড়াকে চেতন ভগতের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করার অপরাধে আইনি ব্যবস্থা নিশ্চয়ই নিতে হবে। ভগতের দাবি বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিয়ে হিরানি বলেন, তাঁর বইয়ের স্বত্ব কিনে নেওয়ার পর আবার পারসেন্টেজের ব্যাপার আসে কীভাবে? মূল বই থেকে ছবির কাহিনি একদমই আলাদা। তিনি অভিযোগ করেন, ‘ভগত এই দাবির মাধ্যমে অন্য কোনো উদ্দেশ্য হাসিল করতে চাইছেন। আমার মনে হচ্ছে, একটা বিতর্ক সৃষ্টির মাধ্যমে তিনি চাইছেন তাঁর বই বেশি করে মানুষ পড়ুক এবং এর পর আমাদের ছবি দেখুক।’চেতন ভগত সম্প্রতি তাঁর ব্লগে অভিযোগ করেছেন, তাঁর উপন্যাসের কাহিনি ব্যবহার করে থ্রি ইডিয়টস বানানো হলেও ক্রেডিট লাইনে তাঁকে যথাযথ স্থান দেওয়া হয়নি—এমনকি ছবিটির মূল পাণ্ডুলিপিও তাঁকে দেখানো হয়নি। এ বিষয়ে হিরানি বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবেই তাঁর বইয়ের স্বত্ব কিনে নিয়েছি, চুক্তি সই করেছি। আমরা বইয়ের ১০০ ভাগ ব্যবহার করতে পারি। ৭০ ভাগের প্রশ্ন উঠছে কেন? আমরা কি ৭০ ভাগের জন্য টাকা দিয়েছি?’তিনি আরও বলেন, ‘চুক্তিতে পরিষ্কার উল্লেখ আছে, রোলিং ক্রেডিটে তাঁর নাম কোথায় থাকবে। আমরা অক্ষরের আকার কিংবা শিরোনামের গতিও পরিবর্তন করিনি। ভগত ওই চুক্তি দেখে, তাঁর উকিলের সঙ্গে পরামর্শ করে তারপর সই করেছেন।’ মূল পাণ্ডুলিপি ভগতকে দেখানো প্রসঙ্গে হিরানি বলেন, ‘সেটা দেখাতে আমরা বাধ্য ছিলাম না। আমি তাঁর কাছ থেকে তার পাণ্ডুলিপি কিনে নিয়েছি। এখন আমরা যেভাবে ইচ্ছা সেটা ব্যবহার করতে পারি। প্রকৃতপক্ষে, তাঁকে চার ঘণ্টা ধরে পাণ্ডুলিপি পড়ে শোনানোর পর এই চলচ্চিত্রের সঙ্গে তিনি সংশ্লিষ্ট হতে রাজি হন।’ এই সিনেমার প্রযোজক বিধু বিনোদ চোপড়া ও অভিনেতা আমির খান এ ব্যাপারে চেতান ভগতের বিরুদ্ধে মুখ খুলেছেন। তাঁরা বলেছেন, এই অভিযোগ এক ধরনের মিডিয়া স্ট্যান্ট। এ প্রসঙ্গে চেতন ভগত টাইমস অব ইন্ডিয়াকে বলেন, থ্রি ইডিয়টস তাঁর উপন্যাসের হুবহু নকল হলেও লেখক হিসেবে যথাযথ কৃতিত্ব তাঁকে দেওয়া হয়নি। ক্রেডিট লাইনের শুরুতে তো নয়ই একেবারে নিচের দিকে, এমনকি জুনিয়র আর্টিস্ট ও স্থির চিত্রগ্রাহকদের পরে তাঁর নাম এসেছে। চেতনের অভিযোগ, ছবি নির্মাণ শুরু হওয়ার পর থেকে তাঁরা বলতে শুরু করেছেন যে এই ছবি মূল উপন্যাস থেকে আলাদা। আর এটা লেখকের কৃতিত্বকে অস্বীকার করার একটা কৌশলমাত্র। মূল উপন্যাস পড়লেই বোঝা যাবে, ছবির সঙ্গে এর মিল কতখানি।’ পরিচালক হিরানির অভিযোগ প্রসঙ্গে চেতন বলেন, ‘এখন বলা হচ্ছে, আমি নাকি থ্রি ইডিয়টস-এর সাফল্য থেকে ফায়দা লোটার চেষ্টা করছি। আমার বইয়ের ১০ লাখ কপি বিক্রি হয়ে গেছে। আর এর এক কোটি পাঠক রয়েছে। তারা নিশ্চয়ই বুঝতে পারছেন ছবির সঙ্গে আমার বইয়ের কাহিনির মিল।’