১১ বছর আগে প্রতিষ্ঠিত হলেও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মাথা তুলে দাঁড়াতে পারেনি। মুক্তিযোদ্ধাদের জন্য এবং মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে প্রতিষ্ঠিত এই মন্ত্রণালয় টিকে আছে অনেকটা অনাদর আর অবহেলায়।এই মন্ত্রণালয় আটটি প্রকল্প তৈরি করলেও অর্থ বরাদ্দ পাচ্ছে না। আবার অর্থ বরাদ্দ থাকা ছয়টি চলমান প্রকল্পের মধ্যে পাঁচটির মেয়াদ দফায় দফায় বাড়ানো হচ্ছে। এর কারণ প্রকল্পের কাজকর্ম শেষ করতে না পারা। আবার প্রকল্প শেষ করার পর সেগুলো সংরক্ষণের অভাবে এক-দুই বছরের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে।চারটি সরকারের মেয়াদ পার হওয়ার মতো নজির সৃষ্টি করেছে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ প্রকল্পটি। ১৪ বছরের মাথায় মুজিবনগর স্মৃতিসৌধের কাজ জোড়াতালি দিয়ে শেষ করার পর বলা হচ্ছে, ভুলত্রুটি ঠিকঠাক ও দৃষ্টিনন্দন করতে এবং অসমাপ্ত কাজ শেষ করতে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আরও ৮০ কোটি টাকা দরকার।‘কেমন চলছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়?’ এ প্রশ্নে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এই মন্ত্রণালয়ের ভূমিকায় আমি একটুও খুশি নই।’ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সবার মধ্যে স্বাধীনতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা আছে কি না, সেই প্রশ্ন রেখে তিনি মন্ত্রণালয়ের কাজকর্ম সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি।ইতিহাস বিকৃতির মাধ্যমে মন্ত্রণালয়ের জন্ম: বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০১ সালে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যাত্রা শুরু ইতিহাস বিকৃতির মাধ্যমে। প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ: দলিল ও ইতিহাসবিষয়ক গ্রন্থ প্রকাশ’ প্রকল্প নেওয়া হয়। ওই প্রকল্পের সবচেয়ে বড় কাজ স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র আদালতের নির্দেশে বাতিল ও বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়া ১১টি সেক্টরের ইতিহাস, ব্রিগেড-ভিত্তিক ইতিহাস, নারী মুক্তিযোদ্ধাদের ইতিহাস, আলোকচিত্রের অ্যালবামসহ প্রকল্পের কোনো কাজই গ্রহণযোগ্যতা পায়নি। একটি নতুন মন্ত্রণালয় শুরুতেই যে বিতর্ক সৃষ্টি করে, তা শেষ হয় ২০১০ সালে আদালতের রায়ের মাধ্যমে।স্মৃতিফলক, স্মৃতিস্তম্ভগুলো মানসম্মত হচ্ছে না: চারদলীয় জোট সরকারের সময় জেলা সদরে নির্মাণ করা শহীদ স্মৃতিসৌধগুলোর বেশির ভাগই অরক্ষিত অবস্থায় পড়ে আছে। লালমনিরহাট, রংপুর, সাতক্ষীরাসহ বেশ কয়েকটি স্থানে নির্মিত স্মৃতিস্তম্ভ এত বছর পরও উদ্বোধন করা হয়নি।রংপুর থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আরিফুল হক জানান, দরপত্র অনুযায়ী মুক্তিযুদ্ধের দুটি শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণে পুরো টাকা ব্যয় করা হলেও এগুলো সাত বছরেও চালু হয়নি। রংপুর শহরের সুরভি উদ্যানে (কালেক্টরেট মাঠ) এবং দখিগঞ্জ বধ্যভূমিতে ফলক দুটি নির্মাণ করা হয়েছে।জেলার উল্লেখযোগ্য দুজন শহীদ মুক্তিযোদ্ধা খোন্দকার মুখতার ইলাহী ও রনী রহমানের নাম না থাকায় ২০০৬ সালে সুরভি উদ্যানে নির্মিত স্মৃতিফলক ভেঙে দেয় বিক্ষুব্ধ জনতা। রংপুর গণপূর্ত বিভাগ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাহাদুর আলী বলেন, ‘দুটি স্মৃতিস্তম্ভের কাজ শেষ হয়েছে। এখন আমাদের তেমন কোনো করণীয় নেই।’ঢাকার শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধ: গতকাল দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকের সামনে গিয়ে এর জরাজীর্ণ চেহারা দেখা যায়। স্মৃতিফলকে ঢাকা জেলার ২২৪ জন শহীদ মুক্তিযোদ্ধার নাম, বাবার নাম ও গ্রামের ঠিকানা লেখা হয়েছে। নামগুলো এত ছোট করে লেখা যে ফলকের খুব কাছে গিয়েও অর্ধেক নাম বোঝা যায়নি। তার ওপর রং চটে গেছে, ফলকের মেঝের পলেস্তারাও উঠে গেছে।ফলকটির নিচে রান্নাবান্না চলে। বসবাস করে একটি পরিবার। ফলকের আশপাশে মলমূত্রের দুর্গন্ধ। সরেজমিনে গিয়ে দেখা গেল, ফলকের তিন দিকে কাপড় শুকানো হচ্ছে। সিগারেটের ভেতর নেশাদ্রব্য ঢোকাচ্ছেন দুই তরুণ। তাঁরা ছোটবেলা থেকেই এই উদ্যানে থাকেন বলে জানালেন।বিশিষ্ট স্থপতি সামসুল ওয়ারেস প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিফলক বা স্মৃতিস্তম্ভগুলো অপরিকল্পিতভাবে হচ্ছে। আবার যেনতেনভাবে তৈরির পর সেগুলো সংরক্ষণ করা হচ্ছে না। মুক্তিযুদ্ধের চেতনাসম্পন্ন ব্যক্তিদের দিয়ে এগুলো দেখভাল করতে একটি কমিটি করা উচিত।ভুয়া মুক্তিযোদ্ধারা বাদ পড়েননি: শুরু থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বেশির ভাগ সময় ব্যস্ত ছিল মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে। স্বাধীনতার পর এ পর্যন্ত পাঁচটি তালিকা হয়েছে। এসব তালিকা নিয়ে রয়েছে পরস্পরবিরোধী অভিযোগ।সরকারি হিসাবে দেশে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় ৭২ হাজার। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম ২০০৯ সালের এপ্রিলে জাতীয় সংসদে এ তথ্য জানান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একাধিক বক্তব্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের এই সংখ্যা উল্লেখ করে তাঁদের বাদ দেওয়ার কথা বলেন।এ দায়িত্ব দেওয়া হয় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে। সাড়ে তিন বছর পার হলেও নানা জটিলতায় ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া সম্ভব হয়নি। এ-সংক্রান্ত কমিটি বাতিল হয়েছে তিনবার। ২০১১ সালের ৬ এপ্রিল ভুয়া মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।মুক্তিযোদ্ধা সংসদ সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের সম্পর্কে তথ্য জানানোর অনুরোধ জানায়। এরপর প্রায় ৮০ হাজার অভিযোগ এসে জমা হয় সংসদে। প্রাথমিক বাছাই করে ৬২ হাজার অভিযোগ মাঠপর্যায়ে পাঠানো হয়। এগুলোর মধ্যে ২২ হাজার অভিযোগ আমলে নেওয়া হয়েছে।আট হাজার ৪৪৩ জন ভুয়া: মুক্তিযোদ্ধা সংসদ সূত্র জানায়, প্রথম দফায় আট হাজার ৪৪৩ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এঁদের মধ্যে চার হাজার ১৪ জনকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা যাচাই-বাছাই ফরম নেননি। অভিযুক্তদের মধ্যে চার হাজার ৪২৯ জন ফরম নিলেও তা পূরণ করে জমা দেননি।এ প্রসঙ্গে জানতে চাইলে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম প্রথম আলোকে বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন অনুযায়ী, ফরম না নেওয়া এবং ফরম নিয়ে জমা না দেওয়া ব্যক্তিদের নাম বাদ দেওয়া যায়। বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।মন্ত্রণালয়ের বাজেট ও লোকবল কম: ১১ বছরের মাথায় ওই মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দ চলতি অর্থবছরে ১৬৫ কোটি টাকায় উন্নীত হয়েছে। এটা সরকারের যেকোনো মন্ত্রণালয়ের তুলনায় কম।তবে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) মো. আবুল কাসেম তালুকদার বলেন, ‘এমন অনেক মন্ত্রণালয় রয়েছে, যার এক দিনের উন্নয়ন বাজেট এই মন্ত্রণালয়ের এক বছরের উন্নয়ন বাজেটের সমান। সব সীমাবদ্ধতার মধ্যেও শান্তি হচ্ছে মুক্তিযুদ্ধের মতো মহান বিষয় নিয়ে কাজ করার সুযোগ পাওয়া।’মন্ত্রণালয়ের কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখা গেছে, আট কর্মকর্তা এবং সমানসংখ্যক কর্মচারী নিয়ে চলছে এই মন্ত্রণালয়। বিজয়ের মাসে শহীদ বুদ্ধিজীবী দিবস, বিদেশিদের সম্মাননা ও বিজয় দিবসের মতো বড় তিনটি অনুষ্ঠান সামলাতে তাঁদের নাভিশ্বাস অবস্থা। মন্ত্রণালয়ে প্রচুর কাজ থাকলেও তা সুষ্ঠুভাবে সম্পন্ন করার মতো জনবল নেই। চাপ সামলাতে মুক্তিযোদ্ধা সংসদ থেকে ৪১ জন কর্মচারী ধার নিয়েছে মন্ত্রণালয়।