বিত্তবানরা আদালতে যায় যা প্রাপ্য নয়, তা চরিতার্থ করতে: প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম বলেছেন, দেশের মানুষ গরিব। তারা মামলা করে বাধ্য হয়ে। কিন্তু বিচারের বাণী গরিবের জন্য নিভৃতে কাঁদে। একজন ভালো আইনজীবী পাওয়া তো দূরের কথা, নতুনদেরও মামলা পরিচালনার জন্য নিয়োগ দেওয়া তাদের জন্য কঠিন ব্যাপার। অথচ বিত্তবানেরা আদালতে যান, যা প্রাপ্য নন, তা চরিতার্থ করতে। এরপর তাঁরা গরিবের ওপর অত্যাচার চালান। বিচারক ও আইনজীবীদের মেধা ও বিবেকবোধ আছে। এই বিবেকবোধ দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে গরিবেরা বিচার পেতে শুরু করবে।আজ বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বার্ষিক ভোজসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. রফিকুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরী, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া, মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ প্রমুখ। অনুষ্ঠানে বিপুলসংখ্যক বিচারক ও আইনজীবী উপস্থিত ছিলেন।প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলাম বলেন, ‘আমরা মেধাবীদের বিচার বিভাগে আনার চেষ্টা করেছি। অনেকে এসেছিলেন এই বিভাগে। কিন্তু মায়না (বেতন) কম বলে অনেকে পদত্যাগ করেছেন। আসলে জজ (বিচারক) নিয়োগ দিতে হলে তাঁদের যোগ্যস্থানও দিতে হবে। তাই বিচারকদের মায়না বাড়িয়ে দেওয়া উচিত।’প্রধান বিচারপতি উপস্থিত বিচারক ও আইনজীবীদের উদ্দেশে বলেন, আইনের শাসনের কোনো বিকল্প নেই। এটার অবসান হলে স্বৈরতন্ত্রের জন্ম হবে। তাই বিচারক ও আইনজীবীদের দায়িত্ব অনেক, যাতে আইনের শাসন সমুন্নত রাখা যায়।বিচার বিভাগে প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে প্রধান বিচারপতি বলেন, গ্রামের মানুষ মোবাইল ফোন টিপে যেন মামলার সর্বশেষ তথ্য জানতে পারে, তাই আদালতে প্রযুক্তির ব্যবহার শুরু করতে হবে।বিচারপতি আমিরুল কবির চৌধুরী বিচারক ও আইনজীবীদের বেশি করে পড়াশোনার পরামর্শ দিয়ে বলেন, মিডিয়াগুলো (গণমাধ্যম) বিচারকাজ পর্যবেক্ষণ করছে। তাই বিচারকদের সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। তাঁরা এক আল্লাহ ছাড়া কারও কাছে যেন দায়বদ্ধ না থাকেন।চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া প্রধান বিচারপতির প্রশংসা করে বলেন, জাতির জনক হত্যা মামলা ও পঞ্চম সংশোধনী বাতিলের রায় দিয়ে তিনি (প্রধান বিচারপতি) জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন।