পুরস্কার প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী
বিত্তশালীরা পত্রিকা খুলে যাকে-তাকে সম্পাদক বানাচ্ছেন
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, সাংবাদিকেরা এখন অনেক বেশি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। এ কারণে তাঁদের মধ্যে ঐক্য নেই। বিত্তশালীরা পত্রিকা খুলে যাকে-তাকে সম্পাদক বানাচ্ছেন। গতকাল শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন। প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (আইসিএবি) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, সাংবাদিকদের মধ্যে বিভেদের কারণে চাইলেও তাঁদের জন্য ভালো কিছু করা যায় না। সাংবাদিকেরা নিজেদের মধ্যকার দ্বন্দ্ব দূর করলে সরকার তাঁদের সব ধরনের সহযোগিতা দেবে। তিনি বলেন, ‘সাংবাদিকতার অভিজ্ঞতা ১৫ বছরের কম থাকলে তাঁকে সম্পাদক বানানো যাবে না—এটি সাংবাদিকেরা যেমন চান, আমরাও চাই। কিন্তু কোনো কোনো বিত্তশালী এখন পত্রিকা খুলছেন। আর যাকে তাকে সম্পাদক বানাচ্ছেন। আমি নাম বলতে চাই না, আপনারা সবাই তা জানেন।’তথ্যমন্ত্রী আরও বলেন, সাংবাদিকেরা অনিয়ম ও দুর্নীতি তুলে ধরলে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। এতে সমাজ থেকে দুর্নীতি কমে আসবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় সাংবাদিকেরা ঠিকমতো দায়িত্ব পালন না করলে নির্বাচন হতো কি না, বর্তমান গণতান্ত্রিক সরকার থাকত কি না, সে বিষয়ে সন্দেহ আছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, উন্নতির জন্য প্রয়োজন সচেতনতা। চিন্তাকে কতটুকু কাজে পরিণত করা যায় এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার ওপর উন্নতি নির্ভর করে। অনুষ্ঠানে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য চ্যানেল আইয়ের মোস্তফা মল্লিক ও সাংবাদিক উম্মুল ওয়ারা সুইটিকে আইসিএবি পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে রচনা প্রতিযোগিতা বিজয়ী ১২ জনকে পুরস্কার দেওয়া হয়।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিএবির অর্থবিষয়ক পরিচালক মহসিন উল্লাহ পাটোয়ারী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহীনুর রহমান বক্তব্য দেন।