বিথার হত্যা মামলার বিচারের দাবিতে কলমবিরতি
খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে সঠিক চার্জশিট প্রদান, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নগরীতে সন্ত্রাস ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে ২৫ জানুয়ারি খুলনা সিটি করপোরেশনে এক ঘণ্টা কলমবিরতি পালিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলমবিরতি চলাকালে নগর ভবন, কেসিসির শাখা অফিস ও ওয়ার্ড অফিসে দাপ্তরিক কাজকর্ম বন্ধ থাকে। কেসিসির তিনজন প্যানেল মেয়র আজমল আহমেদ, মনিরুজ্জামান খান ও রুমা খাতুন, কাউন্সিলর শেখ ইউনুছ আলী, মো. মাকসুদ হাসান, মো. আশরাফ হোসেন, শেখ কামরুজ্জামান, শেখ শওকত আলী, শেখ শহিদুল ইসলাম, মো. শাহ আলম, কাজী সরোয়ার-উল-আযম, শেখ খায়রুজ্জামান, মো. আবুল কাশেম, মো. মনিরুজ্জামান, শেখ মোসাদ্দেক হোসেন, শেখ মফিজুর রহমান প্রমুখ নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ে কলমবিরতি কর্মসূচিতে নেতৃত্ব দেন। দক্ষিণাঞ্চলের ১৫ সাংবাদিক হত্যা মামলা পুনঃ তদন্ত ও দোষীদের শাস্তি দাবি: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে একাংশের) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাংবাদিক হুমায়ূন কবীর বালু, মানিক সাহা, সামছুর রহমান কেবল, রশিদ খোকন, শেখ বেলাল উদ্দিনসহ ১৫ সাংবাদিক হত্যা মামলা পুনঃ তদন্ত ও প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তিনি ২২ জানুয়ারি খুলনা প্রেসক্লাব মিলনায়তনে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) বার্ষিক সাধারণ সভার উদ্বোধনকালে এ দাবি জানান। খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুন রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ হারুনুর রশিদ। বক্তৃতা করেন বিএফইউজের সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী খান প্রমুখ।