বিদায় পুলিৎজার জয়ী কার্টুনিস্ট পল কনর‌্যাড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেলেন পুলিৎজার জয়ী বিখ্যাত মার্কিন কার্টুনিস্ট পল কনর‌্যাড। গতকাল শনিবার লস অ্যাঞ্জেলেসের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কনর‌্যাডের পারিবারিক সূত্র তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।তিনি ছিলেন অসামঞ্জস্যতার বিরুদ্ধে এক দারুণ প্রতিবাদী কণ্ঠস্বর। তবে কার্টুন ও ব্যঙ্গচিত্রই ছিল তাঁর প্রতিবাদের ভাষা। এ ভাষার সফল প্রয়োগ ঘটিয়ে মার্কিন মুল্লুকের বাঘা বাঘা বহু রাজনীতিবিদকেই তুলো ধুনো করেছেন তিনি। আর এ কারণে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হ্যারি ট্রু ম্যান, রিচার্ড নিক্সন কিংবা জর্জ বুশসহ আরও অনেক রাজনীতিবিদেরই চক্ষুশূল হয়েছিলেন তিনি।কাজের স্বীকৃতি হিসেবে তিনবার পুলিৎজার পুরস্কার লাভ করেন কনর্যাড। তিনি প্রায় ৫০ বছর ধরে পেনসিল স্কেচের সাহায্যে বিভিন্ন রাজনৈতিক কার্টুন এঁকেছেন। লস অ্যাঞ্জেলেস টাইমস ছিল তাঁর কর্মক্ষেত্র। সেখানে তিনি দীর্ঘ ৩০ বছর ধরে কাজ করেছেন। পত্রিকাটিকে জনপ্রিয়তার শীর্ষে তুলতে তাঁর ভূমিকা ছিল অসামান্য। কনর‌্যাড হ্যারি ট্রুম্যান থেকে শুরু করে জর্জ ডব্লিউ বুশ পর্যন্ত প্রায় সব প্রেসিডেন্টেরই কার্টুন এঁকেছেন।কার্টুনের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে তিনি ছিলেন সোচ্চার এবং তিনি তাঁর মনোভাব সুতীব্র ভঙ্গিমায় প্রকাশ করতেন। লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রকাশক বলছেন, পলের কার্টুনের কারণে বহু দিন সকালের নশতার সময় প্রেসিডেন্ট রিগ্যান বা তাঁর স্ত্রী তাঁকে ফোন করে বলেছেন, কনর‌্যাড কার্টুনের মাধ্যমে তাঁদের বোকা বানিয়েছেন।তবে পল কনর‌্যাড নিজে রিচার্ড নিক্সনের কার্টুন আঁকতে সবচেয়ে বেশি পছন্দ করতেন। প্রেসিডেন্ট নিক্সন যখন পদত্যাগ করেন,তখন তিনি একটি কার্টুন এঁকেছিলেন। সেখানে দেখা যায়, নিক্সন একটি হেলিকপ্টারে করে হোয়াইট হাউস ত্যাগ করছেন। ওই কার্টুনের ক্যাপশনে লেখা ছিল, ‘কোকিলের বাসার ওপর দিয়ে উড়ে যাচ্ছেন একজন।’ কনর্যাড প্রায়ই মজা করে বলতেন, তিনি সাবেক প্রেসিডেন্ট নিক্সনের একজন পয়লা নম্বরের শত্রু। এবং এ শত্রুতায় তিনি গর্বিত।কনর্যাড ২০০৬ সালে প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি জর্জ ডব্লিউ বুশের কার্টুন এঁকে মজা পান। তিনি আরও বলেছিলেন, নিক্সন ও বুশের মধ্যে অদ্ভুত কিছু মিল রয়েছে। নিক্সনের ব্যাপারে তিনি মনে করতেন, ‘নিক্সনের মতো একটি বোকা লোক কীভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলো। আর এ লোকটির হাত থেকে কবে আমরা মুক্তি পাব।’ মজার ব্যাপার হচ্ছে, বুশের ব্যাপারেও তাঁর চিন্তা-ভাবনা একই ছিল। নিক্সন, বুশদের নিয়ে বেশি বেশি কার্টুন আঁকলেও তুলনামূলক নরমপন্থী ডেমোক্র্যাট নেতারাও তাঁর ব্যঙ্গ-বিদ্রূপ থেকে রেহাই পাননি। ১৯২৪ সালে এই মহামতী কার্টুনিস্ট জন্মগ্রহণ করেন। এমএসএন।