বিদায় বিপ্লবী হুগো চাভেজ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার বিপ্লবী নেতা ও প্রেসিডেন্ট হুগো চাভেজ (৫৮) মারা গেছেন। প্রায় দুই বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে গতকাল মঙ্গলবার তাঁর জীবনাবসান হয়। গতকাল টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে এই নেতার মৃত্যুসংবাদ জানান দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।চাভেজের মৃত্যুতে দেশটিতে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এলিয়াস হোসে হাওয়া মিলানো। আগামী শুক্রবার চাভেজের অন্ত্যেষ্টিক্রিয়া হবে। ২০১১ সালের মধ্যভাগে চাভেজের দেহে ক্যানসার ধরা পড়ে। চতুর্থবারের মতো অস্ত্রোপচারের জন্য তিনি গত বছরের ১১ ডিসেম্বর কিউবার হাভানায় যান। কিউবায় ক্যানসারের চিকিত্সা শেষে গত মাসে দেশে ফেরেন চাভেজ। তিনি রাজধানী কারাকাসের সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল স্থানীয় সময় বিকেল চারটা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন।জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কান্নাজড়িত কণ্ঠে নিকোলা মাদুরো বলেন, ‘এটি আমাদের জন্য এক গভীর বেদনার ক্ষণ।’ তিনি বলেন, ‘তাঁর কর্মকাণ্ড আর পতাকা মর্যাদার সঙ্গে উত্তোলিত থাকবে। হে নেতা, তোমাকে ধন্যবাদ। তোমাকে অশেষ ধন্যবাদ জানাই সেই সব মানুষের পক্ষ থেকে, যাদের তুমি রক্ষা করেছিলে।’চাভেজের মৃত্যুর খবর শোনার পর রাস্তায় নেমে আসেন তাঁর ভক্ত-সমর্থকেরা। তাঁরা কেঁদে কেঁদে বলতে থাকেন, ‘চাভেজ বেঁচে আছেন’, ‘আমরাই চাভেজ’।কংগ্রেসপ্রধান দিওসদাদো ক্যাবেলো বলেন, ‘কেউ মনে করবেন না যে চাভেজ চলে গেছেন। তিনি সব সময় আমাদের সঙ্গে থাকবেন।’৫৮ বছর বয়সী হুগো চাভেজ লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ১৪ বছর রাষ্ট্রক্ষমতায় ছিলেন। ২০১২ সালের অক্টোবরে তিনি আরও ছয় বছরের জন্য নির্বাচিত হন। তাঁর মৃত্যুর পর এখন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। দেশটির সংবিধান অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। প্রেসিডেন্ট হুগো চাভেজের মৃত্যুতে জাতিসংঘের মহাসচিব বান কি মুনসহ বিশ্বনেতারা গভীর শোক প্রকাশ করেছেন।