বিদায় ওয়ানডের রাজা
আইপিএল খেলবেন কি না—এ প্রশ্নের উত্তর জানা নেই। উত্তরটা ‘না’ হলে বলা যেত, এখন শুধু শ্বেতশুভ্র শচীন টেন্ডুলকারকেই দেখবে ক্রিকেট। শ্বেতশুভ্র টেন্ডুলকার মানে সাদা পোশাকের টেন্ডুলকার।এক ম্যাচ খেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়ে দিয়েছেন অনেক আগেই। এক দিনের আন্তর্জাতিক ম্যাচকেও বিদায় জানিয়ে দিলেন গতকাল। সিদ্ধান্তটা আগেই নিয়ে থাকবেন, কাল সেটি ভারতীয় বোর্ড মারফত বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ল ক্রিকেট-বিশ্বে। রঙিন পোশাক ও সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ২৩ বছরের সম্পর্ক ঘুচে গেল এক লহমায়। রইলেন শুধু টেস্ট ক্রিকেটের টেন্ডুলকার।ঠিক বিস্ময় বলা যাবে না। বিদায়ের রাগিণী তো বাজছে অনেক দিন ধরেই। প্রবল পরাক্রান্ত, প্রায়ই অতিমানবীয় রূপে দেখা দেওয়া তিনি গত কিছুদিন মাঝেমধ্যেই এমন সাধারণ পর্যায়ে নেমে এসেছেন যে কোনো ক্রীড়াবিদের জন্য ভয়ংকর সেই প্রশ্নটা জোরেশোরেই উচ্চারিত হয়েছে—আর কত?একসময় তাঁর সম্পর্কে সামান্যতম অপ্রিয় কথাও যে ভারতে ‘ধর্মদ্রোহ’ বলে বিবেচিত হতো, সেই ভারতেই ‘টেন্ডুলকার কেন যাচ্ছেন না’ নিয়ে শোরগোল। ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত তাই বিনা মেঘে বজ্রপাত তো নয়ই, বরং অনেকে এই প্রশ্নও তুলতে পারেন—অবসরই যদি নিলেন, তাহলে সব ধরনের ক্রিকেট থেকেই কেন নয়?ক্রিকেট রোমান্টিকরা এই দলে থাকবেন বলে মনে হয় না। পা হয়তো এখন আর আগের মতো নড়েচড়ে না, বলের লেংথ সেকেন্ডের ভগ্নাংশ আগেই পড়ে নেওয়ার ক্ষমতা হারিয়েছে চোখ, ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বোল্ড হওয়ার দৃশ্যটাও একরকম বুকে এসে বিঁধে—তার পরও টেন্ডুলকার চলে যাওয়া মানেই তো ক্রিকেটের মধুরতম গল্পটির অবসান, ফুরিয়ে যাওয়ার আগে কখনোই যেটির মূল্য বোঝা যাবে না। থাকুন না আরও কিছুদিন। ক্রিকেটের শুদ্ধতম রূপ টেস্ট ক্রিকেটটাই যে টেন্ডুলকারের শেষ ক্যানভাস হয়ে রইল, এর একটা প্রতীকী অর্থও তো আছে।ওয়ানডের গল্প তো শেষ হয়েই গেল। সে কী গল্প! টেস্টে ৫১টি সেঞ্চুরি আছে। রানের যে শৃঙ্গে তাঁর অধিষ্ঠান, এর ধারেকাছেও কেউ নেই। এবং এটাও সত্যি, মহাকাল শেষ পর্যন্ত টেস্ট ক্রিকেটের কষ্টিপাথরেই বিচার করবে ক্রিকেটারদের। তার পরও, টেস্ট ক্রিকেটে এত সব কীর্তির পরও কেন যেন মনে হয়, শচীন টেন্ডুলকার ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। ওভার-নির্দিষ্ট ক্রিকেট যুগের প্রতীকী মুখ। বিদায়বেলায় মুখে বেবি ফ্যাটের চিহ্ন লেগে থাকা টেন্ডুলকারের বোলারদের উড়িয়ে মারার সেই দৃশ্যগুলো নেচে বেড়াচ্ছে চোখের সামনে। ‘বালক বীরের বেশে তুমি করলে বিশ্ব জয়, একি গো বিস্ময়’—বড় কবিরা নাকি ভবিষ্যদ্রষ্টা হন। দেখুন না, শচীন টেন্ডুলকারের গল্পের সঙ্গে রবীন্দ্রনাথের গানের কলি কেমন মিলে যায়!টেস্ট ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা। পরিসংখ্যানে অনেক এগিয়ে থাকতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত সংখ্যাই তো সব নয়। ‘অন্যতম’ শব্দটা তাই থাকছে। টেস্টের সিঁড়িতে টেন্ডুলকারের আগে ডন ব্র্যাডম্যান আছেন, গ্যারি সোবার্স আছেন, ভিভ রিচার্ডসকেও তাঁর পাশেই রাখবেন অনেকে। তাঁর চেয়েও বড় ম্যাচ উইনার হিসেবে ব্রায়ান লারার নামও হয়তো শোনা যাবে কারও মুখে। কিন্তু ওয়ানডেতে কোনো তর্ক নেই। সন্দেহাতীতভাবে সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যানের নাম শচীন রমেশ টেন্ডুলকার। রসিকতা করে কেউ বলতে পারেন, শুধু ব্যাটসম্যান কেন, মিডিয়াম পেসার কাম লেগ স্পিনার কাম অফ স্পিনারের ১৫৪ উইকেটের কথা ভুলে যাচ্ছেন কেন? দুবার ম্যাচে ৫ উইকেট নিতে একটু বোলিং দক্ষতা তো লাগেই।রসিকতা থাক। টেন্ডুলকারকে কেউ বোলিংয়ের জন্য মনে রাখবে না। মনে রাখবে তাঁর ব্যাটিংয়ের জন্যই। বিশেষ করে ওয়ানডেতে শুরুতে তোলা ঝড়ের জন্য। সেই ঝড় অনেকেই তোলেন। কিন্তু টেন্ডুলকারের মতো এমন শিল্পিত ঝড় উঠেছে কজনের ব্যাটে! ওয়ানডের প্রথম ডাবল সেঞ্চুরিটাও যে সেই ব্যাটেই, এটাকেও কেন যেন নিয়তি-নির্ধারিত বলে মনে হয়।জীবনের মতো ক্রিকেটেও কখনো এমন হয়, দৈবক্রমে ঘটা ছোট্ট একটা ঘটনা অনেক বড় কিছুর দ্বার খুলে দেয়। ওয়ানডের টেন্ডুলকারের টেন্ডুলকার হয়ে ওঠায় যেমন নভজ্যোৎ সিং সিধুর ঘাড়ের কাছে অশেষ ঋণ! সিধুর ঘাড়ের কারণেই তো ওয়ানডেতে টেন্ডুলকারের ওপেনারের ভূমিকায় দেখা দেওয়া। সেটি না হলে ১৮৪২৬ রানও হয় না, ৪৯টি সেঞ্চুরিও হয় না। এই ৪৯ সেঞ্চুরির ৪৫টিই তো ওপেন করতে নেমে।১৯৯৪ সালের ২৭ মার্চ নিউজিল্যান্ড সফরে অকল্যান্ড ওয়ানডের দিন সকালে ঘুম ভাঙার পর নিয়মিত ওপেনার সিধু আর ঘাড় নাড়াতে পারেন না। টেন্ডুলকার গিয়ে অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও ম্যানেজার অজিত ওয়াড়েকারকে অনুনয়-বিনয় করে বললেন, ‘আমাকে ওপেনিংয়ে একটা সুযোগ দিন। যদি না পারি, আর কোনো দিন বলব না।’ ৪৯ বলে ৮২ রানের ইনিংস এমনই পারার প্রমাণ হয়ে এল যে, এর পর থেকে ওপেনারই হয়ে গেলেন টেন্ডুলকার।৪৬৩ ম্যাচ যেমন রেকর্ড, তেমনি রান ও সেঞ্চুরিসংখ্যাও। কোনো দিনই ভাঙবে না বলায় সামান্যতম ঝুঁকি থাকে, তবে নিকট ভবিষ্যতে ভাঙার সম্ভাবনা নেই বলায় একদমই তা নেই। এটিকে ক্রিকেটের রসবোধের প্রমাণ হিসেবেই ধরতে পারেন, ওয়ানডের সর্বকালের সেরা ব্যাটসম্যানের প্রথম দুটি ইনিংসই ছিল শূন্য! ৪৯টি সেঞ্চুরির মালিককে যে প্রথম সেঞ্চুরি পেতে ৭৯তম ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল, এটিকেও রহস্য ছাড়া আর কী বলবেন!১৯৯৪ সালে শ্রীলঙ্কায় সিঙ্গার ওয়ার্ল্ড সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেন্ডুলকারের বহুকাঙ্ক্ষিত সেই প্রথম ওয়ানডে সেঞ্চুরি প্রেসবক্সে বসে দেখার সৌভাগ্য হয়েছিল। প্রায় দেড় যুগ পর ওয়ানডেতে তাঁর শেষ সেঞ্চুরিটাও। ওয়ানডেতে টেন্ডুলকারের প্রথম ও শেষ দুটি সেঞ্চুরিই দেখার সৌভাগ্যটাকে ‘বিরল’ না বলে ‘একমাত্র’ বলে ফেললেও বোধ হয় অত্যুক্তি হবে না। টেন্ডুলকার ছাড়া কলম্বোর ওই ম্যাচের কোনো খেলোয়াড়ই ঢাকায় ছিলেন না। সাংবাদিকদের কেউ যে ছিলেন না, সে ব্যাপারে তো নিশ্চিতই। দর্শকদের কেউ কি ছিলেন? কে জানে! মিরপুর স্টেডিয়ামও তো দেখছি এখন ইতিহাসের অংশ। টেন্ডুলকারের শেষ ওয়ানডে সেঞ্চুরি দেখেছে এই মাঠ। সেটিও যেনতেন সেঞ্চুরি নয়। এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ওই ১১৪ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শততম সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে ৫২। মিরপুর স্টেডিয়াম-ভর্তি দর্শকেরা তখন কল্পনাও করেনি, কী ইতিহাসের সাক্ষী হয়ে থাকছে তারা! শচীন টেন্ডুলকারের শেষ ওয়ানডে দেখেছেন—এ তো নাতি-নাতনিদের কাছে গল্প করার মতো!