বিদায় জিল্লুর রহমান
চিরনিদ্রায় শায়িত হলেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। গতকাল শুক্রবার বিকেল চারটায় বনানী কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় তাঁকে দাফন করা হয়। স্ত্রী আইভি রহমানের কবরে শয্যা নেন তিনি। জাতি পরম শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে শেষ বিদায় জানাল আজীবন সংগ্রামী এই নেতাকে। গতকাল জুমার নামাজের পর জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতির দ্বিতীয় জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার লাখো মানুষ। জানাজা শেষে রাষ্ট্রপতির কফিন ফুলে ফুলে সাজানো সামরিক বাহিনীর একটি পিকআপে করে বনানী কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। পথে গুলশানে জিল্লুর রহমানের বাসায় কিছু সময় কফিন রাখা হয়। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় মরহুমের জন্মভূমি ভৈরবে।বেলা সাড়ে তিনটায় রাষ্ট্রপতির মরদেহ বনানী কবরস্থানে পৌঁছালে মেজর জেনারেল বা তদূর্ধ্ব পদমর্যাদার সেনা, নৌ ও বিমানবাহিনীর ১০ জন কর্মকর্তা কফিনটি কাঁধে করে কবরের পাশে নিয়ে যান। এ সময় কফিনের পেছন পেছন হেঁটে যান অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ। একই সময়ে তিন বাহিনীর একটি বিশেষ দল বিশেষ সামরিক কায়দায় ধীর পায়ে কফিন অনুসরণ করে এগিয়ে যায়। মাইকে তখন পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। কবরের পাশে কফিন রেখে রাষ্ট্রীয় ও সামরিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।রীতি অনুযায়ী রাষ্ট্রপতির সংক্ষিপ্ত জীবনী পড়ে শোনান একজন সেনা কর্মকর্তা। কফিন কবরে নামানোর আগে দুই মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সামরিক কায়দায় অভিবাদন জানানো হয় প্রয়াত রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতির ছেলে সাংসদ নাজমুল হাসান ও পরিবারের তিন সদস্য মরদেহ কবরে নামানোর সময় সেনাবাহিনীর গোলন্দাজ দল ২১ বার তোপধ্বনি করে গান স্যালুট দেয়। মাটি দিয়ে কবর ঢেকে দেওয়ার সময় সেনাবাহিনীর প্যারেড দল শূন্যে তিনবার গুলি ছুড়ে রাষ্ট্রপতির প্রতি সম্মান জানায়।দাফন শেষে প্রথমে অস্থায়ী রাষ্ট্রপতি কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন রাষ্ট্রপতির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন।এরপর একে একে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানের পক্ষে সহকারী প্রধান এবং কূটনৈতিক কোরের ডিন পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের মরণোত্তর সালাম ও সশস্ত্র বাহিনীর স্যালুটের পর মরহুমের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। সবশেষে অস্থায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রীয় সম্মানের স্বীকৃতি হিসেবে জিল্লুর রহমানের স্বজনদের কাছে জাতীয় পতাকা হস্তান্তর করেন।জাতীয় ঈদগাহে জানাজা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতির প্রথম জানাজায় লাখো শোকার্ত মানুষের ঢল নামে। সকাল থেকেই দূরদূরান্ত থেকে নানা শ্রেণী-পেশার মানুষ এসে সেখানে সমবেত হন। জানাজার আগে সেখানেই জুমার নামাজ আদায় করেন তাঁরা।জানাজার সময় ঈদগাহ ময়দান ছাপিয়ে আবদুল গণি রোড থেকে দোয়েল চত্বর, পল্টন মোড় থেকে প্রেসক্লাব, কদম ফোয়ারা, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পর্যন্ত এলাকা ছিল লোকে লোকারণ্য। জাতীয় ঈদগাহমুখী মানুষের ভিড় সামলাতে শাহবাগ মোড়, মিন্টো রোডের প্রধান বিচারপতির বাসভবনের সামনের রাস্তা এবং পল্টন মোড় থেকে জাতীয় ঈদগাহমুখী সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।বেলা দুইটা পাঁচ মিনিটে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির কফিন ঈদগাহ ময়দানে আনা হয়। কফিনের পেছন পেছন প্রধানমন্ত্রীও আসেন। ঈদগাহে কফিন পৌঁছার পর প্রধানমন্ত্রী চলে যান। রাষ্ট্রপতির কফিন সামনে রেখে সমবেত ব্যক্তিদের কাছে বাবার জন্য দোয়া চান রাষ্ট্রপতির ছেলে নাজমুল হাসান। তিনি বলেন, ‘যে মানুষ সারা জীবন মানুষকে ভালোবেসে গেছেন, যিনি কারও সঙ্গে খারাপ ব্যবহার করেননি, আপনারা তাঁর প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, আমি এবং আমার পরিবার সারা জীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব।’ তিনি বলেন, ‘আমার বাবা জেনে-শুনে কারও সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেননি। যদি মনের অজান্তে কাউকে দুঃখ দিয়ে থাকেন, আমি তাঁর পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন। অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আওয়ামী লীগের নেতারা, বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাসসহ শীর্ষস্থানীয় নেতারা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিকল্পধারার আবদুল মান্নান এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জানাজায় অংশ নেন।জানাজার পর সশস্ত্র বাহিনী ও ঢাকার জেলা প্রশাসনের পক্ষ থেকে জিল্লুর রহমানকে গার্ড অব অনার দেওয়া হয়। প্রথম জানাজা: জিল্লুর রহমানের জন্মস্থান কিশোরগঞ্জের ভৈরব উপজেলার হাজী আসমত কলেজে প্রথম জানাজা হয়। সকাল নয়টায় সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘর থেকে কফিন হেলিকপ্টারে করে ভৈরবে নেওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও রাষ্ট্রপতির ছেলে নাজমুল হাসানসহ পরিবারের সদস্যরা কফিনের সঙ্গে যান। ভৈরবের প্রথম জানাজায় মানুষের ঢল নামে। আশপাশের উপজেলা থেকেও বিপুলসংখ্যক লোক সমবেত হয়ে প্রয়াত রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানান। বেলা সাড়ে ১১টায় ভৈরব থেকে হেলিকপ্টারে করে কফিন বঙ্গভবনে নিয়ে আসা হয়। গত বুধবার বাংলাদেশ সময় বিকেল চারটা ৪৭ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করা হচ্ছে।আজ কুলখানি: আজ শনিবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রাষ্ট্রপতির কুলখানি অনুষ্ঠিত হবে।