মোর্শেদ আরিচা রোড ধরে ছুটে চলেছে। কিছুক্ষণ পর পরই ফোনে কান্নাভেজা কণ্ঠে জানাচ্ছে কতদূর পৌঁছাল। পাশে বসে আরেক বন্ধু মানজারে হাসীন মুরাদ নানা জায়গায় ফোন করে চলেছে, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, পুলিশ...। আর আমি গভীর বিষণ্ন হয়ে বসে আছি। মনের মধ্যে ঘটে চলেছে এক ‘দে জা ভ্যু’! ২১ বছর আগে এভাবেই আলমগীর কবিরের লাশ আমরা নিয়ে এসেছিলাম নগরবাড়ী থেকে, এই আরিচা রোড দিয়েই। আজ মোর্শেদ আনতে চলেছে আমাদের আরেক ঘনিষ্ঠ বন্ধু তারেক মাসুদের লাশ।তারেক মাসুদ, এ দেশের চলচ্চিত্রজগতে কত উজ্জ্বল এক নাম। কত মানুষই তো আমেরিকায় যায়! কিন্তু কে নিউইয়র্কের সেলারে সেলারে ঘুরে মুক্তিযুদ্ধের ফুটেজ সংগ্রহ করেছে? তারেক করেছিল, যার অনন্য ফসল মুক্তির গান প্রামাণ্যচিত্রটি। একজন ফেরিওয়ালার মতোই সারা দেশ ঘুরে ঘুরে এ ছবি দেখিয়ে বেড়িয়েছে তারেক। আর তার এ অভিজ্ঞতা নিয়ে করেছিল আরেকটি শক্তিশালী প্রামাণ্যচিত্র মুক্তির কথা। একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল ওর ধ্যান, জ্ঞান, স্পৃহা, স্বপ্ন। যখন কাহিনিছবি বানাতে চেয়েছে, একাত্তরের মুক্তিযুদ্ধকেই বেছে নিয়েছে ওর ছবির বিষয়বস্তু হিসেবে। মাটির ময়না, যে ছবিটি বিশ্ব চলচ্চিত্রের মানচিত্রে বাংলাদেশকে স্থাপন করেছে। মেধাবী ও সৃজনশীল তারেক মাসুদ ছিল গভীরভাবে ইতিহাস-সচেতন, অসাম্প্রদায়িক ও আধুনিক মননের এক চলচ্চিত্রকার। তারেক মাসুদের মতো দক্ষ চলচ্চিত্রনির্মাতা একটা দেশে খুব বেশি জন্মায় না। বড় এক অপূরণীয় ক্ষতি ঘটল বাংলাদেশের চলচ্চিত্রের!তারেকের সঙ্গে যাকে হারিয়েছি সেই মিশুক মুনীরও ছিল আমাদের আরেক বন্ধু। ক্যামেরায় মিশুক ছিল ব্যতিক্রমী দক্ষ। মিশুক শহীদ মুনীর চৌধুরীর সন্তান। মনে পড়ে, টরন্টোয় ওর বাড়িতে মিশুকের নিজের হাতে রান্না করে আমাদের খাওয়ানোর সেই সন্ধ্যাটা। কত গল্প! বিদেশে থাকলেও ওর মনটা পড়ে থাকত বাংলাদেশেই। বলত, দেশে ফিরে আসবে। এসেওছিল! তরুণ বয়সে তারেক ও মিশুক দুই বন্ধু মিলে কত কষ্ট করেই-না এস এম সুলতানের ওপর আদম সুরত ছবিটা বানিয়েছিল। আমরা বন্ধুরা জানতাম, কত অবর্ণনীয় কষ্ট করেছিল তখন ওরা দুজন। আজ মৃত্যুতেও দুজনে ছিল একসঙ্গে!জহির রায়হান ঘাতকের হাতে নিহত হয়েছিলেন। তাঁর লাশও আমরা পাইনি। আলমগীর কবির যমুনা নদীতে ডুবে মারা গিয়েছিলেন। এই আরিচা রোড দিয়েই আলমগীর কবিরের লাশ এসেছিল। তারেককেও হারালাম মৃত্যুপথ আরিচা রোডে! এটাই কি বাংলাদেশের নিয়তি যে এ দেশের সুস্থধারার সেরা চলচ্চিত্রকারদের এভাবেই অপঘাতে মৃত্যু ঘটতে থাকবে?কত স্মৃতি! আমি ছবি নিয়ে গিয়েছি, মোর্শেদ এনেছে প্রজেক্টর, তারেক তা চালিয়েছে...শাহবাগের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে, বাংলাদেশের কোনো মফস্বল শহরে কিংবা নিউইয়র্ক মহানগরে। অবসরে একসঙ্গে টেবিল টেনিস খেলতাম। বেশ গভীর রাতে ফোন করত ও। সিনেমা, শিল্প, রাজনীতি—কত বিষয়েই-না আলাপ হতো! মাত্র কদিন আগে তারেকের বাবা মারা গেলেন। তখনো কথা হয়েছে। কথা হয়েছে জীবনে পিতা-পুত্রের দ্বান্দ্বিক সম্পর্কের নানা দিক নিয়ে।ওর নতুন ছবি কাগজের ফুল-এর চিত্রনাট্য নিয়ে কথা হতো। ’৪৭ সালের দেশভাগের ওপর নির্মিতব্য ছবিটা হতে পারত এ দেশের আরেকটা সেরা ছবি। কারণ, তারেকের মতো এত ইতিহাস-সচেতন ও ধর্মনিরপেক্ষ আধুনিক মননের চলচ্চিত্রনির্মাতা আমাদের দেশে তেমন আর নেই। এই দুর্ঘটনায় তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদও গুরুতর আহত হয়েছে। ক্যাথরিনকে আমাদের কখনো বিদেশি মনে হয়নি। আমাদের বিকল্প সিনেমার সাত ভাইয়ের মাঝে ও ছিল যেন আমাদের চম্পা বোন। এতই নিকট ছিলাম আমরা। আশা করি, ক্যাথরিন দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং এই শোক কাটিয়ে উঠবে।তারেক মাসুদ ও মিশুক মুনীরের এই মৃত্যুতে এ দেশের রুচিশীল চলচ্চিত্র ও দৃশ্যশ্রাব্য মাধ্যমের জগতে যে কত বড় একটা ক্ষতি হয়ে গেল, তা সাধারণ মানুষ হয়তো তেমন বুঝবে না। কিন্তু আমরা যারা বিকল্পধারার চলচ্চিত্রকার ও চলচ্চিত্রকর্মী, তারা তা হাড়ে হাড়ে বুঝতে থাকব; আজীবন! আমাদের আগামী সব কাজের ফ্রেমে তারেক মাসুদ হয়তো বেঁচে থাকবে, তবু এ ক্ষতি পূরণ হওয়ার নয়!কেউই অমর নয়। আমরা জানি না, কখন কোথায় ‘ফর হুম দ্য বেল টোল্স’! কিন্তু আরিচার রাস্তার পাশে পড়ে থাকা লাশ হয়ে যাওয়ার চেয়ে কত শোভন, কত মহৎই হতে পারত ওদের বিদায়টা! কিন্তু আমরা যে এক দুর্ভাগা দেশে, এক ভুল সময়ে জন্মেছি!বিদায় বন্ধু!