বিদায় বন্ধু বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেলেন হুমায়ুন ফরীদি। নানামুখী প্রতিভার এই অভিনেতাকে আর দেখা যাবে না টিভিতে, মঞ্চে কিংবা চলচ্চিত্রে। আড্ডা ছিল তাঁর খুব পছন্দ। দারুণ বন্ধু-ভক্ত ছিলেন তিনি। গতকাল সোমবার সকালে ধানমন্ডিতে তাঁর মেয়ের বাসায় মারা যান তিনি। তাঁর মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়ে সবার মাঝে। শেষ একবার হুমায়ুন ফরীদিকে দেখার জন্য তাঁর মেয়ের বাসায় ভিড় করেন বিভিন্ন অঙ্গনের মানুষজন। তাঁর প্রতি শ্রদ্ধা জানান। বিভিন্ন সময় যাঁরা হুমায়ুন ফরীদির খুব কাছাকাছি ছিলেন, তেমনি কয়েকজন হুমায়ুন ফরীদিকে নিয়ে স্মৃতিচারণা করলেন।নাসির উদ্দীন ইউসুফ১৯৭৭ সালের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তহল নাট্য প্রতিযোগিতায় আমি গিয়েছিলাম বিচারক হয়ে। সেদিন হুমায়ুন ফরীদির নাটক আমাকে দারুণ মুগ্ধ করেছিল। পরে সেলিম আল দীন ওকে নিয়ে এসেছিল ঢাকা থিয়েটারে। মঞ্চে আমার নির্দেশনায় ও প্রথম অভিনয় করে ১৯৭৮ সালে শকুন্তলা নাটকে। এরপর বিটিভিতে আমার পরিচালনায় ভাঙ্গনের শব্দ শুনি ধারাবাহিকে অনবদ্য অভিনয় করেছিল। সংশপ্তক তাঁর আরেকটি অসামান্য কীর্তি। কয়েক দিন আগেই ওর সঙ্গে কথা হচ্ছিল। ও তখন ছিল হাসপাতালে, জোরে জোরে হাসছিল। সেই হাসির আওয়াজ এখনো কানে বাজছে।রাইসুল ইসলাম আসাদআমাদের সমসাময়িক যে কজন অভিনয়শিল্পী আছেন বা ছিলেন, তাঁদের মধ্যে সবচেয়ে ক্ষমতাবান অভিনেতা ছিল ফরীদি। আর ব্যক্তি ফরীদি সম্পর্কে বলব, ফরীদি চলেছে নিজের মতো করে। এই জগৎ-সংসারের কথা ভাবেনি, আমাদের কারও কথা ভাবেনি, নিজের কথা ভাবেনি। জীবনটাকে চালিয়েছে নিজের মতো করে। আর সেভাবেই ও সবাইকে ছেড়ে চলে গেছে।শহীদুল ইসলাম খোকনগত শতকের নব্বই দশকের কথা। চারটি ছবি নির্মাণের পরিকল্পনা করছি—সন্ত্রাস, দিনমজুর, বীর পুরুষ ও লড়াকু। টিভি নাটকে হুমায়ুন ফরীদিকে দেখে মনে হলো, চারটি ছবিতেই তাঁকে খলনায়ক চরিত্রে নিতে পারলে ভালো হতো। একদিন তাঁর সঙ্গে যোগাযোগ করে বাসায় যাই। তিনি আমার কথা শুনলেন। আমি ফরীদিকে প্রস্তাব দিই। তিনি রাজি হলেন। প্রথম মুক্তি পায় সন্ত্রাস। অবাক হলাম, ফরীদির অভিনয় দেখার জন্য দর্শকেরা প্রেক্ষাগৃহে ভিড় করছেন। আমার ২৮টি ছবির মধ্যে ২৫টিতেই অভিনয় করেছেন ফরীদি। কারণ, সেই চরিত্রগুলোর জন্য তাঁর কোনো বিকল্প ছিল না।মৌসুমীফরীদি ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করি বিশ্বপ্রেমিক ছবিতে। এর আগে টিভিতে তাঁর অনেক কাজ দেখেছি। ছবিতে তাঁর সঙ্গে আমার একটি গান ছিল, ‘তোমরা কাউকে বলো না’। শুটিংয়ের সময় আমার উপস্থিত বুদ্ধি পরখ করার জন্য প্রতিদিনই নানা প্রশ্ন করতেন। জবাব শুনে বলতেন, ‘তোমার উপস্থিত বুদ্ধিটা খুব ভালো।’ শুটিং সেটে তিনি অনেক মজা করতেন, গল্প শোনাতেন আর হাসাতেন। বিশ্বপ্রেমিক ছবির পর আমার বেশির ভাগ ছবিতেই তিনি ছিলেন খলনায়ক। একটি চরিত্রকে একজন অভিনেতা কতভাবে তুলে ধরতে পারেন, তা হুমায়ুন ফরীদির সঙ্গে কাজ না করলে বোঝা যাবে না।