বিদায় মুহূর্তে নির্বাচনে আগ্রহী নয় ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর ও দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনে দুজন প্রশাসক নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে ইসি এ নির্বাচন করতে আগ্রহী নয়।ইসি জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্য দুই কমিশনারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাই শেষ মুহূর্তে তাঁদের পক্ষে এই নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয়। এ অবস্থায় নতুন ইসির অধীনে নির্বাচন করতে হলে ৯০ দিনের মধ্যে তা হয়তো সম্ভব হবে না।এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিলুর রহমানকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি যথাযথভাবে দায়িত্ব পালনের চেষ্টা করবেন। উত্তরের প্রশাসক সরকারি কাজে দেশের বাইরে আছেন।বিলুপ্ত ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।ইসির অনাগ্রহ: বিভক্ত দুই সিটি করপোরেশনের নির্বাচন ৯০ দিনের মধ্যে আয়োজন করতে নির্বাচন কমিশনকে গতকাল চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই চিঠিতে ঢাকা সিটি করপোরেশনকে বিভক্ত করার কথা উল্লেখ করে আইন অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী, করপোরেশন বিভক্ত করে একাধিক সিটি করপোরেশন গঠন করা হলে সে ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সচিব আবু আলম মো. শহিদ খান নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আগের সিটি করপোরেশনে ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার নিয়ম থাকলেও আমরা ঢাকার ক্ষেত্রে ৯০ দিন করেছি।’৯০ দিনের হিসাবে ২৮ ফেব্রুয়ারির মধ্যেই দুই সিটি করপোরেশনে নির্বাচন আয়োজন করতে হবে। কিন্তু তার আগেই শেষ হচ্ছে তিন কমিশনারের মেয়াদ। সিইসি এ টি এম শামসুল হুদা ও কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে ৪ ফেব্রুয়ারি। অপর কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হচ্ছে ১৩ ফেব্রুয়ারি। তাই তিন কমিশনার তাঁদের অবশিষ্ট মেয়াদে ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন আয়োজন করতে রাজি নন।কমিশনার ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, একই সময় বা কাছাকাছি সময়ের মধ্যে ঢাকার দুটি সিটি করপোরেশনে নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তা ছাড়া বর্তমানে কমিশন কুমিল্লা সিটি করপোরেশন নিয়ে ব্যস্ত। এ নির্বাচন শেষ হবে ৫ জানুয়ারি। তারপর অবসরে যাওয়ার আগ পর্যন্ত তিন কমিশনারের হাতে সময় থাকবে মাত্র এক মাস। এ ক্ষেত্রে ঢাকার দুটি সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করা হলে নির্বাচনে ভোট গ্রহণের আগেই তাঁদের অবসরে যেতে হবে। তাতে জটিলতা বাড়বে এবং নতুন নিয়োগ পাওয়া কমিশনারদের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা দুরূহ কাজ হবে।এই দুই কমিশনার আরও বলেন, তফসিল ঘোষণায় আগ্রহী না হলেও নিয়মিত কাজের অংশ হিসেবে বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ভোটার ও ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্তকরণ, নির্বাচনী মালামাল কেনাসহ আনুষঙ্গিক কাজ তাঁরা চালিয়ে যাবেন।সাখাওয়াত হোসেন বলেন, সিইসি চিকিৎসার জন্য থাইল্যান্ডে রয়েছেন। ৮ ডিসেম্বর দেশে আসার পর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়ে তা সরকারকে জানানো হবে।ছহুল হোসাইন বলেন, ‘৯০ দিনের মধ্যে দুই সিটি করপোরেশনের নির্বাচন করা সম্ভব নয়। কারণ আমাদের মেয়াদই ৯০ দিন নেই। তাই আমরা কোনো নির্বাচনের তফসিল ঘোষণা করে মাঝপথে চলে যেতে চাই না। সুষ্ঠু নির্বাচনের জন্য এ টু জেড পরিকল্পনা এক নির্বাচন কমিশনেরই করা উচিত। আমরা শুরু করতে পারতাম। কিন্তু না করাই ভালো; বরং নতুন কমিশন এসে তাঁদের নিজস্ব পরিকল্পনায় নির্বাচন করলে অনেক ভালো হবে। এ জন্য আমরা নির্বাচনটা করতে চাই না।’এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ওনাদের (ইসি) সঙ্গে আমরা আলোচনা করব। আমরা ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে চাই।’উত্তরের কার্যালয় বনানী কমিউনিটি সেন্টার ও গুলশানের মেয়র ভবন: বিভক্ত দুই সিটির মধ্যে দক্ষিণের কার্যালয় অখণ্ড ঢাকা সিটি করপোরেশনের কার্যালয় নগর ভবনেই রাখা হয়েছে। আর উত্তর সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় করা হয়েছে বনানী কমিউনিট সেন্টার ও ৮১ গুলশান এভিনিউয়ে মেয়র ভবনে। স্থানীয় সরকার মন্ত্রণালয় গতকাল এক আদেশে নতুন কার্যালয়ের নাম ঘোষণা করে। তবে তারিখ ধরা হয়েছে ১ ডিসেম্বর। ইতিমধ্যে গুলশানের মেয়র ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কার্যালয়ের সাইনবোর্ড টাঙানো হয়েছে।গত ২৯ নভেম্বর জাতীয় সংসদে বহুল আলোচিত স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল, ২০১১ পাস হয়। ১ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এই বিলে সই করার মাধ্যমে সেটি আইনে পরিণত হয়।১ থেকে ২৩, ৩৭ থেকে ৪৭ এবং ৫৪ ও ৫৫—এই ৩৬টি ওয়ার্ড মিলিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন করা হয়েছে। আর ৯২ পর্যন্ত বাকি ৫৬টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।আজ বৈঠক: বিভক্তির প্রতিবাদে আন্দোলনরত ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে আজ বিকেলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বৈঠক হওয়ার কথা রয়েছে। পরিষদের নেতারা বলেছেন, তাঁরা প্রতিমন্ত্রীর কাছে ঢাকা বিভক্তির সিদ্ধান্ত বাতিলসহ ছয় দফা দাবি জানাবেন।