বিদায় সুনীল, বিদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ বলেছেন ইন্দ্রপতন। কেউ বলেছেন বিনা মেঘে বজ্রপাত। বাকরুদ্ধ হয়েছেন শোকে অনেকেই সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান পুরুষ সুনীল গঙ্গোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে। শারদীয় দুর্গাপূজার উৎসবে যখন কলকাতা মাতোয়ারা, তখন তাঁর অভাবিত মৃত্যুর সংবাদ বিষাদময় করে তুলেছে শিল্পী, সাহিত্যিকসহ তাঁর অগণিত অনুরাগীর হূদয়। আনন্দের দিনে অশ্রুসিক্ত করেছে তাদের দুই নয়ন। গত সোমবার স্থানীয় সময় দিবাগত রাত দুইটা ৫ মিনিটে দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাড়িতে তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী স্বাতী গঙ্গোপাধ্যায়, এক ছেলে শৌভিক গঙ্গোপাধ্যায়সহ বহু গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ছেলে শৌভিক যুক্তরাষ্ট্রের বোস্টনে থাকেন। আজ বুধবার সকালে তাঁর কলকাতায় এসে পৌঁছার কথা। তিনি এলে বৃহস্পতিবার সুনীল গঙ্গোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। কেউ ভাবেননি তিনি এভাবে চলে যাবেন। সুনীলের মৃত্যুসংবাদে কলকাতার সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সকাল থেকেই কলকাতার সাহিত্যিক ও অসংখ্য অনুরাগী তাঁর বালিগঞ্জের বাসভবনে এসে শোক ও সমবেদনা প্রকাশ করেন।বাংলা সাহিত্যের দিকপাল সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সংক্ষিপ্ত জীবনী: সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন বহুপ্রজ লেখক। বিষয়ে বিচিত্র, পরিমাণে বিপুল তাঁর রচনাসম্ভার। তা সত্ত্বেও অনুরাগী পাঠকেরা তাঁকে প্রধানত কবি হিসেবে আখ্যায়িত করতেই পছন্দ করেন। ‘কেউ কথা রাখেনি’ সমকালীন বাংলা কাব্যের অন্যতম জনপ্রিয় কবিতা। ‘যদি নির্বাসন দাও’, ‘তুই একবার এসে দেখে যা নিখিলেশ’, ‘হারিয়ে যেও না নীরা’—এমন অসংখ্য কবিতার জন্য কাব্যানুরাগীদের কাছে কবি সুনীল গঙ্গোপাধ্যায় ঔপন্যাসিক সুনীলের চেয়ে এগিয়ে আছেন।১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর জেলার (বর্তমান মাদারীপুর) মাইজপাড়া গ্রামে সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম। শৈশব কেটেছে এ গ্রামেই। ১৯৫১ সাল থেকে লেখা শুরু করেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি এসে দাঁড়িয়েছিলেন মুক্তিযোদ্ধাদের পাশে। ঘুরেছেন বিভিন্ন শরণার্থী শিবির। মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছেন প্রবন্ধ, কবিতা ও উপন্যাস। মার্কিন কবি অ্যালেন গিনসবার্গকে নিয়ে তিনি গিয়েছেন বনগাঁ শরণার্থী শিবিরে। সে সময় তিনি লিখেছিলেন ‘১৯৭১’ নামে একটি কবিতা। মুক্তিযুদ্ধের সময় লিখেছেন অর্জুন নামে একটি উপন্যাস। সুনীল গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন যুক্ত ছিলেন আনন্দবাজার পত্রিকার সঙ্গে। ১৯৭১ সালেই তিনি চাকরি নেন এই পত্রিকায়। আর তখনই তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি করেন। তিনি ছিলেন কবিতা পত্রিকা কৃত্তিবাস-এর সম্পাদক। এ বছরও পূজাসংখ্যার জন্য বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন। ‘নীল লোহিত’, ‘সনাতন পাঠক’ ও ‘নীল উপাধ্যায়’ নামেও লিখতেন। তিনি কলকাতার শেরিফও ছিলেন। ছিলেন সাহিত্য একাডেমির সভাপতি।সুনীল গঙ্গোপাধ্যায় প্রকৃতই দুই হাতে লিখেছেন। সাহিত্যের সব অঙ্গনেই তাঁর ছিল স্বতঃস্ফূর্ত বিচরণ। কবিতা ছাড়াও লিখেছেন উপন্যাস, প্রবন্ধ, গল্প, নাটক, রম্যরচনা, ভ্রমণকাহিনি, শিল্পকলাবিষয়ক রচনা, শিশুসাহিত্য, অনুবাদ—কী নেই তাঁর রচনাসম্ভারে! কিশোরদের জন্য তাঁর লেখা কাকাবাবু সিরিজ অত্যন্ত জনপ্রিয়। সব মিলিয়ে তাঁর গ্রন্থের সংখ্যা দুই শতাধিক।সুনীল গঙ্গোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে অরণ্যের দিনরাত্রি, সেই সময়, রক্ত, অর্জুন, পুরুষ, অগ্নিপুত্র, প্রথম আলো, সরল সত্য, প্রতিদ্বন্দ্বী, মহাপৃথিবী, রক্তমাংস, জীবন যে রকম, পূর্ব পশ্চিম, একা এবং কয়েকজন, মনের মানুষ ইত্যাদি। সুনীল গঙ্গোপাধ্যায় আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, হিন্দু সাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন। তাঁর জীবন ও সাহিত্য নিয়ে কলকাতায় একটি তথ্যচিত্রও তৈরি হয়েছে। শেষকৃত্য ও শ্রদ্ধা নিবেদন: কাল বৃহস্পতিবার সুনীল গঙ্গোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে কলকাতায়। তাঁর মরদেহ রাখা হয়েছে রফি আহমেদ কিদোয়াই রোডের লাশ রাখার ঘর পিস হ্যাভেনে। আনুষ্ঠানিকতা শেষে তাঁর অন্তিম ইচ্ছা অনুসারে মরদেহ কোনো একটি মেডিকেল কলেজে দান করা হবে। আজ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ আনা হবে আনন্দবাজার পত্রিকা কার্যালয়ে, রবীন্দ্রসদন ও বাংলা সাহিত্য একাডেমিতে।শোক: সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে পৃথক শোকবার্তায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রণব মুখার্জি বলেন, সুনীল বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তাঁর অনবদ্য রচনাশৈলী বাংলা সাহিত্যে উজ্জ্বল হয়ে থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার জনগণ একজন প্রখ্যাত সাহিত্যিককে হারাল।পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণনও সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। প্রখ্যাত কবি-সাহিত্যিক নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন, ‘সুনীলের মৃত্যুতে বাংলা সাহিত্যের আকাশ থেকে একটি উজ্জ্বল নক্ষত্র নিভে গেল। আমার থেকে ১০ বছরের ছোট সুনীলের মৃত্যুকে আমি মেনে নিতে পারছি না। আমার আগে মৃত্যু হওয়ার কথা। আমি মারা গেলে আমার জন্য শোক প্রকাশ করতে পারত সুনীল। অথচ এখন আমিই সুনীলের জন্য শোক প্রকাশ করছি।’শংকর বলেছেন, ‘এ তো আকস্মিক দুঃসংবাদ। বিশাল মাপের লেখক ছিলেন তিনি। সাহিত্যের সব অঙ্গনেই ছিল তাঁর বিচরণ। তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়।’প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুসংবাদ শুনেই ছুটে যান তাঁর বাসভবনে। দুপুরে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুধুই একটি কথা বলেন, ‘আমি কিছুই বলতে পারছি না।’ প্রখ্যাত পরিচালক মৃণাল সেন বলেছেন, ‘আমার চেয়ে বয়সে ছোট সুনীল এভাবে চলে যাবে, ভাবতেই পারছি না। ওর মৃত্যুতে বাংলা সাহিত্যের অভাবনীয় ক্ষতি হলো।’ সুনীল জীবন থেকে বিদায় নিলেন হয়তো, বাংলা সাহিত্যে অনুরাগীদের অন্তরে চিরভাস্বর হয়ে থাকবেন তিনি।