বিদায় স্বপ্নদ্রষ্টা
‘যত দিন শরীর সইবে আর হাতদুটো না ভাঙবে, ক্রিকেট খেলেই যাব!’২ নভেম্বর। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সংবাদ সম্মেলনকক্ষে দেখানো হচ্ছিল কোনো একসময় বলা মাখায়া এনটিনির ক্লিপিংস। একটু পরই কক্ষে ঢুকলেন এনটিনি। পরনে কালো স্যুট, সাদা শার্ট আর চেক টাই, যেন এই মাত্র কোনো ফ্যাশন ম্যাগাজিনে কেতাবি পোশাকের পোজ দিয়ে এলেন। মুখে সেই চিরপরিচিত সূর্যের হাসি, কিন্তু চোখের কোণে জল। কান্নার দমকে গলা ধরে আসছিল, স্বাভাবিক থাকার আপ্রাণ কিন্তু ব্যর্থ চেষ্টা।ধকল সহ্য করার ক্ষমতা এখনো আছে, হাতদুটোও অক্ষত। তার পরও বিদায় বলে দিলেন, জীবনের রূঢ় সত্য উপলব্ধি করতে পেরেছেন বলেই। সেরা সময়টা যে পেছনে ফেলে এসেছেন। সময়ের কঙ্কাল হয়ে মাঠে পড়ে থাকতে চাননি, উঠতি কোনো প্রতিভার জন্য হতে চাননি প্রতিবন্ধকতা। তাই গত জুনেও যিনি বলেছিলেন ‘দলে ফেরার লড়াই চালিয়ে যাব, ৪০ বছর পর্যন্ত খেলার মতো সামর্থ্য আমার আছে’, সেই তিনিই বললেন, ‘বিদায় আন্তর্জাতিক ক্রিকেট।’সংবাদ সম্মেলনে সিএসএর প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলা কান্নাজড়িত কণ্ঠেই বললেন, ‘মাখায়া শুধু একটি নাম বা ব্যক্তি নয়। মাখায়া হলো শক্তি, সাহস, নিবেদন, গর্ব, স্বপ্ন আর আমাদের একতার প্রতীক।’ এনটিনি তখন চোখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে। হয়তো গ্রামের রাখাল বালক থেকে একটা সম্প্রদায়ের স্বপ্নদ্রষ্টা আর আদর্শ হয়ে ওঠা, একটা জাতির একতার প্রতীক হয়ে ওঠার সেই কঠিন কিন্তু রোমাঞ্চকর দিনগুলো চোখে ভাসছিল একের পর এক।ইস্টার্ন কেপের এমডিঙ্গি গ্রামের ছেলে। গ্রামের পাশে পশু চরানোর ফাঁকে রাখাল বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলে কেটে যেত দিন। এভাবেই একদিন চোখে পড়ে গেলেন সিএসএর আঞ্চলিক প্রতিভা অন্বেষণ কর্মকর্তা রেমন্ড বুইয়ের। বুই নিয়ে গেলেন গেম ডেভেলপমেন্ট কমিটির কাছে। সিএসএ তখন কালোদের ক্রিকেটমুখী করায় ব্যস্ত। দেশের ৮০ ভাগ মানুষ কৃষ্ণাঙ্গ, অথচ ক্রিকেটে তাদের প্রতিনিধিত্বই নেই! এনটিনির ট্রায়াল হলো। প্রকৃতি-প্রদত্ত প্রতিভা খুব একটা ছিল না, কিন্তু অদম্য জেদটা চোখে পড়ে সহজেই। এটাকে পুঁজি বানিয়েই ভবিষ্যতের জন্য বিনিয়োগ করল সিএসএ। এনটিনিকে বৃত্তি দিয়ে পাঠানো হলো পড়াশোনা ও ক্রিকেট—দুটোর জন্যই বিখ্যাত ডেল স্কুলে।ডেল স্কুল! এনটিনির ঘোর কাটে না। ১৮৬১ সালে প্রতিষ্ঠিত স্কুলটি ছিল শুধুই শ্বেতাঙ্গদের জন্য। স্রেফ উচ্চবিত্তদেরই সামর্থ্য ছিল এখানে পড়ার, মধ্যবিত্ত কল্পনাই করতে পারতেন না। এই স্কুলেই কিনা অজপাড়াগাঁয়ের প্রায় অশিক্ষিত এক ১৪ বছরের ছেলে! ইংরেজি মাধ্যমের স্কুল, কিন্তু একটা ইংরেজি শব্দও বের হতো না এনটিনির মুখ দিয়ে। তবে ঘোরের মাঝে হারিয়ে যাননি। দ্রুতই বুঝতে পেরেছিলেন, কেন তাঁর পেছনে এই বিনিয়োগ। ভালো জামা-কাপড়, ক্রিকেট সরঞ্জাম কিছুই ছিল না। সিএসএর গেম ডেভেলপমেন্ট কমিটি এসবও কিনে দেয়। সবাই স্কুলে আসত দামি গাড়িতে, এনটিনি স্কুটার বা ট্যাক্সিতে। কৃষ্ণাঙ্গ হয়ে শ্বেতাঙ্গ-প্রধান স্কুলে পড়ার জ্বালাও টের পেয়েছেন। তবে বুকের ভেতর চেপে থাকা ক্ষোভ আর ক্রোধকে রূপ দিয়েছেন চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায়, মন দিয়েছেন নিজেকে গড়ার কাজে। ওপরে ওঠার সিঁড়িটা পেয়ে যান তাই খুব দ্রুতই। স্কুল, বয়সভিত্তিক আর প্রাদেশিক দল হয়ে ১৯৯৮ সালে হয়ে যায় ওয়ানডে অভিষেক। ওই বছরই প্রথম কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকান হিসেবে হয়ে যায় টেস্ট অভিষেক।দলে ঢোকার সময়ই গুঞ্জন ছিল, যত না পারফরম্যান্সে, এনটিনির দলে আসায় তার চেয়ে বেশি ভূমিকা গায়ের রঙের। কিন্তু শুরুটা ভালো হলো না। বাদ পড়ে গেলেন। কিছুদিন পর জড়িয়ে গেলেন ধর্ষণের মতো কেলেঙ্কারিতে! অভিযোগ থেকে মুক্তি পেলেও লজ্জায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ভেবেছিলেন আর কখনো বুঝি ক্রিকেট খেলাই হবে না।কিন্তু তাঁর তো এভাবে হারিয়ে যাওয়া চলবে না। তিনি যে আশা-ভরসা-স্বপ্নের প্রতীক! দ্রুত নিজেকে গুছিয়ে নিলেন। ২০ মাস পর ২০০০ সালে দক্ষিণ আফ্রিকা দলে ফিরল অন্য এক এনটিনি।এবার আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গড়েছেন একের পর এক ইতিহাস: প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে লর্ডসে ১০ উইকেট, দেশের হয়ে টেস্ট ও ওয়ানডেতে সেরা বোলিংয়ের রেকর্ড, তৃতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে টেস্টে ৩০০ উইকেট। ২০০৫ ও ২০০৭ সালে হয়েছেন দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ, তাঁর আগে কোনো ক্রিকেটার পাননি এই সম্মান। তাঁর শততম টেস্টে উৎসবে মাতে পুরো দেশ। তবে সবচেয়ে বড় অর্জন নিঃসন্দেহে সফল স্বপ্নদ্রষ্টা হতে পারা। জাতীয় দলে ঢোকার সময় থেকেই সঙ্গী হলো কালো মানুষের প্রত্যাশার চাপ, যে চাপকে শক্তি বানিয়ে সফল হয়েছেন, কালোদের শিখিয়েছেন স্বপ্ন দেখতে। ফুটবল আর অ্যাথলেটিকসে বুঁদ কালোরা দল বেঁধে ক্রিকেটে ঝোঁকে ‘এনটিনি’ হওয়ার জন্য। মাজোলা কি আর এমনি বলেছেন, ‘আমি ওকে নেলসন ম্যান্ডেলার কাতারেই রাখি। ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার জন্য যেমন, ক্রিকেটের জন্য তেমনই মাখায়া।’এনটিনির একাডেমিঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন। তবে এনটিনির সব স্বপ্ন এখন ‘দ্য মাখায়া এনটিনি ক্রিকেট একাডেমি’কে ঘিরে। প্রতিভা আর ইচ্ছাশক্তিই হবে এই একাডেমিতে সুযোগ পাওয়ার মাপকাঠি। ক্রিকেট শেখানো হবে বিনা পয়সায়! ৭ থেকে ২৪ বছর বয়সী ছেলেরা বিভিন্ন শ্রেণীতে সুযোগ পাবে। গত সেপ্টেম্বর থেকে কাজ শুরু করে দিয়েছেন, পুরো প্রকল্পের একটা রূপরেখাও তৈরি করেছেন। শচীন টেন্ডুলকার, মুত্তিয়া মুরালিধরন, ব্রায়ান লারা, মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে কথা হয়েছে। মাঝেমধ্যে তাঁরা একাডেমিতে এসে শেখাবেন ছাত্রদের। একটা সমস্যা অবশ্য আছে, বাজেটে এখনো ১৫ মিলিয়ন র্যান্ড ঘাটতি। তবে এনটিনি যখন মনেপ্রাণে চাইছেন, এই সমস্যার সমাধানও হয়ে যাবে নিশ্চয়ই! আরিফুল ইসলাম