বিদায়ের পথ মসৃণ করতে বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতার প্রস্তাব দিয়েছেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। বার্তা সংস্থা রয়টার্স গতকাল সোমবার আরবি ভাষায় প্রকাশিত দুটি পত্রিকা এবং আল-জাজিরা টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে এ কথা জানিয়েছে। তবে সরকারিভাবে এ খবর নিশ্চিত করা যায়নি। আল-জাজিরার খবরে বলা হয়েছে, নির্দিষ্ট নিশ্চয়তাসহ গাদ্দাফি তাঁর পদত্যাগের পথ বের করতে পার্লামেন্টের সঙ্গে বসতে বিক্ষোভকারীদের প্রস্তাব দিয়েছেন। গাদ্দাফি পূর্বাঞ্চলে সরকারবিরোধীদের গঠিত অন্তর্বর্তী কাউন্সিলের কাছে ওই প্রস্তাব দেন। কাউন্সিলের সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, সমঝোতায় গাদ্দাফি তাঁর ব্যক্তিগত ও পরিবারের নিরাপত্তার ব্যাপারে নিশ্চয়তা চেয়েছেন। এ ছাড়া তাঁকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে না—এ নিশ্চয়তাও তিনি চেয়েছেন।আল-জাজিরার খবরে বলা হয়, কাউন্সিল গাদ্দাফির প্রস্তাবটিকে নাকচ করে দেয়। কারণ, কাউন্সিল মনে করছে, প্রস্তাবে সমর্থন দেওয়ার অর্থই হচ্ছে গাদ্দাফির সম্মানজনক বিদায়ের পথ সুগম হওয়া। পাশাপাশি এটা তাঁর অপরাধকে সমর্থনের নামান্তরও বটে। লন্ডনভিত্তিক দৈনিক আশার্ক আল-আওসাত ও সংযুক্ত আরব-আমিরাতের দৈনিক আল-বাইয়ান পত্রিকা নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে গতকাল জানায়, বিক্ষোভকারীদের সঙ্গে গাদ্দাফি একটি সমঝোতা চাইছেন। কাউন্সিলের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, তিনি শুনেছেন গাদ্দাফি পার্লামেন্টের প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করে আর্থিক নিশ্চয়তা নিয়ে দেশত্যাগ করতে চান। তবে কাউন্সিলের গণমাধ্যম কর্মকর্তা এসাম গেরিয়ানি রয়টার্সকে বলেন, ‘আমার জানা মতে, এ ধরনের কোনো প্রস্তাব কাউন্সিলের কাছে আসেনি।’ তবে ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী জাদাল্লাহ এজোয়াস আল-তালি গতকাল বিক্ষোভকারীদের প্রতি আলোচনায় বসার আহ্বান জানান। রাষ্ট্রীয় টেলিভিশন ইঙ্গিত দিয়েছে, এটা ক্ষমতাসীনদের আনুষ্ঠানিক প্রস্তাব।তবে কাউন্সিল জানিয়েছে, গাদ্দাফির পদত্যাগ প্রসঙ্গ ছাড়া আর কোনো বিষয়ে আলোচনা সুযোগ নেই। তালির আহ্বান সম্পর্কে কাউন্সিলের কর্মকর্তা আহমেদ জাবরেল রয়টার্সকে বলেন, ‘আমরা এটা স্পষ্ট করেছি, যেকোনো আলোচনা হতে হবে গাদ্দাফির পদত্যাগকে কেন্দ্র করে। এ ছাড়া অন্য কোনো সমঝোতা হতে পারে না।’ আশার্ক আল-আওসাত পত্রিকা বেনগাজিতে লিবিয়ান সূত্রের বরাত দিয়ে জানায়, গাদ্দাফি তাঁর নিজের ও পরিবারের আর্থিক নিরাপত্তাসহ পদত্যাগের প্রস্তাব দিয়ে একজন আলোচনাকারীকে বেনগাজিতে পাঠিয়েছেন। আর আল-বাইয়ান পত্রিকা গাদ্দাফির ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, লিবিয়ার বাইরে নিরাপদ আশ্রয় খুঁজছেন গাদ্দাফি। তিনি ইতিমধ্যে আফ্রিকা ও আরব রাষ্ট্রগুলোতে নিরাপদ জায়গা অনুসন্ধান শুরু করেছেন। গাদ্দাফি সম্মানজনক উপায়ে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে চান।