মাস ফুরাল। বই নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন অমর একুশের গ্রন্থমেলা শেষ হচ্ছে আজ। গতকাল বুধবার মেলায় ছিল বিদায়ের বিষণ্নতা। প্রকাশকেরা মেলার মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন। তা গ্রাহ্য হয়নি। তবে শেষ দুই দিন চার ঘণ্টা করে সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল। সে কারণে মেলার দ্বার খুলেছিল বেলা ১১টায়। আজ শেষ দিনেও সকাল থেকেই মেলা শুরু হবে।মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: অগ্নিকাণ্ডের ক্ষতিপূরণের বিষয় নিয়ে আলোচনা করতে গতকাল প্রকাশক ও একাডেমীর কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ ও সচিব সুরাইয়া বেগমের সঙ্গে সাক্ষাৎ করে। এই দলের অন্যতম সদস্য জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ জানান, মন্ত্রী তাঁদের বলেছেন অগ্নিকাণ্ডে প্রকাশকদের ক্ষতির বিষয়টি খুবই সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে। একাডেমী থেকে ক্ষতির প্রতিবেদন দেওয়া হলে খুব দ্রুত অর্থ মন্ত্রণালয় থেকে ক্ষতিপূরণের অর্থ বরাদ্দ করা হবে। মেলা শেষ হলে ক্ষতিপূরণের বিষয়টি গুরুত্বহীন হয়ে পড়বে—এমন নয় বলেই মন্ত্রী আশ্বাস দিয়েছেন।প্রতিকূল পরিবেশেও বিক্রি মন্দ নয়: প্রকাশকেরা বললেন, এবার শহরের পরিবেশ খুব সহায়ক ছিল না মেলার জন্য। তা সত্ত্বেও বিক্রি খুব খারাপ হয়েছে, তা নয়। তাম্রলিপির প্রকাশক এ কে এম তারিকুল ইসলাম বলেন, বিক্রি অন্যান্য বারের তুলনায় খানিকটা কম। তবে নিরাশ হওয়ার মতো নয়। রোদেলা প্রকাশনীর রিয়াজ খানও বললেন, ‘বিক্রি নিয়ে আশাহত হওয়ার কিছু নেই। আমরা গুণমান বিচার করে সৃজনশীল ও মননশীল বই প্রকাশ করি। সারা বছর এসব বই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়। এই মেলায় বইয়ের যে প্রচারটি হয়, সেটিই আমাদের সারা বছর বিক্রিতে সহায়ক হয়।’হুমায়ুন আজাদ স্মরণে: বিকেলে লেখক-পাঠক-প্রকাশক ফোরাম তথ্যকেন্দ্রের সামনে প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের ওপর হামলাকারীদের বিচারের দাবি করে সমাবেশ ও মানববন্ধন করে। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে ফেরার পথে তিনি মৌলবাদীদের হামলার শিকার হন। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। আগামী বছর থেকে ২৭ ফেব্রুয়ারি মেলায় হুমায়ুন আজাদ দিবস পালন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম তাঁর নামে নামকরণের দাবি জানানো হয়। সমাবেশে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানসহ অনেকে বক্তব্য দেন। পুরস্কার: তথ্যকেন্দ্রের সামনে গতকাল সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়। ক শাখায় পুরস্কার পেয়েছেন সিরাজুল ইসলাম চৌধুরী, মুহম্মদ নূরুল হুদা, বরেণ চক্রবর্তী ও আমীরুল ইসলাম। খ শাখায় পেয়েছেন মৃত্তিকা গুণ ও আশা নাজনীন।প্রজাপতি: প্রজাপতির বাহারি রঙে কে আর মুগ্ধ নয়। প্রজাপতি নিয়ে শিশু-ভোলানো ছড়া আর মন-ভোলানো গানও কম লেখা হয়নি। তবে বিজ্ঞানের দিক থেকেও প্রজাপতির গুরুত্ব অনেক। মোহনীয় রূপে প্রকৃতির আকর্ষণ বাড়ায় যে পতঙ্গ, সে-ই আবার বৈজ্ঞানিক গবেষণায় অবদান রাখছে বিপুল। সেসব নিয়েই রেজাউর রহমানের বই প্রজাপতি এসেছে প্রথমার স্টলে। এ বইতে সহজ ভাষায় গল্পের মতো করে প্রজাপতি সম্পর্কে বলা হয়েছে।নতুন বই: গতকাল মেলায় নতুন বই এসেছে ১১৪টি। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে, ঐতিহ্য থেকে কাইজার চৌধুরীর গল্প ছ’টা গল্পের ছটা। কথা থেকে সৈয়দ আবুল মকসুদের নির্বাচিত প্রবন্ধ, অন্যপ্রকাশ থেকে মাজহারুল ইসলামের হুমায়ূন আহমেদের সঙ্গে নয় রাত। অনিন্দ্য থেকে মোকারম হোসেনের প্রকৃতিবিষয়ক জীবনানন্দ দাশের রূপসী বাংলার পুষ্প বৃক্ষ, মাহবুব রেজার গল্প জল বলে ঘোলা হই। বাংলার বুকে প্রকাশন থেকে ইসমত আরা মমতাজের উপন্যাস ভ্রান্তি। জাগৃতি থেকে মনিজা রহমানের গল্প গুরু শিষ্য। রোদেলা থেকে আবুল আহসান চৌধুরীর অজ্ঞাত নজরুলের সন্ধানে, হরিপদ দত্তের প্রবন্ধ সমগ্র, ড. শহীদ ইকবালের বাংলাদেশের কবিতার ইতিহাস (১৯৪৭-২০০০)। শুদ্ধস্বর থেকে শওকত হোসেন মাসুমের কেলেঙ্কারির অর্থনীতি, চন্দ্রবতী থেকে আল মাহমুদের কবিতা আমি সীমাহীন যেনবা প্রাচীন বটবৃক্ষের মতো। সন্দেশ থেকে আহমাদ মাযহারের কিশোরদের উপযোগী ইলিয়াড ও ওডিসি। এশিয়া পাবলিকেশনস থেকে শরিফা খাতুনের দর্শনবিষয়ক অস্তিত্ববাদ ও শিক্ষা। সুবর্ণ থেকে মুহাম্মদ জাহাঙ্গীর সম্পাদিত বিষয়: গণমাধ্যম, নবযুগ থেকে হাকিম আরিফ ও সালমা নাসরীনের আমাদের অটিস্টিক শিশু ও তাদের ভাষা, পাঠসূত্র থেকে আশরাফুল মোসাদ্দেক অনূদিত বিদেশি নয় কবির কবিতা সংকলন নয় দরজা এবং রাশিদুল ইসলামের রক্তচক্ষুর অন্তরালে, আদর্শ থেকে আশরাফুল হকের ফেসবুকে রবীন্দ্রনাথ, রূপকথা থেকে মোস্তফা আহসান হাবীবের বৈজ্ঞানিক কল্পকাহিনি অ্যাক্টিভ ডিনায়াল সিস্টেম। মিজান থেকে মোহন রায়হানের কবিতা মেঘের শরীরে যাব।