বিদেশ ঘোরেন দীপু মনি
সমুদ্রসীমার সালিসি মামলা নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটনে যান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। যুক্তরাষ্ট্র থেকে ফুজিয়ানে যান চীনের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিতে। এরপর কাজাখস্তানে এশিয়ার দেশগুলোর আন্তসম্পর্ক সম্প্রসারণ (সিকা) বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকে। এটা শেষ করে জেনেভায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আয়োজনে সংলাপে অংশ নেন তিনি। এই সংলাপ শেষে জাতিসংঘের ৬৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাত্রা।এটা গত মাসের, অর্থাৎ সেপ্টেম্বরের হিসাব। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সব মিলিয়ে সেপ্টেম্বরের ১৯ দিন দেশের বাইরে কাটিয়েছেন। নিয়মিত বিরতিতে তাঁর এভাবে বিদেশে যাওয়াটা নতুন নয়। ২০০৯ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বছরে তিনি বিদেশ সফর করেন ৩৪ বার। পরের দুই বছর সে সংখ্যা যথাক্রমে ৩৭ ও ৪৪-এ গিয়ে দাঁড়ায়। আর চলতি বছরের প্রথম ১০ মাসে তিনি বিদেশে গেছেন ৩৪ বার। দায়িত্ব নেওয়ার পর গত ৪৬ মাসে দীপু মনি ১৪৯ বার বিদেশে গেছেন। দেশের বাইরে থেকেছেন ৪৫২ দিন। সফরসূচি থেকে এ তথ্য পাওয়া গেছে।দীপু মনির খসড়া সফরসূচি অনুযায়ী, নভেম্বরে চারটি সফরে দুই সপ্তাহ বিদেশে থাকার কথা রয়েছে।সরকারি নির্দেশনা অনুযায়ী, একজন মন্ত্রীর বিদেশ সফরের সময় নির্দিষ্ট হারে হাতখরচ, দৈনিক ভাতা, ট্রানজিট ভাতা, টার্মিনাল ভাতা, আপ্যায়ন ভাতা, প্রতিনিধিদলের দলনেতা হিসেবে আনুষঙ্গিক ভাতা, বিমানবন্দর কর ও বিমানভাড়া বরাদ্দ দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রীর ২০০৯ সালের বিদেশ সফরের খরচ-সংক্রান্ত কিছু কাগজ ঘেঁটে দেখা যায়, ১৩টি সফরের ১০টি পৃথক বরাদ্দপত্রে দীপু মনির জন্য মোট বরাদ্দ দেওয়া হয়েছে ৬৬ লাখ ৭৮ হাজার ৮৫ টাকা। এর মধ্যে বিমানভাড়া বাবদ দেওয়া হয়েছে ৪৮ লাখ ৮৩ হাজার ৯৯০ টাকা।দেশ-বিদেশের কূটনৈতিক সূত্রগুলো মনে করে, দীপু মনির সফরগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে সেমিনার কিংবা আলোচনা অনুষ্ঠানকেন্দ্রিক। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, দেশের স্বার্থ সুরক্ষা কিংবা কূটনৈতিক দর-কষাকষিতে এসব সফর ভূমিকা রেখেছে, এমনটা বলার সুযোগ নেই। রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয়ে পররাষ্ট্রমন্ত্রীর ঘন ঘন বিদেশ সফরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।তবে পররাষ্ট্রমন্ত্রী তা মনে করেন না। গতকাল শুক্রবার সকালে তাঁর দপ্তরে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি যে সফরগুলোতে গিয়েছি, তা দেশের প্রয়োজনেই। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সাফল্য, তা আমার সফরের যৌক্তিকতা প্রমাণ করে।’পররাষ্ট্রমন্ত্রীর সফর উপলক্ষে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিগুলো পর্যালোচনা করে দেখা গেছে, এ সফরগুলোর মধ্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়েছেন ৩৯ বার। দ্বিপক্ষীয় সফরে গেছেন ১৫ বার। অবশিষ্ট ৯৫টি সফর হচ্ছে বহুপক্ষীয়, অর্থাৎ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামের বৈঠকের আলোচনায় অংশ নেওয়ার জন্য।পররাষ্ট্রমন্ত্রী তাঁর ১৪৯ বারের বিদেশ সফরে এশিয়া, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং আফ্রিকা মহাদেশের ৬৩টি দেশে গেছেন। এর মধ্যে ১০ বার, অর্থাৎ সবচেয়ে বেশি সফর করেছেন যুক্তরাজ্য।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত বিএনপি-জামায়াত সরকারের পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান দীপু মনির তুলনায় বেশ কমই বিদেশে গেছেন। পাঁচ বছর দায়িত্ব পালনকালে তিনি বিদেশে গেছেন ৬০ বারের মতো। অবশ্য তখন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন রিয়াজ রহমান। ফলে কিছু সম্মেলন ও সভায় প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট বিভাগের মহাপরিচালক, রাষ্ট্রদূত এবং হাইকমিশনাররা প্রতিনিধিত্ব করেছেন।না গেলেই নয়! পররাষ্ট্রমন্ত্রীর ১৪৯ বার বিদেশ সফরের মধ্যে ৯৫টি সফরে গেছেন বহুপক্ষীয়, অর্থাৎ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামের বৈঠকে অংশ নিতে। সার্ক, জোটনিরপেক্ষ আন্দোলন ও কমনওয়েলথের মতো গুরুত্বপূর্ণ ফোরামে যোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু এর বাইরে নিয়মিতভাবে অন্য বৈঠকে যোগদান নিয়ে প্রশ্ন রয়েছে।বিগত আওয়ামী লীগ ও বিএনপি সরকারের আমলে দায়িত্ব পালন করেছেন, এমন দুজন সাবেক পররাষ্ট্রসচিব নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গত আড়াই বছরে এসব বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশ কী অর্জন করেছে, সেটি এক বিরাট প্রশ্ন। বিশেষ করে নিরস্ত্রীকরণ, সভ্যতার ক্রমবিবর্তন, মানবাধিকার, গণতন্ত্র ইত্যাদি নানা বিষয়ে আয়োজিত অনেক আলোচনায় যোগ দিতে তিনি বেশ কিছু সফরে গেছেন। অথচ এসব সফরে রাষ্ট্রদূত কিংবা জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাঠালেই চলত।ঢাকায় কর্মরত কূটনীতিকেরা জানিয়েছেন, গত বছরের নভেম্বরে জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের মাঝপথে তাঁর ভারতযাত্রার বিষয়টি অনেকেরই নজর এড়ায়নি। সামুদ্রিক সম্পদবিষয়ক মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে যোগ দিতে তিনি গত বছরের ১৪ নভেম্বর রাতে বেঙ্গালুরুর উদ্দেশে ঢাকা ছাড়েন। অথচ ওই সভায় স্বাগতিক ভারতের প্রতিনিধিত্ব করেছেন ভারতেরই পররাষ্ট্র প্রতিমন্ত্রী।প্রশ্নবিদ্ধ অর্জন! সাবেক ও বর্তমান কূটনীতিকদের মতে, নিয়মিত বিরতিতে পররাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফর চোখে লাগছে। কারণ, এ সফরগুলোর বেশির ভাগই বিষয়ভিত্তিক সভা কিংবা বহুপক্ষীয় সভা। এসব অনেক ফোরামের সিদ্ধান্তের গুরুত্ব নিয়ে সংশয় রয়েছে। আবার অনেক ফোরাম ততটা তাৎপর্যপূর্ণ নয় বাংলাদেশের জন্য। কাজেই এসব সফরে গিয়ে তিনি যেসব আলোচনায় অংশ নিয়েছেন, তাতে দেশের ভূমিকা কিংবা গুরুত্ব কতটা বেড়েছে, সেটি প্রশ্নবিদ্ধ। তা ছাড়া তিনি যেসব সফরে গেছেন, সেগুলোতে সব সময় মন্ত্রীকে যেতেই হবে, এমনটা নয়। মন্ত্রীর পরিবর্তে সহজেই এতে ওই দেশে কর্মরত রাষ্ট্রদূত কিংবা জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাঠানো যেত।নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম বছরে বিভিন্ন ফোরামে নিয়মিত অংশ নেওয়ার মাধ্যমে নিজেকে পরিচিত করা এবং অন্যদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা, এটাই মুখ্য উদ্দেশ্য। প্রথম বছরে ৩৪ বার বিদেশ সফরের এমন একটি ব্যাখ্যা দীপু মনি দিতে পারেন বলে কূটনীতিকেরা মনে করেন। কিন্তু এরপর ঘন ঘন বিদেশ যাওয়ার সংস্কৃতিকে নিয়মিত করে ফেলার যুক্তিটা কী! কারণ, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশ ও সংস্থার, বিশেষ করে পশ্চিমাদের দূরত্ব হয়েছে। আর এ মতপার্থক্য দূর করতে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী।জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দীন খান প্রথম আলোকে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী কেন, পৃথিবীর কোনো দেশের প্রধানমন্ত্রী এত ঘন ঘন বিদেশ সফর করেছেন বলে তো শুনিনি! আমাদের দেশে এমন কী সমস্যা তৈরি হলো কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রভাব সৃষ্টির এমন কোনো ক্ষমতা কি আমরা অর্জন করেছি, যে জন্য তাঁকে বারবার বিদেশে যেতে হবে। তা ছাড়া বিদেশ থেকে উল্লেখযোগ্য তেমন কোনো বিনিয়োগও তো আসেনি।ভারত ও পাকিস্তানের কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদেশে কোনো বৈঠকে অংশগ্রহণের ক্ষেত্রে নিজ দেশের স্বার্থ ও প্রভাবের বিষয়টি বিবেচনায় থাকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের। আর প্রতিমন্ত্রী থাকায় ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বিদেশ সফরে সমন্বয় থাকে। এ ছাড়া মন্ত্রী পর্যায়ের বৈঠকে গুরুত্ব বিবেচনা করে কখনো কখনো জ্যেষ্ঠ কূটনীতিকদের প্রতিনিধি হিসেবে পাঠায় ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।