বিদেশ থেকেও টাকা আসবে বিকাশে
মুঠোফোনের মাধ্যমে টাকা আদান-প্রদানের প্রতিষ্ঠান ‘বিকাশ’ গ্রাহকদের জন্য একটি নতুন সেবা সংযোজন করেছে। বিকাশের গ্রাহকেরা এখন প্রবাসীদের পাঠানো টাকা সরাসরি তাঁদের মুঠোফোনের বিকাশ অ্যাকাউন্টেই পাবেন বলে প্রতিষ্ঠানটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। নতুন চালু হওয়া এই সেবার কারণে এখন ঘরে বসেই রেমিট্যান্স গ্রহণ করতে পারবেন বিকাশের গ্রাহকেরা। বিজ্ঞপ্তিতে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে অবস্থিত ব্র্যাক ব্যাংক মনোনীত এক্সচেঞ্জ হাউসগুলো থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। ব্র্যাক ব্যাংক মনোনীত এক্সচেঞ্জ হাউসগুলো হলো—সংযুক্ত আরব আমিরাতের আল রোস্তামানি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ (এআরআইই), আল আহালিয়া মানি এক্সচেঞ্জ ব্যুরো ও ওরিয়েন্ট এক্সচেঞ্জ। শিগগিরই যুক্তরাজ্যের ব্র্যাক সাজান এক্সচেঞ্জও যুক্ত হতে যাচ্ছে এই সেবার আওতায় এবং অন্যান্য দেশে অবস্থিত প্রবাসী বাংলাদেশিরাও দ্রুত এই সেবা ভোগ করতে পারবেন। বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রেরককে শুধু টাকা পৌঁছানোর মাধ্যম হিসেবে বিকাশকে নির্ধারণ করতে হবে, বাংলাদেশে প্রাপক টাকা পেয়ে যাবেন তাঁর মুঠোফোনের বিকাশ অ্যাকাউন্টে। প্রাপক নির্ধারিত সার্ভিস চার্জের বিনিময়ে ক্যাশ-আউটসহ বিকাশ প্রদত্ত যেকোনো সেবা উপভোগ করতে পারবেন। ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠান বিকাশের মূল লক্ষ্য হলো অর্থনৈতিক অন্তর্ভুক্তির প্রসারের উদ্দেশ্যে মুঠোফোনের মাধ্যমে দ্রুত এবং সুবিধাজনক আর্থিক সেবা নিশ্চিত করা। বিকাশের সেবাগুলো বর্তমানে রবি, গ্রামীণফোন ও বাংলালিংক নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে।