বিদেশ-ফেরত শ্রমিকেরা প্রশিক্ষণ ও ঋণসুবিধা পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে ফিরে আসা শ্রমিকদের প্রশিক্ষণ ও ঋণসুবিধা দেবে। আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।জামায়াতে ইসলামীর এ এইচ এম হামিদুর রহমান আযাদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশ-ফেরত কর্মীদের মধ্যে যাঁরা প্রশিক্ষণ নিয়ে স্ব-কর্মসংস্থানে নিয়োজিত হতে চান, তাঁদের প্রশিক্ষণ প্রদান ও প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে ঋণসুবিধা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।মন্ত্রী আরও জানান, সাম্প্রতিক অস্থিরতার কারণে বিদেশ-ফেরত কর্মীদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন করবে বাংলাদেশ।হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী জানান, বর্তমানে লিবিয়ায় প্রায় ৬০ হাজার বাংলাদেশি কর্মী রয়েছে। এর মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত ২২ হাজার ৪৭ জনকে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে।এর আগে হামিদুর রহমান আযাদের প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন জানান, ২০০৯ সালে ৭২ হাজার ২১৭ জন ও ২০১০ সালে ৪৩ হাজার ৫০৩ জন কর্মী বিদেশ থেকে ফেরত এসেছেন।অপু উকিলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি অর্থবছরে গত ফেব্রুয়ারি পর্যন্ত দুই লাখ ৪৯ হাজার ৫৮৭ জন বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থান লাভ করেছেন।হাফিজউদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে কর্মসংস্থানমন্ত্রী জানান, মালয়েশিয়ায় বর্তমানে এক হাজার ১০১ এবং কুয়েতে ২২১ জন বাংলাদেশি শ্রমিক বিভিন্ন অপরাধের কারণে কারাগারে আছেন। সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস তাঁদের আইনি সহযোগিতা দিয়ে যাচ্ছে।বিরোধী দলের জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, এ কথা সত্য যে, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের স্থানীয় বাজারমূল্য গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেড়েছে। তবে খাদ্যদ্রব্যের আন্তর্জাতিক বাজারমূল্য গত বছরের একই সময়ের তুলনায় বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।