বিদেশ যেতে আগ্রহী নারী কর্মীদের নিবন্ধন শুরু ৭ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার সরকারি ব্যবস্থাপনায় বিদেশে কাজ করতে যেতে ইচ্ছুক নারীদের জন্য নিবন্ধন শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ৭ এপ্রিল থেকে দেশব্যাপী এ নিবন্ধন শুরু হবে। এর আওতায় নারীরা সিঙ্গাপুর, হংকং, ম্যাকাও, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গৃহকর্মী, সেবিকা ইত্যাদি পদে চাকরির সুযোগ পাবেন। গতকাল রোববার মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, কর্মপ্রার্থী নারীদের শুধু ইউনিয়ন ও নগর তথ্যসেবাকেন্দ্রে নাম নিবন্ধন করতে হবে।খন্দকার মোশাররফ বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় একইভাবে এবার মেয়েদের জন্য নাম নিবন্ধন শুরু হচ্ছে। নিবন্ধিত নারীদের তালিকা থেকেই লটারির পর প্রশিক্ষণ দিয়ে তাঁদের বিদেশে পাঠানো হবে। তিনি বলেন, হংকং, সিঙ্গাপুর, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ বাংলাদেশ থেকে গৃহকর্মী, সেবিকা ও কেয়ার গিভার (বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তিদের সেবাদানকারী) নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এ চাহিদা সামনে রেখেই নিবন্ধন শুরু হচ্ছে। সংবাদ সম্মেলনে বলা হয়, ৭ থেকে ১১ এপ্রিল পর্যন্ত রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে নিবন্ধন হবে। খুলনা ও চট্টগ্রাম বিভাগে ১২ থেকে ১৬ এপ্রিল এবং ঢাকা ও বরিশালে ১৭ থেকে ২১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন চলবে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিবন্ধন চলবে। প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, নিবন্ধনের মধ্যে কয়েকটি শ্রেণী থাকবে। যাঁরা হংকং, সিঙ্গাপুর বা ম্যাকাও যেতে চান, তাঁদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম এসএসসি পাস। তাঁদের সেখানকার ভাষা শিখতে হবে। নির্বাচিত প্রার্থীদের এ জন্য দুই মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের বেতন হবে মাসিক ৫০৫ মার্কিন ডলার। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গৃহকর্মী হিসেবে যাঁরা যেতে চান, তাঁদের ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে। তাঁদের বেতন হবে ন্যূনতম ২০০ ডলার। নারীদের বিদেশে যেতে খরচ কত পড়বে জানতে চাইলে মন্ত্রী বলেন, হংকংয়ের ক্ষেত্রে খুব বেশি টাকা লাগবে না। আর যে খরচই লাগুক, তা প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে দেওয়া হবে। কর্মীরা পরে সুবিধামতো এ টাকা শোধ করবেন। অন্য দেশগুলোতে যেতে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হবে। তিনি জানান, কর্মীদের সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার সবকিছু চূড়ান্ত। আগামী সপ্তাহ থেকেই দেশটিতে কর্মী যাওয়া শুরু হবে। এ ছাড়া সৌদি আরবের একটি প্রতিনিধিদল ৩০ মার্চ বাংলাদেশে আসবে।সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন্নাহার, অতিরিক্ত মহাপরিচালক সেলিম রেজা, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা কামাল ও মুহাম্মদ ইব্রাহিম এ সময় উপস্থিত ছিলেন।