বিদেশ যেতে আগ্রহী নারীদের নিবন্ধন শুরু ৭ এপ্রিল
সরকারি ব্যবস্থাপনায় বিদেশ যেতে আগ্রহী নারীদের জন্য সারা দেশে নিবন্ধন শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ৭ এপ্রিল দেশব্যাপী এ নিবন্ধন শুরু হবে। শুধু ইউনিয়ন ও নগর তথ্যসেবা কেন্দ্রে নিবন্ধন করা যাবে। আজ রোববার দুপুরে মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মন্ত্রী বলেন, সরকার সবার সহযোগিতায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সফলভাবে নিবন্ধন সম্পন্ন করেছিল। একইভাবে এবার নারীদের জন্য নাম নিবন্ধন শুরু হচ্ছে। নিবন্ধিত এই তালিকা থেকে প্রশিক্ষণ দিয়ে নারীদের বিদেশে পাঠানো হবে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, হংকং, সিঙ্গাপুর, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ বাংলাদেশ থেকে গৃহকর্মী, সেবিকা ও কেয়ার গিভার নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এসব চাহিদা সামনে রেখে নিবন্ধন শুরু হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৭ থেকে ১১ এপ্রিল পর্যন্ত রাজশাহী, রংপুর ও সিলেট—এই তিন বিভাগে নিবন্ধন হবে। খুলনা ও চট্টগ্রাম বিভাগে ১২ থেকে ১৬ এপ্রিল এবং ঢাকা ও বরিশালে ১৭ থেকে ২১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন চলবে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিবন্ধন চলবে। শুধু নির্ধারিত ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র ও নগর তথ্যসেবা কেন্দ্রে এই নিবন্ধন করা যাবে। প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, নিবন্ধনের মধ্যে কয়েকটি শ্রেণী থাকবে। হংকং, সিঙ্গাপুর বা ম্যাকাওয়ের মতো উন্নত দেশে যেতে আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম মাধ্যমিক (এসএসসি) পাস। তাঁদের সেখানকার ভাষা শিখতে হবে। এ জন্য দুই মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের বেতন হবে মাসিক ৫০৫ মার্কিন ডলার। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গৃহকর্মী হিসেবে যেতে আগ্রহীদের নূন্যতম অষ্টম শ্রেণী পাস হতে হবে। তাঁদের বেতন হবে ন্যূনতম ২০০ মার্কিন ডলার। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সবকিছু চূড়ান্ত। আগামী সপ্তাহ থেকেই সেখানে কর্মী যাওয়া শুরু হবে। এ ছাড়া, সৌদি আরবের একটি প্রতিনিধিদল ৩০ মার্চ বাংলাদেশ আসবে। সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন্নাহার, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।