বিদেশ যেতে নিবন্ধন লাগবে
নিবন্ধন ছাড়া কোনো ব্যক্তি চাকরির জন্য বিদেশ যেতে পারবেন না বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে বিদেশে কর্মসংস্থানে আগ্রহী কর্মীদের অনলাইনে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, হয়রানি ও মধ্যস্বত্বভোগীদের প্রতারণা রোধে নিবন্ধনের এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ইন্টারনেটের মাধ্যমে নিবন্ধনের (রেজিস্ট্রেশন) এ কাজ করবে।মন্ত্রী জনশক্তি রপ্তানিকারকদের উদ্দেশে বলেন, এখন থেকে বিদেশে লোক পাঠাতে হলে বিএমইটির নিবন্ধনভুক্তদের পাঠাতে হবে। এর ব্যতিক্রম করা যাবে না।জনশক্তি রপ্তানিতে কোনো ধরনের অনিয়ম সহ্য না করার কথা জানিয়ে মোশাররফ বলেন, ‘কিছু রিক্রুটিং এজেন্সির অনৈতিক কাজের জন্য আর দুর্নাম হতে দেওয়া যাবে না। মন্ত্রী হিসেবে আমাকে আদমমন্ত্রী বলে ডাকবে, তা কেন হবে?’নতুন প্রক্রিয়ার রেজিস্ট্রেশন বিষয়ে মন্ত্রী বলেন, বিদেশ যেতে কেউ যেন আর প্রতারিত না হন, তারই একটি পদক্ষেপ হিসেবে অনলাইন নিবন্ধন চালু করল সরকার। অভিবাসন খাতের সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, পোশাক শিল্পখাতে বাংলাদেশ যেমন বিশ্বের অন্যান্য দেশকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে, তেমনি আর অল্প কিছুদিনের মধ্যেই অভিবাসনের ক্ষেত্রেও বাংলাদেশ এগিয়ে যাবে।মন্ত্রী জানান, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির সর্বাধিক ৩০ শতাংশ অবদানের পরই দ্বিতীয় অবস্থানে আছে প্রবাসীদের কষ্টার্জিত উপার্জন। এর পরিমাণ প্রায় ১২ শতাংশ।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ চৌধুরী।এ ছাড়া প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান যুগ্ম সচিব বেগম শামছুন্নাহারসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অনলাইন রেজিস্ট্রেশনের প্রযুক্তিগত বিভিন্ন দিক বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি বিভাগের পরিচালক এস এম লুত্ফুল কবির।নিবন্ধন প্রক্রিয়াঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে বিদেশে কর্মসংস্থানে আগ্রহীরা কম্পিউটার অথবা মোবাইলে ইন্টারনেটের সাহায্যে বিএমইটির ওয়েবসাইটে (www.bmet.gov.bd) নাম নিবন্ধন করতে পারবেন।এ জন্য আগ্রহী ব্যক্তিকে নিবন্ধন ফি ৮৮ টাকা (ফি ৮০ টাকা ও সার্ভিস চার্জ আট টাকা) টেলিটক মোবাইলের মাধ্যমে পরিশোধ করতে হবে। পাশাপাশি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে নিবন্ধন পদ্ধতিও চালু থাকবে।নিবন্ধন করার সময় ইচ্ছুক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্টের তথ্য দিতে হবে।বিএমইটির মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী জানিয়েছেন, সার্ভার উন্নয়নের কাজ চলছে। আপাতত ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চালু থাকবে। উন্নয়নকাজ শেষ হলে ২৪ ঘণ্টা এ সেবা চালু রাখা হবে।