বিদেশ সফর নিয়ে প্রতিবেদনকে বানোয়াট বললেন দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বিদেশ সফর নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী তার বিদেশ সফর, জিএসপি, ড. ইউনূস ও তিস্তা চুক্তি নিয়ে কথা বলেন। দীপু মনি বলেন, ‘আমি এ পর্যন্ত ১১৪ বার বিদেশ সফর করেছি। এর মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে দুটি সফরসহ ৩৬টি ভিভিআইপি সফর। এর মধ্যে দ্বিপক্ষীয় সফর ৬২টি। অথচ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে আমি দ্বিপক্ষীয় সফর করেছি মাত্র ১৭ বার। এ ধরনের প্রতিবেদন প্রকাশ একান্তই পত্রিকার প্রতিবেদক বা সম্পাদকের গণিত-বিভ্রাট।’পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার প্রত্যেকটি সফর প্রধানমন্ত্রীর অনুমোদিত, তাঁর অনুমোদনের বাইরে কিছুই হয়নি। প্রতিটি সফরের প্রয়োজনীয়তাসহ সার্বিক দিক বিবেচনা করে তিনি এ অনুমোদন দেন।’দীপু মনি বলেন, ‘একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী তাঁর বিদেশ সফরের মাধ্যমেই বহির্বিশ্বের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলেন। আমাকে আমার কাজ করতে দিতে হবে। অন্য যেকোনো সরকারের তুলনায় বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সফলতা অনেক বেশি। এটি সম্ভব হয়েছে বিদেশ সফরের কারণে।’যুক্তরাষ্ট্রে পণ্যের অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) ফিরে পেতে ওবামা প্রশাসনের কর্মপরিকল্পনা সম্পর্কে দীপু মনি বলেন, ‘আমরা তাদের দেওয়া রোডম্যাপ স্বাগত জানাই। এ রোডম্যাপ দেওয়ার অর্থ সুস্পষ্ট যে, যুক্তরাষ্ট্রও দ্রুত এ স্থগিতাদেশ তুলে নিতে চায়। তাদের এ সদিচ্ছাকে স্বাগত জানাই। আমরা সবকিছু বিবেচনা করে দেখব। তারপর আমাদের যে দায়িত্ব, কর্তব্য তা পালন করব।’ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালুর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে শ্রমসচিবকে মন্তব্য করতে বলেন। এ প্রসঙ্গে শ্রমসচিব মিকাইল শিপার বলেন, ইপিজেডে ট্রেড ইউনিয়নের বিষয়টি ২০০৬ সালের শ্রম আইনে ছিল না। সংশোধিত শ্রম আইনেও বিষয়টি নেই। ইপিজেডের কর্মকাণ্ড একটি অধ্যাদেশের মাধ্যমে পরিচালিত হয়। আর এ অধ্যাদেশের মেয়াদ ২০১৩ সালে শেষ হচ্ছে। এ অধ্যাদেশের মেয়াদ শেষে হলে সেখানকার শ্রমিকেরা সংগঠিত হওয়ার ক্ষেত্রে আরও বেশি সুযোগ পাবেন। তবে ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালুর বিষয়ে সরকার এখনো নীতিগত কোনো সিদ্ধান্ত নেয়নি।বাংলাদেশের শ্রমমানের উন্নয়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উন্নততর কর্মসংস্থান কর্মসূচি (বেটার ওয়ার্কস প্রোগাম) কবে চালু হচ্ছে জানতে চাইলে শ্রমসচিব বলেন, শ্রম আইন সংশোধনের সময় আইএলওর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল। তাদের যেসব শর্ত ছিল সেগুলোর সঙ্গে সমন্বয় করে আইন সংশোধন করা হয়েছে। সংশোধিত আইনটি কীভাবে প্রয়োগ করা হবে, আইএলও সেটি দেখতে চায়। এরপর আইএলও কর্মসূচিটি চালু করবে। ‘সম্পর্কের নিয়ামক নয় জিএসপি’যুক্তরাষ্ট্রে জিএসপি স্থগিত হওয়ায় দেশের রাজনীতি কিংবা অন্য কারও প্রভাব আছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি দেশের সঙ্গে অনেক বিষয়ে আমরা একমত না-ও থাকতে পারি। এর অর্থ খারাপ সম্পর্ক নয়। ১৯৯২ সাল থেকে শ্রমমান বিষয়ে আলোচনা হয়ে আসছে। ২০০৭ সাল থেকে জিএসপি নিয়ে পর্যালোচনা শুরু হয়। এটি যখন ইতিবাচক পর্যায়ে আসছিল, তখনই রানা প্লাজা ধসের মতো দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনাই জিএসপি স্থগিতের ক্ষেত্রে সবচেয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পত্রিকায় বিরোধীদলীয় নেতার লেখাও এ সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।’এ ক্ষেত্রে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে দীপু মনি বলেন, ‘ড. ইউনূস আগে এসব বিষয়ে কথা বলতেন না। এখন বলছেন। আপনারা খুঁজে নিতে পারেন এর সঙ্গে তাঁর সম্পৃক্ততা আছে কি না।’তিস্তা চুক্তি না হওয়া ব্যর্থতা নয়তিস্তা চুক্তি ও সীমান্ত চুক্তির প্রটোকল বাস্তবায়ন না হওয়াটা ব্যর্থতা বলতে রাজি নন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বর্তমান সরকারের আগে বিএনপি-জামায়াত, জাতীয় পার্টির সরকার ক্ষমতায় ছিল। কিন্তু তারা তিস্তা বিষয়ে কোনো উদ্যোগ পর্যন্ত নেয়নি। অথচ আমরা এটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। চূড়ান্ত পর্যায়ে আনার পর এটি কেন ব্যর্থতা হবে!’ভারতের সঙ্গে তিস্তা চুক্তির বিষয়ে দীপু মনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত সব ধরনের প্রস্তুতি শেষ করে এটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভারত সরকারও এ বিষয়ে আন্তরিক। শুধু তাদের অভ্যন্তরীণ রাজনীতির কারণে এটি এখনো ঝুলে আছে।’