আন্তর্জাতিক নারী দিবস অভিবাসীদের ৯৮ শতাংশই স্বল্প দক্ষ
বিদেশগামী নারীদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণকেন্দ্র নেই
শেখ ফজিলতন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ-কেন্দ্রের একটি রুমে মাথা দুলিয়ে বিভিন্ন বয়সী মেয়েরা জোরে জোরে বলছেন, ‘পাসপোর্টের আরবি উচ্চারণ জাওয়াজ সফর, ভাড়া ১০ রিয়ালের মানে হচ্ছে আশরাহ রিয়াল, নাশতা মানে আল ফুতুর।’ মিরপুরের টেকনিক্যাল মোড়ে অবস্থিত কেন্দ্রটিতে আরবি বলার পাশাপাশি ইংরেজিও শিখছিলেন এই নারীরা। তবে শখে নয়, বাধ্য হয়েই তাঁরা পড়াশোনা করতে বসেছেন। কেননা, গৃহশ্রমিক হিসেবে বিদেশে যেতে হলে নারীদের প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করেছে সরকার। নারীশ্রমিকদের জন্য দেশে এমন সাতটি প্রশিক্ষণকেন্দ্র চালু আছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাব অনুযায়ী, গত ১৯ বছরে প্রায় দেড় লাখ নারী বিদেশে গেছেন। তবে তাঁদের ৯৮ শতাংশই স্বল্প দক্ষ। প্রায় ৯৫ শতাংশই যাচ্ছেন বাসাবাড়ির কাজে। অভিবাসী নারীরা বিদেশে গিয়ে ভাষা, বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারসহ নানান সমস্যায় পড়েন। অনেক মালিক বিভিন্ন অজুহাতে এই অদক্ষ নারীদের দেশেও পাঠিয়ে দেন। তাই বর্তমানে নারীশ্রমিকদের প্রশিক্ষণের বিষয়টিতে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুত্ব দিচ্ছে। বিএমইটির আওতায় শ্রমিকদের প্রশিক্ষণের জন্য দেশে মোট ৩৮টি প্রশিক্ষণকেন্দ্র থাকলেও মাত্র সাতটিতে শুধু নারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে বর্তমানে কেরানীগঞ্জ, সাভার ও ঢাকার দুটি কেন্দ্রে গৃহশ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যে হারে মেয়েরা বিদেশে যাচ্ছেন, সে হারে কেন্দ্রের সংখ্যা বাড়ানো উচিত। আছে নানান সমস্যা: ফজিলাতুন্নেছা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা জানালেন, আবাসিক সমস্যার অভাবে নারীদের নিরাপত্তার বিষয়টি সব সময় মাথায় রাখতে হয়। কেন্দ্রে সীমানা দেয়াল না থাকার ফলেও সমস্যা হচ্ছে। এ ছাড়া বেশির ভাগ নারীই এ কেন্দ্রে দালালের হাত ধরে এসেছেন। দালালেরা বিদেশে যাওয়া বাবদ টাকার সঙ্গে এই কেন্দ্রে আনা-নেওয়া, থাকা বাবদ আরও টাকা হাতিয়ে নিচ্ছেন নারীদের কাছ থেকে।একজন নারী জানালেন, কেন্দ্রের কাছেই থাকা-খাওয়া বাবদ দালালকে অগ্রিম দিতে হয়েছে ১০ হাজার টাকা। কিন্তু একটি রুমে ১৬ জনকে থাকতে হচ্ছে ঢালা বিছানা করে। কেন্দ্রে ভর্তি হতে সামান্য টাকা লাগলেও দালালেরা বিভিন্ন কায়দায় এ খাতেও টাকা হাতিয়ে নিচ্ছেন। কেন্দ্রের অধ্যক্ষ আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নারীরা যখন ভর্তি হতে আসেন, তখনই মাইকে ভর্তির সব নিয়মকানুন ঘোষণা করা হয়। ভর্তির পরও সব নিয়মকানুন জানানো হয়। কিন্তু নারীরা সেই দালালকেই বিশ্বাস করেন।প্রশিক্ষকদেরও নানান সীমাবদ্ধতা: কেন্দ্রের হাউসকিপিং ইনচার্জ সাদেকা সুলতানা বলেন, ‘নারীদের প্লেনে ওঠার নিয়মকানুন শিখাচ্ছি। কিন্তু আসলেই কীভাবে উঠতে হয়, তা নিজেই জানি না। কেননা, কখনো বিদেশে যাওয়ার সুযোগই হয়নি। এ ছাড়া বিদেশের আবহাওয়া, সংস্কৃতি, খাদ্যাভ্যাস শেখাচ্ছি কিন্তু সেই দেশটি দেখতে কেমন, তাই তো জানি না।’প্রশিক্ষকদের মতে, প্রশিক্ষকদের বিদেশভ্রমণের সুযোগ দেওয়া প্রয়োজন। এ ছাড়া প্রশিক্ষণের সময় বাড়ানো, একই সঙ্গে খাবার থেকে শুরু করে বিভিন্ন বিষয় বিদেশের আদলে তৈরি করে প্রশিক্ষণ দিলে তা আরও কার্যকরী হবে।কিছু সুপারিশ: বাকি তিনটি কেন্দ্রেরও একই চিত্র বলে জানা গেছে। ফরিদপুরের কেন্দ্রটিতে আবাসিক ব্যবস্থা থাকলেও চালু করা যায়নি। কেরানীগঞ্জে নারীরা কম যায়। বাংলাদেশি অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশনের (বমসা) প্রকল্প পরিচালক সুমাইয়া ইসলাম বলেন, নারীদের বিদেশে যাওয়ার আগে যথাযথ প্রশিক্ষণ থাকা খুবই জরুরি। সাতটি প্রশিক্ষণকেন্দ্র কোনোভাবেই পর্যাপ্ত হতে পারে না। তিনি তৃণমূলে নারীশ্রমিকদের হাতের কাছে এ ধরনের প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার সুপারিশ করেন।জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সভাপতি গোলাম মোস্তফা বলেন, অন্য কোনোভাবে খরচ না করে আয়ের বেশির ভাগ অংশই অভিবাসী নারীরা দেশে পাঠান। তাই নারী অভিবাসী শ্রমিকদের অবহেলা করার সুযোগ নেই। তাঁদের দক্ষ করে বিদেশে পাঠানোর জন্য প্রশিক্ষণের দিকে অবশ্যই নজর বাড়াতে হবে।গৃহশ্রমিক ছাড়া বিদেশে নার্সদের ব্যাপক চাহিদা থাকার পরও বর্তমানে ১ শতাংশেরও কম নার্স বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন। ৩ থেকে ৪ শতাংশ যাচ্ছেন পোশাকশ্রমিক হিসেবে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ফিলিপাইন, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ মেয়েদের ছয় মাসের প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাচ্ছে। সে জায়গায় বাংলাদেশে মাত্র ২১ দিন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মাঝেমধ্যে রিক্রুটিং এজেন্সির চাপে প্রশিক্ষণের মেয়াদ এক সপ্তাহেও নামিয়ে আনা হচ্ছে। ফলে তাঁরা অনেক কিছুই জানার সুযোগ পাচ্ছেন না, যা শিখছেন তাও মনে রাখতে পারছেন না।আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) জাতীয় প্রোগ্রাম অফিসার ও জেন্ডারবিষয়ক ফোকাল পয়েন্ট সামিহা হুদা প্রথম আলোকে বলেন, কাগজপত্র ঠিকঠাক করার পর্যায়ে নারীরা দালাল বা যে কারও সাহায্যে ঢাকায় চলে আসছে। ফলে ঢাকার প্রশিক্ষণকেন্দ্রের ওপর চাপ পড়ছে। ঢাকার বাইরের কেন্দ্রগুলো অনেকটা ফাঁকা পড়ে থাকছে। বর্তমানে শুধু ফরিদপুর প্রশিক্ষণকেন্দ্রে আবাসিক ব্যবস্থা করা হয়েছে। তবে তা এখনো চালু হয়নি। আইওএম এসব ক্ষেত্রে উপকরণসহ অন্যান্য সুবিধা দেওয়ার চেষ্টা করছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে গেলে নারীরা অনেক বিষয়ে সচেতন হতে পারেন। এ কারণেই সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। তবে প্রশিক্ষণকেন্দ্রগুলো আবাসিক করা জরুরি। এ ছাড়া বিদেশে কাজ করে এসেছেন—এ ধরনের নারীদের প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ পাবেন নারীশ্রমিকেরা।