বিদেশি অনুদান নেওয়ার কথা স্বীকার করলেন জাপানের প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান রাজনৈতিক প্রচার তহবিলে অবৈধভাবে বিদেশি অনুদান নেওয়ার কথা স্বীকার করছেন। তবে এ কারণে তিনি পদত্যাগ করবেন না বলেও জানিয়েছেন। আজ শুক্রবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে।নাওতো কান জাপানের সংসদীয় কমিটিকে বলেছেন, অনুদানদাতার নাগরিকত্বের ব্যাপারে তিনি তখন সচেতন ছিলেন না। অনুদানদাতা ছিলেন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং তিনি জাপানে বাস করছিলেন। কান তাঁর মন্ত্রিসভার সদস্যদের বলেছেন, এ কারণে তিনি পদত্যাগ করবেন না। জাপানের আইনে রাজনৈতিক কাজে বিদেশিদের কাছ থেকে অনুদান নেওয়া নিষিদ্ধ। বিদেশিদের দ্বারা প্রভাবিত হওয়া প্রতিরোধ করতেই এ বিধিনিষেধ করা হয়েছে। দেশটির প্রভাবশালী দৈনিক আশাহি শিম্বুন এক প্রতিবেদনে বলেছে, কানের রাজনৈতিক তহবিল গঠনকারী গোষ্ঠী ২০০৬ ও ২০০৯ সালে জাপানে বসবাসকারী ওই কোরীয় নাগরিকের কাছ থেকে প্রায় ১২ হাজার ডলার অনুদান নেয়। এ ঘটনার জেরে পররাষ্ট্রমন্ত্রী সেইজি মাহারা গত সোমবার পদত্যাগ করেন।