বিদেশি বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা-প্রতিষ্ঠান, তাদের শাখা ক্যাম্পাস ও কেন্দ্রগুলোর নিবন্ধন করে বাংলাদেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে। প্রস্তাবিত বিধিমালার খসড়ায় এ কথা বলা হয়েছে। নিবন্ধনের জন্য তিন থেকে পাঁচ লাখ টাকা জমা দেওয়া এবং সামঞ্জস্যপূর্ণ ফিসহ বিভিন্ন ধরনের শর্ত পূরণ করতে হবে। এ বিষয়ে বিধিমালার খসড়া প্রণয়ন করে পরবর্তী কার্যক্রম শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। নিবন্ধিত প্রতিষ্ঠান শর্ত ভঙ্গ করলে অনূর্ধ্ব পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে বিধির খসড়ায়।এ বিষয়ে জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘খসড়াটি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’বর্তমানে দেশে বিভিন্ন নামে বিদেশি বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, এসব প্রতিষ্ঠান তাদের কাছ থেকে কোনো অনুমোদন নেয়নি। এদের সিংহভাগই অবৈধ। যারা বৈধ বলে দাবি করে, তারাও মূলত বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কিছু সংস্থা বা প্রতিষ্ঠানের অনুমোদন নিয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। এরা চটকদার বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের আকৃষ্ট করে। ভর্তি হয়ে শিক্ষার্থীরা প্রায়ই নানা ধরনের হয়রানি বা প্রতারণার শিকার হন।বিদেশি প্রতিষ্ঠানগুলোর নামে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ইতিমধ্যে কয়েকটি অভিযোগ এসেছে। কিছুদিন আগে পার্ল ফ্যাশন ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে অভিযোগ দিয়েছেন সেখানকার শিক্ষার্থীরা। অর্থ ফেরত ও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরের জন্য তাঁরা আন্দোলনও করেন। এ নিয়ে সৃষ্ট ঘটনার জেরে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত করা হয়।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কয়েক বছর আগে বাংলাদেশে সক্রিয় ৫৬টি বিদেশি উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানকে অবৈধ ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু তাতেও বন্ধ করা যায়নি এ ধরনের প্রতিষ্ঠানের অননুমোদিত কার্যক্রম। পাশাপাশি নতুন বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয় এ দেশে তাদের শাখা খোলার জন্য আবেদন করছে। এর মধ্যে রয়েছে নামী প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানও। সম্প্রতি আল মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে ইরানের একটি উচ্চশিক্ষা-প্রতিষ্ঠান ঢাকায় শাখা ক্যাম্পাস খোলার জন্য সরকারের কাছে আবেদন করে। কিন্তু আইনি বাধ্যবাধকতায় শাখা খোলার অনুমোদন দেওয়া সম্ভব হয়নি।বিদ্যমান অবস্থার প্রেক্ষাপটে সরকার বৈধভাবে বিদেশি উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়। এই সরকারের করা নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে এ জন্য বিধিমালা করার কথা বলা হয়েছে। এরই আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ইউজিসি সম্প্রতি ‘বিদেশি উচ্চশিক্ষা-প্রতিষ্ঠান কর্তৃক বাংলাদেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা-সংক্রান্ত বিধিমালা, ২০১১’ নামে একটি বিধিমালার খসড়া মন্ত্রণালয়ে জমা দিয়েছে।শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সূত্রমতে, খসড়া বিধিমালা অনুযায়ী স্বয়ংসম্পূর্ণ বিদেশি বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা-প্রতিষ্ঠান, বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস ও টিউশন প্রভাইডিং/ স্টাডি/ টিচিং/ কোচিং সেন্টার (কেন্দ্র) পরিচালনা করা যাবে। কিন্তু এসব প্রতিষ্ঠানকে সরকার তথা ইউজিসিতে আবেদনের মাধ্যমে নিবন্ধিত হতে হবে। ইউজিসির মনোনীত প্রতিনিধিরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোসহ অন্যান্য সুযোগ-সুবিধা সরেজমিনে দেখে কমিশনের কাছে প্রতিবেদন দেবেন।এরপর বিধিমালা অনুযায়ী নির্ধারিত শর্তগুলো পূরণ সাপেক্ষে আবেদনকারী প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য সাময়িক নিবন্ধন দেওয়া হবে।যেসব শর্ত পূরণ করতে হবে: খসড়া অনুযায়ী নিবন্ধনের জন্য বিবেচিত হলে স্বয়ংসম্পূর্ণ বিদেশি বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা-প্রতিষ্ঠান ও শাখা ক্যাম্পাসের জন্য অফেরতযোগ্য পাঁচ লাখ টাকা এবং কেন্দ্রের জন্য তিন লাখ টাকা দিতে হবে। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মতো এদেরও সংরক্ষিত তহবিল থাকতে হবে। এর মধ্যে উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানের জন্য পাঁচ কোটি, শাখা ক্যাম্পাসের জন্য দুই কোটি ও কেন্দ্রের জন্য ৫০ লাখ টাকা তহবিলে রাখতে হবে।উচ্চশিক্ষা-প্রতিষ্ঠান বা শাখা শুরুর জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা-৬ প্রযোজ্য হবে। আর কেন্দ্রের জন্য (একটি প্রোগ্রাম বা একটি প্রোগ্রামের অংশবিশেষ পরিচালনার জন্য) ন্যূনতম তিন হাজার বর্গফুটের ফ্লোর স্পেস থাকতে হবে। আগ্রহী বিদেশি বিশ্ববিদ্যালয়কে নিজ দেশে আইনগতভাবে অনুমোদিত হতে হবে। এ-সংক্রান্ত প্রয়োজনীয় প্রমাণপত্র সংশ্লিষ্ট দেশের দূতাবাসে সত্যায়িত করে দূতাবাসের সুপারিশসহ আবেদন করতে হবে। প্রারম্ভিক পর্যায়ে পাঠ্যপুস্তকসহ কমপক্ষে এক হাজার বই-সংবলিত পাঠাগার থাকতে হবে। পাঠ্যতালিকায় কম্পিউটার বিজ্ঞান বা প্রকৌশল বিষয় থাকলে প্রতি তিনজন শিক্ষার্থীর জন্য কমপক্ষে একটি কম্পিউটার, প্রাসঙ্গিক যন্ত্রপাতিসহ ল্যাবরেটরি স্থাপন করতে হবে। থাকতে হবে ইন্টারনেটের সুবিধা।খসড়ায় আরও বলা হয়েছে, দেশের আর্থসামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি শিক্ষার্থী ফি কাঠামো প্রস্তুত করে ইউজিসির অনুমোদন নিতে হবে। আর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশে কেবল একটিই কেন্দ্র স্থাপন করতে পারবে।উচ্চশিক্ষা-প্রতিষ্ঠান ও শাখা ক্যাম্পাসকে প্রযোজ্য ক্ষেত্রে জয়েন্ট স্টক কোম্পানি দপ্তর, বোর্ড অব ইনভেস্টমেন্ট, সমাজকল্যাণ অধিদপ্তর ও সিটি করপোরেশন থেকে অনুমোদন নিতে হবে। প্রতিটি প্রতিষ্ঠান ও কেন্দ্রের জন্য অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে। এসব প্রতিষ্ঠানকে দেশের প্রচলিত নিয়মানুযায়ী আয়কর ও ভ্যাট পরিশোধ করতে হবে।খসড়া অনুযায়ী অনুমোদিত প্রতিষ্ঠানগুলো ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির জন্য কোনো শিক্ষামেলা, সেমিনার ও কর্মশালার আয়োজন বা পত্রিকায় কোনো ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না।জানতে চাইলে ইউজিসির সদস্য ও বিধিমালা প্রণয়ন কমিটির আহ্বায়ক আতফুল হাই শিবলী প্রথম আলোকে বলেন, ‘আমরা খসড়া করে মন্ত্রণালয়ে জমা দিয়েছি। এই বিধিমালা হলে বর্তমানে প্রচলিত এ-জাতীয় প্রতিষ্ঠানসহ নতুন প্রতিষ্ঠানগুলোকে ইউজিসিতে নিবন্ধিত হতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যারা নিবন্ধিত হবে না, তাদের নাম আমরা জানিয়ে দেব।’শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘এখন আমরা খসড়াটি নিয়ে বসে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’