বিদেশি কূটনীতিকদের তদন্ত প্রতিবেদন দিল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় বিএনপির তদন্ত দলের প্রতিবেদন এবং কিছু ভিডিওচিত্রের একটি করে ক্যাসেট ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের দিয়েছে বিএনপি।আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন রামুর ঘটনায় বিএনপির গঠিত তদন্ত কমিটির সদস্যরা। সেখানে কূটনীতিকদের হাতে তদন্ত প্রতিবেদনটি দেওয়া হয়। এ সময় রামুর বিধ্বস্ত এলাকা ও ক্ষতিগ্রস্ত লোকজনের অবস্থা নিয়ে একটি পাওয়ার পয়েন্টও উপস্থাপন করা হয়।প্রায় এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সাংবাদিকদের জানান, রামুর ঘটনায় বিএনপির তদন্ত প্রতিবেদন এবং ভিডিওচিত্রসহ একটি করে ক্যাসেট কূটনীতিকদের দেওয়া হয়েছে। বিদেশিদের কাছে এভাবে তদন্ত প্রতিবেদন দেওয়া দেশের ভাবমূর্তির জন্য কতটুকু ইতিবাচক—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপি দায়িত্ববোধ থেকে এ কাজ করেছে, যাতে করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কর্মকর্তারা এর একটা সঠিক চিত্র পান।’ তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে এসব দেশের সম্পর্ক দীর্ঘদিনের। এই তদন্ত প্রতিবেদন দেওয়ায় ওই সব দেশের সঙ্গে সুসম্পর্ক এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে তিনি মনে করেন। মওদুদ আহমদ বলেন, ‘আমরা সঠিক চিত্র তাঁদের কাছে উপস্থাপন করেছি। বাংলাদেশ যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তা নিয়ে যেন কোনো ভুল ধারণার সৃষ্টি না হয়।’বিদেশি কূটনীতিকেরা এটা কীভাবে নিয়েছেন, জানতে চাইলে মওদুদ বলেন, তাঁরা এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে দীর্ঘ সময় ধরে হামলা চললেও সরকারের তরফ থেকে দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা কিছুটা অবাক হয়েছেন এবং এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।মওদুুদ আহমদ রামুতে হামলার ঘটনার জন্য আবারও সরকারকে দায়ী করে ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং ক্ষতিগ্রস্ত লোকজনকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।বৈঠকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনসহ কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, নরওয়ে, তুরস্কের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, নেদারল্যান্ড, ইন্দোনেশিয়া, স্পেন, জাপান, মরক্কো ও সুইজারল্যান্ডের ঢাকা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক খন্দকার গোলাম আকবর, কার্যনির্বাহী কমিটির সদস্য গৌতম চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া উপস্থিত ছিলেন।গত ২৯ সেপ্টেম্বর রামুতে বৌদ্ধপল্লিতে হামলার ঘটনার পর মওদুদ আহমদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে বিএনপি। ওই ঘটনার জন্য সরকারকে দায়ী করে কমিটি তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে।