বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির (আইওসি) সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি), ২০১২ সংশোধন করা হবে। সরকারের অনুমোদনের জন্য পেট্রোবাংলা এই সংশোধনী প্রস্তাব তৈরি করছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পার্শ্ববর্তী দেশগুলো, বিশেষ করে মিয়ানমার ও ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে পিএসসিতে গ্যাসের দাম ও আইওসিগুলোর কর-সুবিধা বাড়াতে ওই সংশোধন করা হবে। আইওসিগুলোকে অনুসন্ধানে অংশ নিতে আকৃষ্ট করাই এ উদ্যোগের লক্ষ্য।সূত্রগুলো জানায়, বর্তমান পিএসসিতে আইওসিগুলোর কাছ থেকে কেনার জন্য প্রতি ইউনিট (এক হাজার ঘনফুট) গ্যাসের দাম ধরা আছে পাঁচ মার্কিন ডলার। সংশোধন করে এই দাম সাত-আট ডলার করা হতে পারে। বর্তমান পিএসসিতে ধার্য করা ৩৭ শতাংশ করপোরেট কর আইওসিগুলোকেই পরিশোধ করার বিধান রাখা হয়েছে। সংশোধন করে এ ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন করা হতে পারে। এ ছাড়া আইওসিগুলোকে তাদের অংশের গ্যাসের একাংশ সরাসরি দেশের মধ্যে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করারও সুযোগ দেওয়া হতে পারে।জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, বর্তমান পিএসসি আইওসিগুলোকে কাজে আগ্রহী করার অনুকূল নয়। এই পিএসসিতে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় গ্যাসের দাম, কর-সুবিধা প্রভৃতি অনেক কম। এ বিষয়গুলো পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের স্বার্থে অপরিহার্য হয়ে পড়েছে।দেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে পেট্রোবাংলা গত ১৭ ডিসেম্বর ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০১২’ নামে ১২টি ব্লকে পিএসসি করার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। এর মধ্যে নয়টি অগভীর ও তিনটি গভীর সমুদ্রের ব্লক।এই দরপত্রে অংশ নিতে আগ্রহী আইওসিগুলো গত ৭ ফেব্রুয়ারি পেট্রোবাংলার সঙ্গে অনুষ্ঠিত এক প্রাক্-দরপত্র সভায় গভীর সমুদ্রে কাজ করার ক্ষেত্রে তাদের সুযোগ-সুবিধার সীমাবদ্ধতার কথা জানায়। গত ২৮ ফেব্রুয়ারি জ্বালানি মন্ত্রণালয় ও পেট্রোবাংলার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোবাংলা পিএসসির সংশোধনী প্রস্তাব তৈরি করেছে। প্রস্তাবটি জ্বালানি মন্ত্রণালয়ের অনুমোদনের পর যাবে আইন মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য। তারপর সেটি মন্ত্রিসভায় অনুমোদন করাতে হবে।এই প্রক্রিয়ায় যে বাড়তি সময় লাগবে সে জন্য দরপত্র দাখিলের সময় ১৮ মার্চ থেকে বাড়িয়ে ২ এপ্রিল করা হয়েছে। আগামী জুনের মধ্যে পিএসসি সই এবং ডিসেম্বরে অনুসন্ধান শুরু করানোর পরিকল্পনা সরকারের রয়েছে।বর্তমান দরপত্রে অংশ নেওয়ার জন্য এখন পর্যন্ত ১৭টি আইওসি কাগজপত্র সংগ্রহ করেছে। কোম্পানিগুলো হচ্ছে যুক্তরাষ্টের শেল, কনোকোফিলিপস, শেভরন, এক্সন মবিল এবং আইপিআর আনাদারকো পেট্রোলিয়াম; অস্ট্রেলিয়ার স্যান্তোস ও কারনারভন; সিঙ্গাপুরের কৃশ এনার্জি ও প্রিমিয়ার; চীনের ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশন (সিনক) ও সিএনপিসি; ভারতের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন (ওএনজিসি), বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি, নরওয়ের স্প্যাটওয়েল, ইতালির ইএনআই অয়েল অ্যান্ড গ্যাস, ফ্রান্সের টোটাল ও কেয়ার্ন ইন্ডিয়া। এর মধ্যে শেভরন স্থলভাগের ১২, ১৩ ও ১৪ নম্বর ব্লকে; স্যান্তোস অগভীর সমুদ্রের ১৬ নম্বরে এবং কনোকোফিলিপস গভীর সমুদ্রের ১০ ও ১১ নম্বর ব্লকে পিএসসির অধীনে কাজ করছে।সমুদ্রবক্ষের ১৬ নম্বর ব্লকের (সাঙ্গু) পিএসসিতে প্রতি ইউনিট গ্যাসের দাম ২ দশমিক ৯০ ডলার। তবে বর্তমানে ওই ব্লকের পরিচালক কোম্পানি স্যান্তোস তৃতীয় পক্ষের কাছে প্রতি ইউনিট বিক্রি করছে সাড়ে চার ডলার দরে।সমুদ্রবক্ষের ক্ষেত্রগুলো বেঙ্গল বেসিনের অন্তর্ভুক্ত। তবে বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ব প্রান্তের যে ১২টি ব্লকে পিএসসির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে, তার অনতিদূরে মিয়ানমারের সমুদ্রসীমায় গ্যাসের বড় মজুত আবিষ্কৃত হয়েছে। সেই বিবেচনায় বাংলাদেশের ক্ষেত্রগুলোর সম্ভাবনা নতুন করে খতিয়ে দেখার প্রয়োজন আছে বলে আইওসিগুলো মনে করে।