বিদেশি গণমাধ্যমে মুক্তিযুদ্ধ
একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন পৃথিবীর নানা প্রান্তের রাজনীতিবিদ-লেখক-শিল্পী-বুদ্ধিজীবী ও মানবাধিকারকর্মীরা। মুক্তিযুদ্ধের ৪০ বছরের প্রাক্কালে আমরা তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বিশ্বগণমাধ্যমে প্রকাশিত তাঁদের লেখা, চিঠি ও সাক্ষাত্কার এবং লেখক-শিল্পীদের রচনা, ছবি ও আলোকচিত্র নিয়ে স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজন। অনুবাদ ও গ্রন্থনা: এম এ মোমেনবাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যতম সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে বিদেশি সংবাদপত্র। নভেম্বর, ১৯৭০-এর মাঝামাঝি সময়ে স্মরণকালের ভয়াবহতম সাইক্লোন ও জলোচ্ছ্বাস বহুসংখ্যক বিদেশি সাংবাদিককে বাংলাদেশে টেনে আনে। জলোচ্ছ্বাসে নিহত মানুষের প্রিয়জনদের ক্রন্দন না থামতে এবং দক্ষিণাঞ্চলের লোনাজল না নামতেই জাতির ইতিহাসে শ্রেষ্ঠতম নির্বাচনে স্বায়ত্তশাসনের পক্ষে নিরঙ্কুশ রায় ঘোষিত হয়। বিদেশি সংবাদমাধ্যমগুলোর মতে, পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তান সেনাবাহিনী ও পশ্চিম পাকিস্তানের ব্যবসায়ীদের সম্মিলিত ষড়যন্ত্রে ক্ষমতা হস্তান্তর নিয়ে তালবাহানা শুরু হয়। মার্চের শুরুতেই পৃথিবীর গুরুত্বপূর্ণ সংবাদপত্রগুলোর চৌকস সংবাদদাতারা বাংলাদেশে চলে আসেন। ২৫ মার্চ যখন পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি নিধনযজ্ঞ শুরু করে, কার্যত তখনই বিদেশি সাংবাদিকদের হোটেলবন্দী করে ফেলা হয়। এর মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে কেউ কেউ মৃত্যু ও নির্মমতায় আচ্ছন্ন ঢাকা শহর ঘুরে বেড়ান, সহিংসতার সাক্ষ্য গ্রহণ করেন।২৭ মার্চ ৩৫ জন বিদেশি সাংবাদিককে সামরিক কর্তৃপক্ষের নির্দেশে ‘পূর্ব পাকিস্তান’ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত সাংবাদিকদের কেউ কেউ আবারও পাকিস্তানি সেনাবাহিনীর দখলাধীন পূর্বাংশের সংবাদ সংগ্রহের ঝুঁকি গ্রহণ করেন।পাকিস্তানের সংবাদপত্র-গুলোতে শুরুতে পূর্ব পাকিস্তানের ন্যায্য দাবি আদায়, সংখ্যাগরিষ্ট দল ‘আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর’, ‘শেখ মুজিবকে ইয়াহিয়া কর্তৃক পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী সম্বোধন’ এবং ‘ভুট্টোর অগণতান্ত্রিক দাবি’ নিয়ে অনেক সংবাদ ও সম্পাদকীয় থাকলেও সেন্সর আরোপিত হওয়ার কারণে এবং পিপিপির দলীয় স্বার্থে সংবাদের ধরন বদলে যেতে থাকে। ভারতীয় সব পত্রপত্রিকায় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করে বিস্তর সংবাদ, বিশ্লেষণধর্মী রচনা, সম্পাদকীয় ইত্যাদি প্রকাশিত হয়। ইতিমধ্যে বহু পাঠক এর সঙ্গে পরিচিত হয়ে উঠেছেন। এবারের স্বাধীনতা সংখ্যায় পৃথিবীর অন্যান্য দেশের পত্রপত্রিকায় প্রকাশিত একাত্তরের বাংলাদেশ উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, সাইমন ড্রিং থেকে শুরু করে অ্যান্থনি মাসকারেনহাস পর্যন্ত অনেক সংবাদদাতার সংবাদ বিবরণী ও বাংলাদেশবিষয়ক গ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।১৯৭১ বিশ্ববাসীকে নাড়া দিয়েছে—শাসন যত শক্তিশালীই হোক না কেন, অভ্যন্তরীণ উপনিবেশ শোষণ করার দিন শেষ হয়েছে। বাংলাদেশে ছুটে আসতে চেয়েছেন আঁদ্রে মালরো। পক্ষে দাঁড়িয়েছেন মার্কিন সিনেটর কেনেডি থেকে শুরু করে ব্রিটিশ সাংসদ পিটার শোর এবং আমেরিকান কবি অ্যালেন গিন্সবার্গ।বাংলাদেশ নিয়ে গান বেঁধেছেন জর্জ হ্যারিসন, গিন্সবার্গ লিখেছেন ‘সেপ্টেম্বর অন যশোর রোড’। যুক্তরাষ্ট্র তার মিত্র পাকিস্তানকে জাহাজবোঝাই সামরিক সরঞ্জাম পাঠায় আর তার প্রতিবাদে সমুদ্রে জাহাজ ঠেকাতে গিয়ে জেল খাটেন সে দেশেরই মুক্তবিবেক নাগরিক। সুইজারল্যান্ডের বুদ্ধিজীবীরা বাংলাদেশের জন্য অনশন করেন। নরওয়েসহ বহু দেশের পার্লামেন্ট বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়।বিদেশি সাংবাদিকেরা সাক্ষ্য দিচ্ছেন—জগন্নাথ হলে গণকবরের, ইকবাল হলের সামনে ছড়িয়ে থাকা মৃতদেহের, আতঙ্কিত বাঙালির দেশ ছেড়ে নিঃস্ব অবস্থায় শরণার্থী হওয়ার, লাখ লাখ শিশু ও নারীর মৃত্যুর দিন গণনার। যুগোস্লাভিয়ার সংবাদপত্র লিখেছে—ইয়াহিয়া ‘বেয়নেট দিয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে চাইছেন’; ঘানার পত্রিকা লিখেছে, ‘বিশ্ববিবেক এখনো জাগেনি’। চীনের সরকারি ভূমিকা যাই হোক, চৈনিকেরা ইয়াহিয়াকে মনে করেছে আরেক চেঙ্গিস খান। ওয়াশিংটন ও নিয়ইয়র্কের পত্রিকাগুলো মার্কিন স্বার্থ বিসর্জন দিয়ে লিখেছে, আমেরিকার অস্ত্রে পূর্ব পাকিস্তানি মারা হচ্ছে, সুতরাং গণহত্যার দায় যুক্তরাষ্ট্র সরকারেরও। বাঙালি নিধনে আর সহায়তা নয়—এটাই তাদের দাবি।১৯৭১-এর ২৫ মার্চের পরও কেউ কেউ বলেছেন, সব ঠিক হয়ে যাবে, ‘প্যায়ারে পাকিস্তান’ আবার বলবত্ হবে। সেখানে ২৯ মার্চ ১৯৭১ অস্ট্রেলিয়ায় সিডনি মর্নিং হেরাল্ড সাফ সাফ বলে দিয়েছে, ‘এখন স্পষ্টতই পাকিস্তান দুই টুকরো হয়ে গেছে।’ ট্যাংক, গোলন্দাজ আর যুদ্ধবিমান দিয়ে যে শেষরক্ষা করা যাবে না, এ কথা বিদেশি পর্যবেক্ষকদের অনেকেই সরাসরি বলেছেন। আরও বলেছেন, বল প্রয়োগ করে সংহতি পুনরুদ্ধার করা যায় না। ২৫ মার্চের সহিংস আক্রমণ নিয়ে দ্য বাল্টিমোর সান লিখেছে, ‘প্রকৃত সত্য হচ্ছে, পাকিস্তান সরকার জাতীয় পরিষদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগকে ক্ষমতাসীন হতে না দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই প্রতিজ্ঞা থেকেই মার্চ মাসের এই পরিকল্পিত আক্রমণ।’নিউইয়র্ক টাইমস মার্চেই লিখেছে, পূর্ব পাকিস্তানের ‘মুসলমান ভাইদের’ ওপর পশ্চিম পাকিস্তানের এই আক্রমণই প্রমাণ করে যে দুই অংশের মধ্যে আর সমঝোতার সুযোগ নেই। এপ্রিলের প্রথম ভাগে সুইডিশ পত্রিকা এক্সপ্রেশেন লিখছে, ‘সাধারণ নির্বাচনের ফলাফল হজম করার প্রস্তুতি পাকিস্তানি শাসকদের ছিল না। তাই উল্টো সামরিক বাহিনী লেলিয়ে দিয়েছে। এটা স্পষ্ট, এই পদ্ধতিতে কখনোই পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পুনর্মিলন ঘটানো সম্ভব হবে না।’ভুট্টোকে উদ্ধৃত করে দ্য ইভনিং স্টার-এর হেনরি ব্র্যাডশিয়ার লিখছেন, ‘ঘূর্ণিঝড় এখনো তার পুরো পাওনা বুঝে নেয়নি’—অর্থাত্ পরবর্তী গণহত্যার মাধ্যমে পুরো পাওনা বুঝিয়ে দেওয়া ভুট্টোর পরিকল্পনারই অংশ।যেসব উত্স থেকে বিদেশি পত্রিকায় প্রকাশিত রচনা অনূদিত হয়েছে, তার মধ্যে রয়েছে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলসমূহ, ভারত থেকে প্রকাশিত বাংলাদেশ ডকুমেন্টস প্রথম ও দ্বিতীয় খণ্ড, আন্তর্জাতিক প্রেসে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধসংক্রান্ত বইপত্র এবং ইন্টারনেট। সংকলকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।সংখ্যাটির বিশেষ ফোকাস বিদেশিদের লেখা চিঠিপত্র। পত্রলেখকদের মধ্যে রয়েছেন ইউএসএআইডির ডাক্তার, চার্চের বিশপ থেকে শুরু করে সিনেটর ও প্রধানমন্ত্রী। একাত্তরের এই চিঠিগুলো বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের গুরুত্বপূর্ণ দলিল। এতে যোগ করা হয়েছে একাত্তরের কয়েকটি সাক্ষাত্কার—এখনো অনেক সাক্ষাত্কার ও বিবৃতি অননূদিত অবস্থায় রয়েছে।কয়েকজন বিদেশি জনপ্রতিনিধির বক্তব্য অনূদিত হয়েছে, বৃহদাংশই বিশেষ করে সংসদীয় বিতর্ক রয়ে এদশের পাঠকদের অজানা রয়ে গেছে। এ সংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ বিদেশি পত্রিকায় মার্চ থেকে ডিসেম্বর ১৯৭১ সময়ে প্রকাশিত কিছু প্রতিবেদনের অনুবাদ। প্রতিবেদনগুলো যে কোলাজচিত্র নির্মাণ করেছে, তাতে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বিদেশি সাংবাদিকদের অবদান স্পষ্ট হয়ে ওঠে। একটি দেশের স্বাধীনতার যেকোনো পর্যায়ের যেকোনো বিষয় সীমাবদ্ধ পরিসরে ধরে তোলা কষ্টকর। বিদেশি পত্রিকায় প্রকাশিত হয়েছে—এমন অনেক বিষয় পরিসরস্বল্পতার কারণে ধারণ করা সম্ভব হয়নি। উল্লেখ্য, কয়েকটি রচনা ছাড়া সচেতনভাবেই বাংলা ভাষায় পূর্বে প্রকাশিত খ্যাতিমান বিদেশি সাংবাদিকদের লেখা এ সংখ্যায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে।