বিদেশি ছাত্ররা যুক্তরাজ্যে পড়তে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি শিক্ষার্থীদের আশ্বস্ত করে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গত বুধবার বলেছেন, তাঁরা যুক্তরাজ্যে এসে এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে পারবেন। পাশাপাশি তিনি লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে (এলএমইউ) বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিলের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন।সম্প্রতি ইউকে বর্ডার এজেন্সি (ইউকেবিএ) বিভিন্ন অনিয়মের অভিযোগে এলএমইউর বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিল করে। এ কারণে প্রতিষ্ঠানটির আড়াই হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। এঁদের মধ্যে অনেক বাংলাদেশি শিক্ষার্থীও রয়েছেন। তবে সিংহভাগ শিক্ষার্থী ভারতের।ইউকেবিএর এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ এমপিরা। তাঁরা বলেন, যেসব বৈধ শিক্ষার্থী নিয়ম-কানুন মেনে টিউশন ফির সম্পূর্ণ অর্থ পরিশোধ করেছেন, তাঁরাও ক্ষতিগ্রস্ত হবেন। হাউস অব কমন্সে এমপিদের এই সমালোচনার জবাবে ক্যামেরন এসব কথা বললেন।লেবার পার্টির এমপি স্টিফেন টিমস প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘ভিসা জালিয়াতি আপনার ঠেকানো উচিত। কিন্তু যেসব শিক্ষার্থী নিয়ম মেনে টিউশন ফি পরিশোধ করেছে, তাদের বের করে দেওয়ার হুমকিও আপনার প্রত্যাহার করা উচিত। আপনি কেন বিশ্বজুড়ে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নষ্ট করছেন?’জবাবে ক্যামেরন বলেন, ‘আমি বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যকে উন্মুক্ত দেখতে চাই। যেসব শিক্ষার্থী ইংরেজিতে কথা বলতে পারে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা রাখে, তারা এখানে এসে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে।’ তিনি বলেন, ‘অভিবাসনমন্ত্রী ভুয়া বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়ার ব্যাপারে কঠোর নীতি গ্রহণ করেছে। যারা নিয়ম মানে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অভিবাসন নিয়ন্ত্রণ করতে চাইলে এটাই হবে সঠিক পদক্ষেপ।’এলএমইউর ওপর ছয় মাসের একটি নিরীক্ষার পর ইউকেবিএ বলেছে, প্রতিষ্ঠানটির অনেক শিক্ষার্থীর যুক্তরাজ্যে থাকার অধিকার নেই। অনেকের ভিসায় ত্রুটি রয়েছে। এটা হলে তাঁদের যুক্তরাজ্যে পড়াশোনা করার অধিকারই থাকার কথা নয়।অভিবাসনমন্ত্রী ডেমিয়েন গ্রিন জানান, তদন্তে দেখা গেছে, ওই বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা প্রয়োজনীয় মানের তুলনায় অনেক কম। এ ছাড়া, শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিত হন কি না, তা তদারকিতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিদেশি শিক্ষার্থীদের এক-চতুর্থাংশের যুক্তরাজ্যে থাকার বৈধতা নেই। এসব কারণে ইউকেবিএ মনে করে, বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়ার যোগ্যতা বিশ্ববিদ্যালয়টির নেই।লাইসেন্স বাতিল হওয়া এলএমইউর শিক্ষার্থীরা দুই মাসের মধ্যে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে না পারলে তাঁদের যুক্তরাজ্য ত্যাগ করতে হবে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। তাঁদের অভিযোগ, ব্রিটিশ সরকার তাঁদের সঙ্গে অন্যায় আচরণ করছে। কেননা, সরকারই তাঁদের পড়াশোনা করার অনুমতি দিয়েছে। দ্য হিন্দু।