বিদেশি দলের জন্য পাকিস্তান ‘অনিরাপদ’
পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে গিয়ে ২০০৯ সালের ৩ মার্চ ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেটারদের বহন করা বাসের ওপর গুলি চালিয়েছিল জঙ্গি-সন্ত্রাসীরা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশানরা। গুরুতর আহত হয়েছিলেন থিলান সামারাবিরার মতো ক্রিকেটার। কোনোমতে প্রাণ নিয়ে লঙ্কান ক্রিকেট দল নিজ দেশের মাটিতে পা রাখতে পারলেও সেদিনই ইতি ঘটে গিয়েছিল পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজনে। পাকিস্তানের নিরাপত্তাহীনতা দেশটিকে বঞ্চিত করেছিল উপমহাদেশের মাটিতে ২০১১ সালে আয়োজিত বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক হওয়া থেকে। লাহোরের সেই ভয়াবহ ঘটনার তিন বছর পর শোনা যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এ মাসের শেষেই একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে। যেখানে বিশ্বের অন্যান্য ক্রিকেট দল দূরে থাকুক, ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা খোদ আইসিসিও পাকিস্তানে নিরপেক্ষ ম্যাচ অফিসিয়াল পাঠানোর ব্যাপারে সংশয়ে রয়েছে, সেখানে বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে সম্মতি দিয়ে দেওয়া কতটা বাস্তবানুগ হয়েছে—তা নিয়ে এ মুহূর্তে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।এখন দেখা যাক খোদ পাকিস্তানিরা কী বলছে। পাকিস্তানিরাই কিন্তু এখনো তাদের মাতৃভূমিকে কোনো বিদেশি দলের আতিথেয়তা দেওয়ার ব্যাপারে পুরোপুরি নিরাপদ মনে করেন না। পাকিস্তানি একটি ওয়েবসাইটে ব্যবহারকারীদের সামনে রাখা হয়েছিল প্রশ্ন। প্রশ্নটি ছিল অনেকটা এমন—‘বিদেশি দলের জন্য পাকিস্তানের মাটিকে কতটা নিরাপদ মনে করেন?’ এ প্রশ্নটির জবাবে নিজেদের মন্তব্য লিখতে গিয়ে পাকিস্তানিরা লিখেছেন—তাঁরা এখনো নিজের দেশকে কোনো বিদেশি দলের জন্য নিরাপদ মনে করেন না।পাকিস্তানিরাই নিজেদের দেশকে নিরাপদ মনে করেন না! ব্যাপারটি পরিষ্কার হবে কয়েকটি মন্তব্য তুলে ধরলে। ওই ওয়েবসাইটে শান নামের একজন পাঠক লিখেছেন, ‘যে দেশের একটি অংশে সন্ত্রাসের বিপক্ষে প্রতিদিন যুদ্ধ হয়, যে দেশের সেনাবাহিনী সারাক্ষণ দেশের মানুষের সঙ্গেই যুদ্ধ করতে থাকে, সে দেশ নিরাপদ হয় কী করে।’ তিনি অবশ্য এ মুহূর্তে লাহোর, করাচি, ইসলামাবাদ ও পেশোয়ারের মতো শহরগুলোকে আত্মঘাতী বোমা হামলার ব্যাপারে আগের তুলনায় নিরাপদই দাবি করেছেন। তবে তিনি এও বলেছেন, ‘যত দিন জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ চলবে, তত দিন পাকিস্তানও পুরোপুরিভাবে নিরাপদ হবে না।’জেব নামের একজন বলেছেন, ‘পাকিস্তানের প্রতিটি বড় শহরে কিছুদূর পরপর সামরিক বাহিনী ও পুলিশের চেক পয়েন্ট দেখা যায়। অনেক জায়গায় দেখা যায়, নিরাপত্তা বাহিনী পরিখা খনন করে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে বসে আছে। এমন পরিস্থিতি যে দেশে, সে দেশ বাইরের অতিথিদের জন্য নিরাপদ হতেই পারে না।’‘দেশি জোকার’ ছদ্মনাম নিয়ে মন্তব্য করা এক ব্যক্তি লিখেছেন, ‘সরকার ও ক্রিকেট বোর্ডের উচিত নিরাপত্তার ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়েই কোনো বিদেশি দলকে খেলতে ডাকা। জীবনের চেয়ে ক্রিকেট নিশ্চয়ই বড় জিনিস নয় !’ওয়েবসাইটের এই পোস্টটিতে পাকিস্তানকে নিরাপদও বলেছেন অনেক পাঠক। কিন্তু তাঁদের মন্তব্যে পরিষ্কার হয়নি নিরাপত্তার বিষয়টি। এঁরা তুলনায় গিয়েছেন ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে। ইশাম নামের এক পাঠক বলেছেন, ‘একই ধরনের সমাজব্যবস্থার দেশ বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কাতেও নিরাপত্তাহীনতার ব্যাপার আছে। তাই কেবল পাকিস্তানকে অনিরাপদ বললে অবিচার করা হয়।’