বিদেশি বন্ধুদের সম্মাননা জানাল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা নানাভাবে হাত বাড়িয়েছিলেন বাংলাদেশের প্রতি। মুক্তিযুদ্ধের সম্মাননা গ্রহণের সম্মিলনের মাধ্যমে বাংলাদেশের এসব নিকটজন ও তাঁদের উত্তরসূরিরা জেনেছেন উদ্দীপনা জাগানো সহায়তার কথা। বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামে অবদানের জন্য সম্মানিত হয়ে তাঁরা গর্বিত। সেই সঙ্গে তাঁদের প্রার্থনা, ‘সমৃদ্ধ হোক বাংলার ভবিষ্যত্। জয় হোক বাংলার।’বাংলাদেশে অবদান রাখা বিদেশিদের এ কামনার মধ্য দিয়ে আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘মুক্তিযুদ্ধের সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাত্তরের দুঃসময়ে বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামে প্রেরণা দেওয়ার জন্য জাতির পক্ষ থেকে বিদেশি বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা শুধু তাঁদের সম্মাননাই দিচ্ছি না, সেই সঙ্গে নিজেরাও সম্মানিত হচ্ছি।’স্বাধীনতার চার দশক পূর্তিতে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ানো বিদেশিদের সংবর্ধনা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ এবং পররাষ্ট্র ও মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।অবশ্য গত বছর ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের সম্মানিত করার প্রক্রিয়া শুরু হয়। গত বছরের ২৫ জুলাই বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাবেক প্রধানমন্ত্রীর পুত্রবধূ ও কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধীর হাতে তুলে দেন ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মাননা’।লাল-সবুজের আবহ ও প্রামাণ্যচিত্রে চার যুগ আগে: আজ লাল-সবুজের আবহে সেজেছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল মিলনায়তন। মূল মঞ্চের মাঝখানে বসার জায়গা করা হয়েছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের। আর মঞ্চের দুই পাশে সারি করে চেয়ারে বসেছিলেন সংবর্ধনা পাওয়া বিদেশি বন্ধু, তাঁদের স্বজন ও প্রতিনিধিরা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সোয়া ১০টায় মঞ্চে ওঠার পর অনুষ্ঠানের শুরু হয়। শুরুতে দেখানো হয় একটি প্রামাণ্যচিত্র। যেখানে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ঘটনাপরম্পরা তুলে ধরা হয়। আর এ তথ্যচিত্রে বিশেষভাবে দেখানো হয়, মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদানের প্রসঙ্গ।প্রামাণ্যচিত্র শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সম্মাননা পাওয়া ব্যক্তি ও সংগঠনের নাম এবং তাঁদের অবদানের কথা অতিথিদের কাছে উপস্থাপন করেন।বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এরপর রাষ্ট্রপতি সংবর্ধনা পাওয়া বিদেশি বন্ধুদের হাতে স্মারক এবং প্রধানমন্ত্রী মানপত্র তুলে দেন। শুরুতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হাত থেকে নেপালের সাবেক প্রেসিডেন্ট রাম বরণ যাদবের পক্ষে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মাননা’ নেন ঢাকায় নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠা। একই শ্রেণীতে সম্মাননা পাওয়া অন্য সাতজন হচ্ছেন ভুটানের রাজা জিগমে দরজি ওয়াংচুক, সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রয়াত প্রেসিডেন্ট লিওনিদ ইলিচ ব্রেজনেভ ও প্রেসিডেন্ট নিকোলাই ভিক্তোরভিচ পোদগোর্নি এবং প্রয়াত প্রধানমন্ত্রী আলেক্সি কসেগিন, সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার এডওয়ার্ড রিচার্ড জর্জ হিথ এবং নেপালের প্রয়াত প্রধানমন্ত্রী বি পি কৈরালা।এরপর ৭৪ ব্যক্তি ও সংগঠনকে দেওয়া হয় ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’। সব মিলিয়ে এদিন দুটি আলাদা আলাদা শ্রেণীতে ৮২ ব্যক্তি ও সংগঠনকে এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রদানের সময় মিত্রবাহিনীর উপপ্রধান জে এফ আর জ্যাকবের নাম ঘোষণার সঙ্গে তিনি দর্শকদের প্রতি অভিবাদন জানান। আর দর্শকেরা করতালি দিয়ে জবাব দেন অভিবাদনের। আর সম্মাননা গ্রহণের পর জ্যাকবের কণ্ঠে ধ্বনিত হয় ‘জয় বাংলা’। দর্শক সারি থেকে পাল্টা সুর ওঠে ‘জয় বাংলা।’বক্তৃতা অনুষ্ঠান: অনুষ্ঠানের শেষ পর্বে ছিল বক্তৃতা। শুরুতেই সম্মাননা পাওয়া ব্যক্তিদের পক্ষে বক্তৃতা করেন যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক এমপি মাইকেল বার্নস। তাঁদের বিশেষভাবে সম্মানিত করায় তিনি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তৃতায় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের চরম দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য বিদেশি বন্ধুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আজ ঐতিহাসিক দিন। একাত্তরের দুঃসময়ের সেই সব বন্ধুকে শ্রদ্ধা ও সম্মাননা জানাতেই আজকের এই অনুষ্ঠান। আমরা মনে করি, আমরা শুধু তাঁদের সম্মাননাই দিচ্ছি না, সেই সঙ্গে নিজেরাও সম্মানিত হচ্ছি।’প্রধানমন্ত্রী এই সব বিদেশি বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘তাঁদের অবদানে স্বাধীনতা ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। দেশ-বিদেশে সবার অবদানে বিজয় অর্জন সম্ভব হয়েছে। তাঁদের সম্মান জানানো আমাদের কর্তব্য।’প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ লেখনীর মাধ্যমে, কেউ মানবিক কারণে, কেউ শরণার্থীদের পাশে দাঁড়িয়ে, আবার কেউ অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছেন। তাঁরা বাংলার মানুষের ওপর অন্যায়ের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। তাঁদের এই সমর্থন আমাদের বিজয়ের সম্ভাবনা, বিশ্বাসকে মজবুত ও শক্তিশালী করেছে। মানসিক, রাজনৈতিক, কূটনৈতিক সমর্থন দিয়ে অবদান রাখা মানুষদের কথা বাংলাদেশ ভুলতে পারে না, কোনোদিন ভুলবেও না।’রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, ‘যেসব বিদেশি বন্ধু ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে আমাদের সাহায্য করেছে, তাদের সম্মাননা দিতে পারাটা আমাদের জন্য গৌরবের।’ তিনি বলেন, ‘আমি ও আমার দেশবাসীর পক্ষ থেকে আপনাদের অন্তরের অন্তঃস্তল থেকে অভিনন্দন। আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদের যেভাবে সাহায্য করেছেন, তার জন্যে আমরা কৃতজ্ঞ।’পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘বাংলাদেশের জন্যে আজ বন্ধুত্ব উদযাপনের দিন। আজ আমরা উপলব্ধি করছি, ৪১ বছর আগে কীভাবে বিদেশিরা আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল।’মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেন, ‘এ ধরনের আয়োজনের ফলে দেশের ভবিষ্যত্ প্রজন্মের সঙ্গে পরিচয় থাকবে সম্মানিত বিদেশি বন্ধুদের।’মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন।