বিদেশি বন্ধুরা ঢাকায়, সম্মাননা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উদ্যাপনের জন্য ঢাকাসহ সারা দেশ এখন প্রস্তুত। একদিকে যখন বিজয় উৎসবের এই প্রস্তুতি, তখন আরেক দিকে রাষ্ট্র জানাচ্ছে বিদেশি বন্ধুদের সম্মাননা। মুক্তিযুদ্ধের সময় যাঁরা বাংলাদেশের স্বাধীনতার জন্য অবদান রেখেছেন, এমন ৬৩ বিদেশি বন্ধু ও দুটি প্রতিষ্ঠানকে এবার এই সম্মাননা দেওয়া হচ্ছে। এ উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে আলোকসজ্জা করা হয়েছে। বাজানো হচ্ছে দেশাত্মবোধক গান।স্বাধীনতার চার দশক পর এ নিয়ে চতুর্থ পর্যায়ে বিদেশি বন্ধুদের সম্মাননা দেওয়া হচ্ছে। গত বছরের ২৫ জুলাই ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে বিদেশি বন্ধুদের শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এবার যে ৬৫ জনকে সম্মাননা দেওয়া হচ্ছে, তাঁদের মধ্যে ৪৯ জন ভারতের নাগরিক। এ ছাড়া যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সুইডেন, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের নাগরিকও আছেন। পেশায় তাঁরা রাজনীতিবিদ, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক ও সাহিত্যিক।সরকারি সূত্র জানায়, ঢাকায় আসা বিদেশি বন্ধুরা শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থান ও রায়েরবাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান। তাঁরা ফুল দিয়ে সেখানে শ্রদ্ধা জানান। পরে তাঁরা বুড়িগঙ্গা নদীতে নৌবিহারে যান। রাতে তাঁদের সম্মানে সোনারগাঁও হোটেলে নৈশভোজের আয়োজন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সেখানে বিদেশি বন্ধুদের কয়েকজন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন। এ সময় বিদেশি বন্ধুদের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।আজ শনিবার সকাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদেশি বন্ধুরা যোগ দেবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। বিকেলে তাঁরা ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। রাতে তাঁদের সম্মানে সোনারগাঁও হোটেলে রয়েছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। ষোলোই ডিসেম্বর সকালে তাঁরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেলে তাঁরা পরিদর্শন করবেন মুক্তিযুদ্ধ জাদুঘর। রাতে আর্মি গলফ ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।এদিকে ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের আইন ও বিচারমন্ত্রী অশ্বিনী কুমার বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ঢাকায় এসেছেন। তিনি তাঁর প্রয়াত বাবা প্রবোধ চন্দ্রের পক্ষে ফ্রেন্ডস অব বাংলাদেশ লিবারেশন ওয়ার সমঞ্চাননা নিতে ঢাকায় এসেছেন। এ ছাড়া ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী আবু হাশেম খান চৌধুরীও ঢাকা সফর করছেন। তিনি তাঁর ভাই মরহুম গনি খান চৌধুরীর পক্ষে সমঞ্চাননা গ্রহণ করবেন।অশ্বিনী কুমার গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে জানান, তাঁর দেশ পার্লামেন্টে স্থল সীমান্ত চুক্তি এবং এর প্রটোকল অনুমোদনের জন্য আন্তরিকভাবে কাজ করছে।নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, বিদেশি অতিথিরা গতকাল শুক্রবার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও মেঘনা নদীতে নৌবিহার করেছেন। সকাল ১০টায় ঢাকার পোস্তগোলায় অবস্থিত সেনাক্যাম্পের জেটি থেকে এই অতিথিরা যাত্রা শুরু করেন। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও মেঘনা নদী ঘুরে বেলা একটায় তাঁরা আবার পোস্তগোলা সেনাক্যাম্পে ফিরে যান। নৌবিহারের সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।