বিদেশি মদ আমদানির ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্কমুক্ত মদ বা পানীয় বিক্রয় ও আমদানির ক্ষেত্রে কাস্টমস আইন যথাযথ অনুসরণ ও বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন ও অর্থসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ বিবাদীদের আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন।জানা যায়, সুবিধাভোগীদের সংখ্যা অনেকগুণ দেখিয়ে হাজার হাজার লিটার মদ আমদানি করে কয়েক শ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার ঘটনা নিয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়। এটা যুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুজন আইনজীবী রিট আবেদনটি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।অন্তর্বর্তীকালীন আদেশে অর্থসচিব ও এনবিআরের চেয়ারম্যানকে ১৫ দিনের মধ্যে গণমাধ্যমে প্রকাশিত ওই ঘটনা সম্পর্কে তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। এতে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, এনবিআরের সদস্য, বাণিজ্য ও আইন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও কাস্টমস গোয়েন্দা বিভাগের একজন রাখতে বলা হয়েছে। তদন্ত করে দুই মাসের মধ্যে কমিটিকে আদালতে প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।অন্য নির্দেশনায় এনবিআরের চেয়ারম্যানকে সুবিধাভোগী ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।এ ছাড়া ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত কী পরিমাণ মদ বা পানীয় ডিপ্লোম্যাট বন্ডেড ওয়্যার হাউসের অধীনে কী দামে আমদানি করা হয়েছে, তার তালিকা প্রস্তুত করে এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। ডিপ্লোম্যাট বন্ডেড ওয়্যার হাউসের ওই সময়ে যাঁরা কর্মরত ছিলেন, তাঁদের তালিকা প্রস্তুত করে অর্থসচিবকে দাখিল করতেও বলা হয়।