বিদেশি সংস্কৃতির আগ্রাসনে হারাচ্ছে দেশীয় সংস্কৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া অভিযোগ করেছেন, বিদেশি সংস্কৃতির আগ্রাসনে দেশীয় সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। এ থেকে উত্তরণের জন্য নতুন প্রজন্মের কাছে ও আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে হবে। এতে দেশীয় সংস্কৃতি বিদেশিদের কাছেও অনুকরণীয় হবে।গতকাল সোমবার রাতে মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় খালেদা জিয়া এসব কথা বলেন।বিএনপির চেয়ারপারসন বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় শিল্পীদের গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিল। আমাদের দেশে একেক অঞ্চলে একেক ধরনের গান রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে প্রতিভা। আমি আশা করব, জাসাস এসব প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ের শিল্পী গড়ে তুলবে।’জাসাসের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হালিম, ওসমান ফারুক, শাহজাহান ওমর, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ বক্তব্য দেন।এর আগে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাসাস নেতারা। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।