পিআইএকে বন্ধ রুট দেওয়ার পাঁয়তারা
বিদেশি সংস্থার স্বার্থ রক্ষায় উৎসাহী বাংলাদেশ বিমান
বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ নিজস্ব ব্যবসার চেয়ে বিদেশি বিমান সংস্থার স্বার্থ রক্ষায় বেশি উৎসাহী বলে অভিযোগ উঠেছে। নিজস্ব উড়োজাহাজ বসিয়ে রেখে ভাড়ার উড়োজাহাজ দিয়ে ফ্লাইট চালানো হচ্ছে। এ জন্য প্রতি মাসে ভাড়া বাবদ কোটি কোটি টাকা গুনতে হচ্ছে। এ ক্ষেত্রে বিমানের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তও উপেক্ষা করা হচ্ছে। এ ছাড়া বিমানের সাময়িক বন্ধ থাকা গন্তব্যগুলো (রুট) পাকিস্তানি বিমান সংস্থাকে (পিআইএ) দেওয়ার পাঁয়তারা চলছে বলেও অভিযোগ উঠেছে।দায়িত্বশীল একটি সূত্র জানায়, পিআই-এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আইজাজ হারুনের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল সম্প্রতি ঢাকায় রেডিসন হোটেলে বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করে। বৈঠকে পিআইএ কর্তৃপক্ষ কোড শেয়ার করে (বিমানের ফ্লাইট পরিচালনার অনুমতি নেই, এমন দেশে বিমানের পরিবর্তে ফ্লাইট পরিচালনা) বিমানের আপাতত বন্ধ ফ্রাংকফুর্ট, রোম, ব্রাসেলস রুটের পাশাপাশি নতুন সম্ভাবনাময় করাচি-ঢাকা-গুয়াংজু রুটেও ফ্লাইট চালানোর প্রস্তাব দেয়। এ নিয়ে ওই দিন একটি সমঝোতা-স্মারক সই করতে চাপ দেয় তারা। এতে বিমানের কোনো কোনো কর্মকর্তার সম্মতিও ছিল। কিন্তু ভারপ্রাপ্ত পরিচালক (বিপণন ও বিক্রয়) মো. শাহনেওয়াজ এর বিরোধিতা করেন। এরপর তাঁকে মহাব্যবস্থাপক (যাত্রীসেবা) পদে বদলি করা হয়। তবে শাহনেওয়াজ সমঝোতা-স্মারকের প্রস্তাবের কথা অস্বীকার করেন। বিশেষ কারণে তাঁকে বদলির ঘটনাও সঠিক নয় বলে তিনি দাবি করেন।অন্য এক প্রশ্নের জবাবে শাহনেওয়াজ স্বীকার করেছেন, ‘রেডিসন হোটেলে পিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছিল। তাঁরা কোড শেয়ারিংয়ের প্রস্তাব দেন। তবে আমাদের আগ্রহ ছিল এসপিএ (স্পেশাল প্রোরেট অ্যাগ্রিমেন্ট) করার।’সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, পিআইএ কোড শেয়ারিংয়ের নামে মূলত বিমানের মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজার দখল করতে চায়। এ ব্যাপারে চেষ্টা করেও বিমানের ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য পাওয়া যায়নি।পিআইএর সঙ্গে এ রকম একটি উদ্যোগের বিষয়ে বেসামরিক বিমান চলাচল মন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর দপ্তর থেকে বলা হয়, এ বিষয়ে মন্ত্রণালয়কে এখনো কিছু জানানো হয়নি।বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি বিমান সম্পর্কিত উপকমিটির প্রধান মইন উদ্দিন খান বাদল প্রথম আলোকে বলেন, ১৪ মার্চ সংসদীয় কমিটির সভা আছে। সেখানে এ নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, ‘তার আগে স্বাধীনতার মাসে আমি শুধু বলব, কোড শেয়ারিংয়ের জন্য কিছুতেই পিআইএ ভালো পছন্দ হতে পারে না।’নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এক পরিচালকসহ একাধিক ব্যবস্থাপক বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় স্থগিত করা আন্তর্জাতিক গন্তব্যগুলোতে আবার ফ্লাইট চালুর কথা বলে বেশ কয়েকটি উড়োজাহাজ ভাড়ায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিমান। গত মাসে বহরে যুক্ত হয়েছে তিনটি উড়োজাহাজ। সেগুলোর একটি (এয়ারবাস) এখনো বসিয়ে রাখা হয়েছে। আরও কয়েকটি উড়োজাহাজ শিগগিরই আসছে। এ অবস্থায় কোড শেয়ারিংয়ের নামে বন্ধ থাকা রুটগুলো পিআইয়ের হাতে তুলে দেওয়া হলে বিমানের ক্ষতি হবে।বিমানের পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার মার্শাল (অব.) জামালউদ্দিন প্রথম আলোর সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে তিনি গত সপ্তাহে সংবাদমাধ্যমকে বলেছেন, কোড শেয়ারিংয়ের প্রস্তাব দিয়েছে পিআইএ। এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।নাইজেরিয়ার কোম্পানির স্বার্থ রক্ষা: তিন মাস আগে হজ শেষ হয়েছে। কিন্তু হজ ফ্লাইট পরিচালনার জন্য নাইজেরিয়ার কাবো এয়ার থেকে ভাড়া করা একটি বোয়িং-৭৪৭ রেখে দেওয়া হয়েছে। এ জন্য প্রতি উড্ডয়ন-ঘণ্টার জন্য বিমানকে ভাড়া গুনতে হচ্ছে পাঁচ হাজার ৩০০ মার্কিন ডলার (তিন লাখ ৬৫ হাজার ৭০০ টাকা)।অভিযোগ রয়েছে, ভাড়ার উড়োজাহাজের স্বার্থে সেটি দিয়ে বেশি ফ্লাইট চালানো হচ্ছে। এ জন্য ভাড়া বাবদ মাসে গড়ে ১১ কোটি টাকা বিমানকে বাড়তি খরচ গুনতে হচ্ছে। অথচ বিমানের নিজস্ব উড়োজাহাজ বসিয়ে রাখতে হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এর আগে বিমানের বিপণন শাখা সিদ্ধান্ত নেয় যে কাবোর এই উড়োজাহাজ দিয়ে মাসে ২০০ থেকে ২৫০ ঘণ্টার বেশি ফ্লাইট পরিচালনা করবে না। কিন্তু গত ১১ জানুয়ারি ঊর্ধ্বতন এক কর্মকর্তার নির্দেশে ভাড়ার এই উড়োজাহাজ ৩০০ থেকে ৩৫০ ঘণ্টা ব্যবহার করা হয়। তারপর গত ১৭ ফেব্রুয়ারির বিমানের পরিচালনা পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, ভাড়ার এই উড়োজাহাজটি কোনোভাবেই মাসে ২০০ ঘণ্টার বেশি চালানো যাবে না। উড়োজাহাজটি ৫৪২ আসন থেকে কমিয়ে ৪৫০ আসন করতে হবে। কিন্তু এ সিদ্ধান্তও মানা হচ্ছে না।এ সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বশীল কর্মকর্তা মহাব্যবস্থাপক (কেন্দ্রীয় নিয়ন্ত্রণ) মামদুদ খান। তিনি বলেন, ‘পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী কাবোর উড়োজাহাজটি দিয়ে যাতে ২০০ ঘণ্টার বেশি ফ্লাইট পরিচালনা না করা হয়, সে জন্য আমি টেলেক্স পাঠিয়েছি। কিন্তু আমাকে পরে ম্যানেজমেন্ট থেকে নিষেধ করা হয়েছে। আমি বিষয়টি নিয়ে পরিচালকের (পরিকল্পনা) সঙ্গে কথা বলি। এরপর কর্তৃপক্ষের সিদ্ধান্ত চেয়ে ফাইল পাঠাই। কিন্তু ১৫ দিনেও সে ফাইল ফেরত পাইনি।’ মামদুদ খান বলেন, বিমানের নিজস্ব ডিসি-১০ পুরোপুরি বসিয়ে রাখা হয়, এমনটা ঠিক নয়।বিমানের নথিপত্রে দেখা যায়, কাবো থেকে ভাড়া করা উড়োজাহাজটি ডিসেম্বরে ৩৩৩ ঘণ্টা, জানুয়ারিতে ২৭৩ ঘণ্টা, ফেব্রুয়ারিতে ৩১৫ ঘণ্টা উড্ডয়ন করেছে। চলতি মার্চের ফ্লাইট-সূচি ঠিক করা হয়, যাতে এটি ৩৫৫ ঘণ্টা উড্ডয়ন করতে পারে।