বিদেশি সাহায্যের অর্থ বাড়িতে খরচ করলেন জুমা
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা নান্ডলায় অবস্থিত তাঁর নিজের খামারবাড়ির আধুনিকায়নে বিদেশি সাহায্যের এক কোটি ৭৫ লাখ পাউন্ড খরচ করেছেন বলে অভিযোগ উঠেছে। যুক্তরাজ্য এইচআইভি মোকাবিলার জন্য দক্ষিণ আফ্রিকাকে প্রতিবছর এক কোটি ৯০ লাখ পাউন্ড সাহায্য দিয়ে আসছিল। এ অর্থের বেশির ভাগই জুমা তাঁর খামারবাড়ির আধুনিকায়নে ব্যয় করেছেন। খবর মেইল অনলাইনের।নান্ডলার খামারবাড়িটিতে নতুন করে ৩১টি কক্ষ, মাটির নিচে লিফট-সংবলিত একটি বাংকার, টেনিস কোর্ট, জিমনেসিয়াম ও হেলিপ্যাড সংযোজন করা হয়েছে।প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন করে ওঠা এ অভিযোগের ভিত্তিতে রাষ্ট্রীয় একটি গণমাধ্যম ‘নান্ডলাগেট’ নাম দিয়ে খবর প্রচার করলে গণমাধ্যমটিকে নিষিদ্ধ করা হয়। এর আগেও নানা কারণে জুমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এ ছাড়া, জুমা তাঁর চার স্ত্রীর ভরণপোষণের জন্য সরকারি কোষাগারের অর্থ খরচ করেও সমালোচনার মুখে পড়েন।তবে সাম্প্রতিক অভিযোগের পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে প্রশ্নের সম্মুখীন হলে জুমা বলেন, ‘খামারবাড়িটি সাহায্যের অর্থে নয়, নিজেদের অর্থে নির্মাণ করা হয়েছে।’ এর পরও এমপিদের চাপের মুখে এ ব্যাপারে দুটি তদন্ত কমিশন গঠনে সম্মতি দিয়েছেন জুমা।