বিদেশি সৈন্য চায় না লিবিয়ার বিদ্রোহীরা
লিবিয়ায় জাতিসংঘের সামরিক পর্যবেক্ষকসহ বিদেশি সৈন্যের উপস্থিতি চায় না দেশটির বিদ্রোহী নেতৃত্বাধীন জাতীয় অন্তবর্তী কাউন্সিল (এনটিসি)। তারা বলেছেন, লিবিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে এই মুহূর্ত বাইরের সাহায্যের দরকার নেই।জাতিসংঘে লিবিয়ার প্রতিনিধি ইব্রাহিম দাবাসি বিবিসিকে বলেন, লিবিয়ার নিরাপত্তা পরিস্থিতি ভাল। সেখানকার নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করেই জাতিসংঘ সেখানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সম্ভাব্যতার কথা জানায়। তিনি আরও বলেন, লিবিয়ায় কোন গৃহযুদ্ধ হয়নি। সেখানে দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয়েছে। দেশের জনগণ একনায়কের বিরুদ্ধে সংগ্রাম করেছে।এদিকে জাতিসংঘে লিবিয়ার দূত ইয়ান মার্টিন জানান, জাতিসংঘ লিবিয়ায় পুলিশ বাহিনী মোতায়েনে সাহায্যের প্রস্তাব দিতে পারে। নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে তিনি আরও বলেন, এটা পরিষ্কার যে, লিবীয়রা এই মুহূর্তে সেখানে জাতিসংঘ বা অন্য কোন আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি চায় না। এখন দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করাই জাতিসংঘের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।