বিদেশি হস্তক্ষেপের দরকার নেই, বিবিসি সংলাপে বক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সর্বময় ক্ষমতার মালিক জনগণ। তারাই দেশের গণতন্ত্র রক্ষা করতে পারে। কাজেই এ দেশের গণতন্ত্র রক্ষায় অন্য কোনো দেশের হস্তক্ষেপের প্রয়োজন নেই। বরং আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোই সব সমস্যার সমাধান করতে পারে। আজ শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত বিবিসি সংলাপে এই মত দিয়েছেন দর্শক ও অতিথিরা। সংলাপে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলা ও বিরোধীদলীয় নেতার ‘ওয়াশিংটন টাইমস’-এ প্রকাশিত নিবন্ধ নিয়েও আলোচনা হয়। সংলাপে অতিথি আলোচক ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম। সংলাপ সঞ্চালনা করেন আকবর হোসেন। সংলাপের শুরুতেই পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক অধ্যায়ের সমাপ্তি এবং নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর বিষয়ে প্রশ্ন করেন এক দর্শক। জবাবে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‘আত্মবিশ্বাস ছাড়া একটি জাতি এগিয়ে যেতে পারে না। আমরা আত্মবিশ্বাসী, নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু করতে পারব।’ আর সেতুর নকশায় রেলপথ বাদ দিলে খরচ অনেক কমে যাবে বলেও তিনি মন্তব্য করেন। মাহবুবুর রহমান বলেন, ‘দুর্নীতির কারণেই বিশ্বব্যাংক চলে গেছে, যা জাতির জন্য লজ্জার। আর নিজস্ব অর্থায়নে সেতু করতে যে ব্যবস্থাপনা দরকার, তা আছে কি না, সেটিও প্রশ্ন।’ এ ছাড়া তিনি বলেন, ‘নিজস্ব অর্থায়নে সেতু করলে খরচও অনেক বেড়ে যাবে।’ ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন। নিজেদের অর্থায়নেই এই সেতু করা সম্ভব। এ ক্ষেত্রে সরকারকে স্বচ্ছতা বজায় রাখতে হবে।’ তাজমেরী ইসলাম বলেন, ‘নিজস্ব অর্থায়নে সেতু করার জন্য জনগণকে যেভাবে আশ্বস্ত করা দরকার, সেটি করতে পারেনি সরকার।’ নিবন্ধন থাকার পরও জামায়াত-শিবিরের সভা-সমাবেশে বাধা, আবার পুলিশের ওপর হামলার পরও জামায়াতের নিবন্ধন বাতিল না করা সরকারের দ্বৈতনীতি কি না, এমন প্রশ্ন করেন এক দর্শক। জবাবে নৌমন্ত্রী বলেন, ৭১-এ জামায়াত-রাজাকাররা নৃশংসতা চালিয়েছে। আজকে তাদের সেই অপরাধের যখন বিচার যখন চলছে, তখন তারা ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে নৈরাজ্য চালাচ্ছে। আর এতে সমর্থন দিচ্ছে বিএনপি। তিনি বলেন, ‘জামায়াতের নিবন্ধন বাতিল হবে কি না, সেটা সময়ই বলে দেবে।’ মাহবুবুর রহমান বলেন, ‘জামায়াত অনেক পুরোনো রাজনৈতিক দল। কাজেই তাদের সভা-সমাবেশ করতে দেওয়া উচিত। তবে নৈরাজ্য সৃষ্টি হলে সেটিও বন্ধ করতে হবে।’ইকবাল সোবহান চৌধুরী বলেন, কোনো অবস্থাতেই কারও পুলিশের ওপর হামলা কিংবা জনগণের গাড়ি ভাঙচুরের অধিকার নেই। তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষার জন্য জনগণের কাছে যেতে হবে। খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষায় যেভাবে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন, সেটি সার্বভৌমত্বের প্রশ্ন।’ তাজমেরী ইসলাম বলেন, ‘দুই দল আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করতে পারে।’