বিদেশিদের কণ্ঠে বাংলা গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানের কথাগুলো বাংলা। কিছু গান তো খুবই পরিচিত। অন্যগুলো শুনে মনে হবে, এগুলো তো আমাদেরই সুর। গাইছেন বাংলাদেশসহ ২৮টি দেশের শিল্পীরা। আর সংগীতায়োজন? তা একবারেই নতুন কিছু। পাশ্চাত্যের। বাদ্যযন্ত্র? কী নেই তাতে?—কি-বোর্ড, সেক্সোফোন, ওয়েস্টার্ন বাঁশি, বেহালা, বিয়েলো, সেলো, গ্লোকেনস্পিল, তিন ধরনের গিটার, রিদম প্যাড, ক্ল্যারিওনেট, ট্রমবোন, ট্রম্পেট। সঙ্গে রয়েছে হারমোনিয়াম, এসরাজ, বাঁশি, তবলা, সেতার। কণ্ঠ আর বাদ্যযন্ত্রের এক অভূতপূর্ব সম্মিলন ঘটেছিল গতকাল শনিবার বিকেলে, ধানমন্ডির রবীন্দ্রসরোবরে। সুরের ধারা-গান্ধর্বলোক আন্তর্জাতিক অর্কেস্ট্রার প্রথম কনসার্ট অনুষ্ঠিত হলো কাল। আধ্যাত্মিক গুরু শ্রী চিন্ময় কুমার ঘোষের পরামর্শে একটি গানের দল গঠন করেন সুইজারল্যান্ডের পাঞ্চজন্য বারি। এই দলে রয়েছেন ২৭টি দেশের ৮০ জন সদস্য। আছেন কণ্ঠশিল্পী ও বাদ্যযন্ত্রশিল্পী। কাল থেকে রেজওয়ানা চৌধুরী বন্যার সুরের ধারার সঙ্গে যুক্ত হলো আন্তর্জাতিক এই দলটি। এখন থেকে দলটির নাম ‘সুরের ধারা-গান্ধর্বলোক আন্তর্জাতিক অর্কেস্ট্রা’।রেজওয়ানা চৌধুরী বন্যা গান্ধর্বলোকের সদস্যদের পরিচয় করিয়ে দেন এভাবে—‘তারা বাংলায় গান করে। বাংলাদেশের পোশাক পরে। বাংলাদেশের খাবার খায়। বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা অপরিসীম। তারা এসেছে বাংলাদেশের মানুষদের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে। নোবেল প্রাপ্তির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ বাংলাকে নিয়ে গিয়েছিলেন বিশ্বের মানুষের কাছে। আর সেই বিশ্বের মানুষকে বাংলাদেশে এনেছেন শ্রী চিন্ময়।’ এরপর তিনি নতুন এই আন্তর্জাতিক দলের ঘোষণা দেন। দর্শকদের শুভেচ্ছা জানান গান্ধর্বলোক অর্কেস্ট্রার অন্যতম সদস্য দুই বোন কানাডার জাগরি রেনেটা ডেসালিন ও ব্যবস্থাপক বিলুপ্তি ক্রিস্টিনা ব্যারিনাউ। অনুষ্ঠান শুরু হয় রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে রবীন্দ্রসংগীত ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটি দিয়ে। কাল রবীন্দ্রসরোবরে সবাই এসেছিলেন নতুন কিছু—সিম্ফনিক অর্কেস্ট্রা শোনার আগ্রহ নিয়ে। শুরুতেই তার একটু ছোঁয়া পাওয়া গেল। এরপর খুব পরিচিত রবীন্দ্রসংগীত ‘আকাশভরা সূর্য-তারা’, ‘মন মোর মেঘের সঙ্গী’ আর ‘আমার মাথা নত করে দাও’-এর সঙ্গে ছিল চমৎকার অর্কেস্ট্রা। একেবারেই নতুন শ্রী চিন্ময়ের গানগুলোও মুগ্ধ করেছে শ্রোতাদের। আর তা বোঝা গেল গান শেষ হওয়ার পর সবার মুগ্ধতা প্রকাশের চিহ্ন (হাততালি) দেখে। শ্রী চিন্ময়ের গানের কথাগুলো খুবই সাধারণ। বন্যার ভাষায়, ‘তিনি আধ্যাত্মিক গুরু। তাই তাঁর সব গানই প্রার্থনার।’ পাশ্চাত্যের সংগীতায়োজনে সাধারণ কথার গানগুলো হয়ে যায় অসাধারণ।আজিজুর রহমানের কণ্ঠে ‘আমি যাব হূদয়পুরে’ গানের সঙ্গে দুদকের (আর্মেনিয়ার বাঁশি) ব্যবহার সন্ধ্যার পরিবেশকে শান্ত করে দেয়। নেই কোনো অস্থিরতা, ছোটাছুটি কিংবা ব্যস্ততা; চারদিকে শুধুই তখন চমৎকার এক নীরবতা। এরপর সেই নীরবতা ভেঙে দেয় বৃষ্টির গান ‘মন মোর মেঘের সঙ্গী’। গানের মাঝে বারবার ‘রিমিঝিম রিমিঝিম’ শব্দগুলো মনে করিয়ে দেয় বৃষ্টির কথা। শ্রী চিন্ময়ের ‘আমার ক্ষুদ্র আমারে ভাঙ্গিব’ গানের সঙ্গে মা সমিতার সেলো, মেয়ে ভৈরবীর বেহালা আর অভিনবর বিয়েলোর জাদুর কথা কি ভোলা যায়!এদিন শ্রী চিন্ময়ের একটি গানে কণ্ঠ দেন বন্যা নিজেও—‘আমারে যদি বাসো ভালো/ নিয়ে যাও আমারে আজ’। তাঁর সেই প্রার্থনার রেশ কাটতে না-কাটতেই লোকধাঁচের সুরে ‘পূর্ণ করিয়া দিতেছে সঁপিয়া/ শূন্য করিয়া পাত্র’ দর্শক-মনকে আন্দোলিত করে তোলে।পুরো অনুষ্ঠানে বিভিন্ন গান পরিচালনা করেন আইসল্যান্ডের হূদয়ানন্দ আন্দ্রেস র‌্যামন, নেদারল্যান্ডের বাপুস্তারা এবং রাশিয়ার ফুলেন্দু জরিন।অনুষ্ঠানের শেষ গান ছিল বন্যার কণ্ঠে ‘সার্থক জনম আমার’। গানটি গাওয়ার আগে বন্যা বলেন, ‘এটাই আমাদের অনুষ্ঠানের শেষ গান।’ এরপর অবশ্য ২৮টি দেশের শিল্পী আর রবীন্দ্রসরোবরে উপস্থিত হাজার দশেক শ্রোতা একই সঙ্গে কণ্ঠ দেন জাতীয় সংগীতে। ছিল রেনেটার সবাইকে ধন্যবাদ জানানো। অনুষ্ঠান শেষ। আলোগুলো নিভে আসে। কিন্তু তখনো দর্শকসারিতে প্রায় সব দর্শক দাঁড়িয়ে। সুরের ধারা-গান্ধর্বলোক আন্তর্জাতিক অর্কেস্ট্রার পরিবেশনার মুগ্ধতার রেশ যেন তখনো কাটেনি কারও মন থেকে।