বিদেশিদের পরামর্শে তত্ত্বাবধায়ক পুনর্বহাল করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি মেহমানদের পরামর্শ গ্রহণ করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের নীতিগত সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।সরকারের উদ্দেশে খন্দকার মোশাররফ হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত নিয়ে সেই সরকারের গঠন প্রণালি ও রূপরেখা নিয়ে সংলাপের আয়োজন করুন। খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘সংসদে সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার বিল আনতে হবে এবং তা পাস করতে হবে। এ-সংক্রান্ত সংলাপের উদ্যোগও সরকারকে নিতে হবে। তা না হলে বুঝতে হবে সরকার নিরপেক্ষ নির্বাচন চায় না।’ খন্দকার মোশাররফ উল্লেখ করেন, সংসদে বর্তমান সরকারের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আছে। তাই বিএনপি কোনো বিল সংসদে তুললেও সরকার না চাইলে তা পাস হবে না।