বিদেশিদের মন জয় করে লাভ নেই
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াত ও সাম্প্রদায়িকতাকে কখনোই ছাড়তে পারবেন না। খালেদা জিয়ার ভারত সফর সম্পর্কে মোহাম্মদ নাসিম বলেন, বিদেশিদের মন জয় করে কোনো লাভ নেই। আগে বাংলাদেশের মানুষের মন জয় করতে হবে। কারণ জনগণই সব ক্ষমতার উত্স। আগামী নির্বাচনে তারাই ভোট দেবে। খবর বাসসের।আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জেলখানায় চার নেতাকে হত্যা, স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্রের রাজনীতি: আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলহত্যা দিবস উপলক্ষে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এই আলোচনা সভার আয়োজন করে।মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে আওয়ামী লীগ ও ভারতবিরোধী রাজনীতি। তারা আবার ক্ষমতায় এলে বাংলাদেশ হবে পাকিস্তানের সংস্করণ। তারা চায় এ দেশ থেকে চিরতরে মুক্তিযুদ্ধের আদর্শ ধ্বংস করতে।আওয়ামী লীগের নেতা নাসিম বলেন, ‘খালেদা জিয়া জামায়াত, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসকে ছাড়বেন না। ক্ষমতায় এলে ওদের আবার আশ্রয়-প্রশ্রয় দেবেন। ১৫ আগস্ট কেক কেটে যিনি জন্মদিন পালন করেন, তাঁর চরিত্র বদল হবে না।’ তিনি বলেন, হল-মার্কের মতো ঘটনা ঘটিয়ে সরকারের সব অর্জন ম্লান হতে দেওয়া যাবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।মোহাম্মদ নাসিম বলেন, ‘খুনিদের বিরুদ্ধে আমি নিজে আদালতে সাক্ষী দিয়েছি। কিন্তু বিএনপি-জামায়াতের সময় রায় বদল হয়ে গেল। এরপর প্রহসনের রায় হলো। আমি সেই বিচারককে ধিক্কার জানাই। সুপ্রিম কোর্টের বিচারকদের কাছে আবেদন, যাঁদের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হয়েছে, বাংলাদেশের মানুষ মুক্তমনে শ্বাস নিতে পারছে, তাঁদের হত্যার বিচার চাই।’ আগামী নভেম্বরের আগেই এই রায় ঘোষণা করার দাবি জানান তিনি।আগামীকাল ৩ নভেম্বর জেলাহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে জেলখানায় জাতীয় চার নেতা শহীদ তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব শফিকুল বাহার মজুমদার, স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।