বিদেশিদের সঙ্গে ঘুষ লেনদেনের সাজা কঠোর করছে কানাডা
বিদেশি সরকারি কর্মকর্তাদের সঙ্গে ঘুষ লেনদেনের সাজা আরও কঠোর করতে যাচ্ছে কানাডা সরকার। এ লক্ষ্যে গত মঙ্গলবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে প্রচলিত আইন সংস্কারে একটি বিল উত্থাপন করা হয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।কানাডার বর্তমান আইনে বিদেশি সরকারি কর্মকর্তাদের সঙ্গে ঘুষ লেনদেন করলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। আইন সংশোধন করে এই সাজা সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ডের বিধান করার প্রস্তাব করা হয়েছে।প্রচলিত আইন অনুযায়ী এ পর্যন্ত কানাডার তিনটি কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশের সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা মোশাররফ হোসেনকে বিলাসবহুল গাড়ি ঘুষ দেওয়ার অভিযোগে তেল-গ্যাস কোম্পানি নাইকো রিসোর্সেস লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কানাডা সরকার। শাস্তি পাওয়া অন্য দুটি প্রতিষ্ঠান হলো: গ্রিফিথস এনার্জি ও হাইড্রো-ক্লিন গ্রুপ। বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের সঙ্গে কানাডার নির্মাণ প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় কানাডায় তদন্তও চলছে। পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ড বলেন, কানাডার বিভিন্ন প্রতিষ্ঠানকে বিদেশি সরকারি কর্মকর্তাদের সঙ্গে ঘুষ লেনদেন থেকে বিরত রাখতে কঠোর আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচলিত আইন সংস্কারে মঙ্গলবার একটি আইন সিনেটে উত্থাপন করা হয়েছে।কানাডায় বিদেশি সরকারি কর্মকর্তাদের সঙ্গে ঘুষ লেনদেনের অভিযোগে প্রচলিত আইন অনুযায়ী দুটি মামলা বিচারাধীন। এ ছাড়া এমন ৩৫টি অভিযোগের পৃথক তদন্ত চলছে।