বিদেশিদের সাবধানে বিনিয়োগের আহ্বান সু চির (ভিডিও)
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সু চি দ্রুত পরিবর্তনশীল দেশে বিদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে সতর্কতার সঙ্গে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মুনাফার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিরও আহ্বান জানান তিনি। এতে উচ্চ বেকারত্বের হার কমবে, যা সু চির দৃষ্টিতে ‘টাইম বোমা’ বই কিছু নয়।আজ শুক্রবার ব্যাংককে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া ভাষণে সু চি এ আহ্বান জানান। বিবিসি ও রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।শান্তিতে নোবেল জয়ী এই নেত্রী মিয়ানমারের সংস্কার কর্মসূচি নিয়ে ‘খুব আশাবাদী’ হওয়ার কিছু নেই বলে সতর্ক করেছেন। তিনি বলেন, পরিস্থিতির এখনো তেমন পরিবর্তন হয়নি। সম্প্রতি মিয়ানমারের পার্লামেন্টের একজন সদস্য নির্বাচিত হলেও সু চি মনে করেন, দেশটির পার্লামেন্ট গণতন্ত্র থেকে অনেক দূরে। বিদেশি বিনিয়োগকারীদের দেশটির প্রয়োজনের বিষয়টি মাথায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মিয়ানমারের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও প্রশিক্ষণ অপরিহার্য। তবে বিনিয়োগ যেন দুর্নীতিতে ইন্ধন না দেয় বা অভিজাত ব্যবসায়ীদের পকেট ভারী না করে, সেদিকে বিনিয়োগকারীদের খেয়াল রাখতে হবে।’সু চি বলেন, ‘কী করতে হবে তা বলতে এখানে আসিনি, কিন্তু আমাদের কী প্রয়োজন—তা বলতে এসেছি।’ যেসব বিনিয়োগকারী মিয়ানমারে বিনিয়োগের পরিকল্পনা করছেন, তাঁরা যেন সাধারণ লোকজনের জীবনমান উন্নয়নের দিকে গুরুত্ব দেন, এ অনুরোধও তিনি করেন।গণতন্ত্রপন্থী এই নেত্রী আরও বলেন, ‘মিয়ানমারে বিনিয়োগ করে কতটা লাভবান হওয়া যাবে, দয়া করে তা আপনারা চিন্তা করবেন না। আমি জানি বিনিয়োগকারীরা লাভের আশায় বিনিয়োগ করে। আমি এর সঙ্গে একমতও। কিন্তু যাঁরা বিনিয়োগ করবেন তাঁদের মতো আমরাও যেন লাভবান হই, সে বিষয়টিও দেখতে হবে। দয়া করে আপনারা আমাদের বিষয়ে গভীরভাবে চিন্তা করুন।’কাজের অভাবে লাখ লাখ মিয়ানমারবাসী বাধ্য হয়ে বিদেশে, বিশেষ করে থাইল্যান্ডে চলে যাচ্ছে। সু চি বলেন, ‘আমি যতটা সম্ভব তত কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি চাই। উচ্চশিক্ষার চেয়ে পেশাগত প্রশিক্ষণ আমাদের বেশি প্রয়োজন।’ সংস্কারের প্রতি মিয়ানমার অঙ্গীকারের কথা উল্লেখ করে সু চি বলেন, ‘আমরা সমৃদ্ধশালী ও শান্তিপূর্ণ বিশ্বের অংশীদার হতে চাই।’সামরিক জান্তা সরকার ক্ষমতা গ্রহণের পর ছয় কোটি জনগণের মিয়ানমারে পশ্চিমা নিষেধাজ্ঞা জারি হয়। এতে বিদেশি কোম্পানিগুলো বিনিয়োগ করতে পারত না। তবে গত এক বছর ধরে সামরিক সরকার পুনর্গঠনের মধ্যে দিয়ে যাওয়ায় সাম্প্রতিক সময় বেশির ভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।