বিদেশিরাও আগ্রহী, তাই ‘আন্তর্জাতিক আগ্রহপত্র’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হওয়ার জন্য বিদেশিরাও আগ্রহ দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ব্যাংকটির এমডি হওয়ার জন্য দেশে-বিদেশে উপযুক্ত লোক রয়েছে এবং এ ব্যাংকের জন্য উপযুক্ত এমডিই নিয়োগ করা হবে। আর, সেজন্যই ‘আন্তর্জাতিক আগ্রহপত্র’ আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ের নিজ কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতকে আমি বলেছি, গ্রামীণ ব্যাংক সরকার দখল করেছে বলে ড. ইউনূস যা বলে বেড়াচ্ছেন, তা পুরোপুরিই ভুয়া। তবে এটা ঠিক যে, গত দেড় বছরে ব্যাংকটির এমডি নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।’ঋণ গ্রহীতারা ড. ইউনূসের নাম প্রস্তাব করায় নির্বাচন প্রক্রিয়ায় কেবল এই নামই চলে আসে বলে জানান মুহিত। তিনি বলেন, ‘কিন্তু ইউনূস তো আর এমডি হতে পারবেন না। পরিচালনা পর্ষদ ব্যাংকটির এমডি মনোনয়ন দেবে। এটি গ্রামীণ ব্যাংকেরই বিধান। তবে এক্ষেত্রে চেয়ারম্যানের সুপারিশ লাগবে।’ ঋণ গ্রহীতারাই গ্রামীণ ব্যাংকের এমডি নির্বাচন করবে এবং এই এমডি হবেন একজন গ্রহণযোগ্য ব্যক্তি। মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল সোমবার এই দুই বিষয়ে কথা বলেছেন বলে জানান মুহিত। পদ্মা সেতুর অর্থায়ন বিষয়ে ত্বরিত্ সিদ্ধান্ত নিয়ে বিশ্বব্যাংক একটি বড় ভুল করেছে বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমি চাই এবং আমার সরকারও চায় যে, পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন করুক।’ বিশ্বব্যাংক যে অভিযোগ তুলেছে তাতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এই ভাবমূর্তি পুনরুদ্ধার করা দরকার। বিশ্বব্যাংক অর্থায়ন করলেই তা পুনরুদ্ধার করা সহজ হবে’। বিশ্বব্যাংককে চিঠি লেখা হয়েছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘চিঠি লিখতেতো মাত্র দশ মিনিট লাগে। যে কোনো সময় তা দেওয়া যেতে পারে।’ পুরো বিষয়টি একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এবং বিষয়টি এখন অনেকদূর এগিয়েছে বলেও জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের পক্ষে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের নির্বাহী পরিচালক এম এন প্রসাদ। আজ থেকে বাংলাদেশের বিকল্প পরিচালক ড. মোহাম্মদ তারেক এ আলোচনায় যোগ দিচ্ছেন। এডিবি ও জাইকা বিষয়টি নিয়ে এরই মধ্যে কথা বলেছে। চিঠি দেওয়া হবে তখনই, যখন বিশ্বব্যাংকের অর্থায়নের আলোচনাটি একটি ইতিবাচক পর্যায়ের দিকে যাবে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এটা সম্ভব, তবে এজন্য অনেক ত্যাগ ও কৃচ্ছতা স্বীকার করতে হবে। এখন যে রমরমা ভাবটা আছে সেটা থাকবে না। অভ্যন্তরীন অর্থনীতি ও জিডিপিতে এর প্রভাব পড়বে।’