বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রতারণা বন্ধে আইন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রতারণা বন্ধে এবং প্রতারণার শাস্তি হিসেবে জেল-জরিমানার বিধান রেখে ‘অভিবাসন অধ্যাদেশ ১৯৮২’ সংশোধন করে ‘অভিবাসন আইন’ প্রণয়ন করা হচ্ছে। আজ মঙ্গলবার সংসদে এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। এ-সম্পর্কিত হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ছয় মাসের মধ্যে অভিবাসন আইনটি চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা করা যায়। তার আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল সাড়ে পাঁচটার দিকে সংসদে অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। নুরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, বিদেশে নারী গৃহকর্মী পাঠানোর ক্ষেত্রে হয়রানি রোধে জেলা প্রশাসকের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি বছরের মে পর্যন্ত হিসাব অনুযায়ী বর্তমানে ৮০ লাখ ২১ হাজার ৬৭৮ জন বাংলাদেশি বিদেশে কর্মরত আছেন। ফজিলাতুন্নেসার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ৯৩ হাজার ৮৬৮ জন বাংলাদেশি নারী কর্মরত আছেন। তবে এসব নারীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ কত তার হিসাব বাংলাদেশ ব্যাংকে নেই।ফরিদা রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি মাসে মালয়েশিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে তাদের দেশে কর্মী পাঠানোর সব প্রক্রিয়া সরেজমিনে প্রত্যক্ষ করেছে। আশা করা যায়, শিগগির মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যাপারে চুক্তি স্বাক্ষর হবে। ফজিলাতুন্নেসা বাপ্পির প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, জাহাজ ভাঙা শিল্পে বর্জ্য ব্যবস্থাপনা, গ্যাস ফ্রি করে জাহাজ আমদানি, তেল সাগরে না ফেলে পাইপলাইনের মাধ্যমে খালাস করাসহ অন্যান্য কাজে বিজ্ঞানসম্মত ও আধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এর ফলে দুর্ঘটনা হ্রাস পেয়ে জাহাজ ভাঙা শিল্প পরিবেশ ও শ্রমবান্ধব হয়ে উঠেছে।এমএলএমের প্রতারণা বন্ধে আইন: আহমেদ নাজনীন সুলতানার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেন, এমএলএম ব্যবসা পরিচালনার জন্য ৬৯টি কোম্পানি রেজিস্ট্রার, জয়েন স্টক কোম্পানি এবং প্রতিষ্ঠানগুলোর পরিদপ্তরে নিবন্ধিত আছে। এসব প্রতিষ্ঠানের প্রতারণা বন্ধের জন্য ‘ডাইরেক্ট সেল আইন ২০১২’ নামে একটি নতুন আইন প্রণয়নের কাজ চলছে। এ আইনটির খসড়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব কমিটিতে অনুমোদিত হয়েছে। প্রস্তাবিত এই আইনে এমএলএম কোম্পানিগুলোকে ব্যবসা পরিচালনার জন্য লাইসেন্স দেওয়ার বিধান রাখা হয়েছে। এটি আইনে পরিণত হলে অবৈধ এমএলএম ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।জিয়াউল হক মৃধার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আসন্ন রমজান উপলক্ষে টিসিবি ৫৪ লাখ ৬৬ হাজার ২৩২ লিটার সয়াবিন তেল, ৩৫ হাজার ৭৮৮ মেট্রিক টন চিনি, চার হাজার ৩১৯ মেট্রিক টন মসুর ডাল, দুই হাজার মেট্রিক টন ছোলা এবং এক হাজার মেট্রিক টন খেজুর সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পণ্য দেশব্যাপী দুই হাজার ৯৫২ জন ডিলারের মাধ্যমে সাশ্রয়ী দামে বিক্রয় করা হবে। ডিলার নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।