বিদেশে গেছেন লক্ষাধিক নারীকর্মী অবদান রাখছেন জাতীয় অর্থনীতিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে এক লাখেরও বেশি বাংলাদেশি নারীশ্রমিক রয়েছেন। পুরুষের পাশাপাশি তাঁরাও বৈদেশিক মুদ্রা পাঠিয়ে অবদান রাখছেন জাতীয় অর্থনীতিতে। তবে নারীশ্রমিকদের অনেকে নির্যাতন, নিপীড়ন ও হয়রানির মুখেও পড়ছেন। নির্যাতিত কেউ কেউ ফিরছেন লাশ হয়েও। তাই নারী অভিবাসন সংগঠনগুলো নারীশ্রমিকদের নিরাপদ অভিবাসনের দাবি জানিয়েছে।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সূত্র জানায়, ১৯৯১ সাল থেকে নারীশ্রমিক পাঠানোর তথ্য সরকারিভাবে সংরক্ষিত আছে। ওই বছর দুই হাজার ১৮৯ জন নারীকর্মী বিদেশে গেছেন। ২০০৯ সাল পর্যন্ত মোট এক লাখ ২৪ হাজার ২৭৩ জন নারীশ্রমিক বিদেশে গেছেন। এর মধ্যে ২০০৯ সালে গেছেন ২২ হাজার ২২৪ জন।জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বলেছে, এই সংখ্যা ইতিবাচক। তবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশি নারীশ্রমিকদের অনেকে এখনো নিপীড়নের শিকার হচ্ছেন; বিশেষ করে লেবাননে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে নারীশ্রমিক পাঠানো নিয়ে সমস্যা হতে পারে।বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, পুরুষের পাশাপাশি এখন নারীশ্রমিকদের চাহিদাও বাড়ছে। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। নারীশ্রমিকেরা যেন বিদেশে গিয়ে কোনো বিপদে না পড়েন, সেটিও দেখা হচ্ছে। এখন কোনো নারীশ্রমিক বিদেশে গেলেই তাঁকে একটি করে মোবাইল ফোনসেট দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তারা দেশে নিয়মিত যোগাযোগ রাখতে পারবেন।বেশি নারীকর্মী গেছেন দুবাইতে: বাংলাদেশ থেকে বেশি নারীশ্রমিক গেছেন দুবাইয়ে। ২০০৯ সালের ডিসেম্বর পর্যন্ত সেখানে ৩৫ হাজার ৬৩০ জন নারীশ্রমিক গেছেন।দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) নাসরিন জাহান প্রথম আলোকে বলেন, দুবাইয়ে আরও নারীশ্রমিকের চাহিদা রয়েছে। নারীদের যদি সব তথ্য ভালোভাবে জানানো যায় এবং একটু দক্ষ ও প্রশিক্ষিত করা যায়, তাহলে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে তাঁরাও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।এ ছাড়া সৌদি আরবে ৩১ হাজার ২৬৩ জন, লেবাননে ২৫ হাজার ৩৭১, কুয়েতে সাত হাজার ৬৫৭, জর্ডানে ছয় হাজার ৫০, মালয়েশিয়ায় ছয় হাজার ৪২৫, মরিশাসে চার হাজার ৩১১, ওমানে দুই হাজার ৬৯৩ এবং বাহরাইনে তিন হাজার ৪০৮ জন নারীকর্মী গেছেন। সমস্যা লেবাননে, দূতাবাসও নেই: মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে গৃহকর্মী হিসেবে যাওয়া নারীদের নির্যাতিত ও হয়রানির শিকার হওয়ার ঘটনাও ঘটছে। তবে বেশি ঘটছে লেবাননে। সেখানে সঠিক সময়ে বেতন না পাওয়া, শারীরিক ও যৌন নির্যাতনের ঘটনাও ঘটছে। ২০০৯ সালে লেবাননে নির্যাতনের কারণে ১৫ নারীকর্মী মারা গেছেন। অনেকের সঙ্গে তাঁদের পরিবার যোগাযোগ করতে পারছে না। সেখানে বাংলাদেশের দূতাবাসও নেই। ফলে নারীরা সমস্যায় পড়লেও সাহায্যের জন্য কোথাও যেতে পারছেন না।সূত্র জানায়, গত বছর ২২ হাজার ২২৪ নারীকর্মী বিদেশে গেছেন। এর মধ্যে লেবাননেই গেছেন ১৩ হাজার ৬২ জন। ২০০৮ সালে সাত হাজার ৯৪৮ জন এবং ২০০৭ সালে তিন হাজার ৪৯৮ জন লেবাননে গেছেন। লেবানন থেকে শাহিনুর (ছদ্মনাম) নামের এক বাংলাদেশি নারীশ্রমিক টেলিফোনে প্রথম আলোকে জানান, গৃহকর্মী হিসেবে তিনি যে বাড়িতে আছেন, সেই বাড়ির মালিক ও তাঁর দুই ছেলে নানাভাবে তাঁকে নির্যাতন করছেন। ঢাকার ডেমরার এই নারী জানান, তাঁর মতো আরও অনেক বাংলাদেশি এমন নির্যাতনের শিকার হচ্ছেন।ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকার দরিদ্র জালাল সরদার জানান, তাঁর স্ত্রী ছকিনা ভাগ্য পরিবর্তনের আশায় গত বছর লেবাননে যান। সেখানে এক বাড়িতে কাজ করতেন। নির্যাতনের কারণে দেড় মাস পর তাঁর স্ত্রী দেশে ফিরেছেন লাশ হয়ে।বেসরকারি সংস্থা ব্র্যাকের নিরাপদ অভিবাসন কর্মসূচির সমন্বয়ক লায়লা আনজুমান বলেন, লেবাননে বাংলাদেশি নারীদের নির্যাতনের ঘটনা বাড়ছে। তাঁরা নির্যাতিত অনেককে উদ্ধার করে দেশে এনেছেন। তিনজনের লাশ এনেছেন।বাংলাদেশ মহিলা অভিবাসী শ্রমিক সংস্থার পরিচালক সুমাইয়া ইকরাম বলেন, লেবাননে বাংলাদেশি নারীশ্রমিকদের ওপর নির্যাতনের যে চিত্র পাওয়া গেছে তা ভয়াবহ।খন্দকার মোশাররফ হোসেন জানান, লেবাননে নারীশ্রমিকদের নির্যাতনের বিষয়টি তিনিও জেনেছেন। কিন্তু সেখানে বাংলাদেশের দূতাবাস নেই। সমস্যা সমাধানে মন্ত্রণালয় একটি প্রতিনিধিদল পাঠিয়েছে। তাঁরা এসব সমস্যা সমাধানে কাজ করবেন।যাওয়ার আগে চাই সচেতনতা: নারীকর্মীদের বিদেশে চাকরিসংক্রান্ত যাবতীয় বিষয়ে তথ্য দেওয়ার জন্য বিএমইটি ও ইউনিসেফের যৌথ উদ্যোগে বিএমইটি ভবনে ‘নারী অভিবাসী তথ্যকেন্দ্র’ স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রের কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, রিক্রুটিং এজেন্সির খোঁজ, ভিসা পরীক্ষা এবং অন্য যেকোনো তথ্যের জন্য নারীকর্মীরা এখানে যোগাযোগ করতে পারেন। বিএমইটির মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী বলেন, কিছুদিন আগেও বিদেশে বাংলাদেশি নারীশ্রমিকদের নির্যাতনের অনেক ঘটনা ঘটত। তবে বিএমইটি তথ্যকেন্দ্র চালুর পর থেকে এ সমস্যার অনেক সমাধান হয়েছে। ২১ দিনের একটি বাধ্যতামূলক প্রশিক্ষণ দিয়ে এখন নারীদের দক্ষ করে বিদেশে পাঠানো হয়।বাংলাদেশ মহিলা অভিবাসী শ্রমিক সংস্থার পরিচালক সুমাইয়া ইকরাম বলেন, নারীকর্মীদের বিষয়ে সবচেয়ে জরুরি হলো নিয়মিত পর্যবেক্ষণ। সরকার যদি একা পর্যবেক্ষণ করতে না পারে, তাহলে বেসরকারি সংস্থাগুলোর সাহায্য নিতে পারে। অভিবাসনের নামে নারীরা যেন কোনোভাবেই পাচার না হয়, তা খেয়াল রাখতে হবে। নারীরা যেন নির্যাতিত না হয়, তাদের অভিবাসন-প্রক্রিয়াসহ সেখানে অবস্থান যেন নিরাপদ হয়, সেটিও নিশ্চিত করতে হবে।