বিদেশে ছাত্র পাঠানোর নামে প্রতারণা, সাতজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চশিক্ষার নামে বিদেশে ছাত্র পাঠানোর কথা বলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছিল রাজধানীর একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) মগবাজার ক্যাম্পের একটি গোয়েন্দা দল দুটি প্রতিষ্ঠান থেকে আজ সোমবার সাতজনকে আটক করেছে। এ ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে।অভিযান পরিচালনকারী র‌্যাব-৩-এর কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খালিদ শামস প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এক্সট্রিম ও এক্সট্রা কনসার্ন নামে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাব। কোনো অনুমতি না থাকলেও এই দুই প্রতিষ্ঠান বিদেশে ছাত্র পাঠানোর নামে প্রতারণা করে আসছিল। এখান থেকে সাতজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছে থেকে ১১টি পাসপোর্ট পাওয়া গেছে।র‌্যাব-৩-এর কর্মকর্তা লে. জাররার হোসেন খান প্রথম আলোকে জানান, আটক ব্যক্তিদের তিনজন কাকরাইলের এক্সট্রিম প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। তাঁরা হলেন প্রতিষ্ঠানের মালিক মাহবুবুর রহমান (২৫), মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ হাসান (২৬)। ইউরোপে ছাত্র পাঠানোর নামে তাঁরা প্রতারণা করে আসছিলেন। এ ছাড়া হাতিরপুলের এক্সট্রা কনসার্ন নামের আরেকটি প্রতিষ্ঠান থেকে মিজানুর রহমান (৩৫), মোহাম্মদ আলী (২২), মোহাম্মদ হাবিবুল্লাহ (৩২) ও নাজমুল হাসান (২৪)।জাররার হোসেন জানান, দীর্ঘদিন ধরে কিছু প্রতিষ্ঠান বিদেশে ছাত্র পাঠানোর নাম করে প্রতারণা করে আসছিল। চক্রটি বিভিন্ন জাতীয় দৈনিক বিজ্ঞাপন দিয়ে ছাত্র পাঠানোর নামে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।