বিদেশে টাকায় ক্ষমতায় যেতে চায় না বিএনপি: এম কে আনোয়ার
জিয়াউর রহমান সামরিক আইন জারি করেননি দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, বিএনপি সামরিক শাসন সমর্থন করে না, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। অন্য কোনো রাস্তায় বা বিদেশ থেকে বস্তা বস্তা টাকা এনে ষড়যন্ত্র করে বিএনপি ক্ষমতায় যেতে চায় না।আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় এম কে আনোয়ার এসব কথা বলেন। জিয়া পরিষদ, ঢাকা মহানগর শাখা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ‘সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক ওই গোলটেবিলের আয়োজন করে।এতে প্রধান অতিথির বক্তব্যে এম কে আনোয়ার বলেন, আওয়ামী লীগ মৃত জিয়াকে জীবিত জিয়ার চেয়েও বেশি ভয় পায়। এ কারণেই তারা সব সময় জিয়ার বিরুদ্ধে কথা বলে। সরকারকে উট পাখির সঙ্গে তুলনা করে বিএনপির এই নেতা বলেন, দেশ আকণ্ঠ সংকটে নিমজ্জিত। অথচ সরকার উটপাখির মতো বালুতে মুখ গুঁজে রেখে বলছে, দেশে কোনো সংকট নেই। সরকার তিন বছরে কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি বলেও তিনি অভিযোগ করেন।বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক সরকারকে সংসদে যাওয়ার উপযোগী পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়ে বলেন, যে সংসদে ফেলানীর লাশ, টিপাইমুখ, তিস্তা, দ্রব্যমূল্য, জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে কথা বলা যায় না, সে সংসদে বিএনপি যেতে চায় না। সরকার বর্তমান সংসদকে অকার্যকর করে রেখেছে বলেও তিনি অভিযোগ করেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদ, ঢাকা মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ আলোচনায় অংশ নেন।