বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে আইন সংশোধন হচ্ছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে মুদ্রাপাচার আইন সংশোধন করা হবে। আগামী সংসদ অধিবেশনে এ আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। আজ শনিবার সকালে চট্টগ্রামে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।অর্থমন্ত্রী বলেন, পাচার করা অর্থ আদায় করতে প্রমাণের প্রয়োজন। কিন্তু অর্থপাচারের বিষয়টি প্রমাণ করা কষ্টকর। বর্তমানে কোকোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে একটি মামলা চলছে। আরও কয়েকটি মামলা প্রক্রিয়াধীন। যে পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলে বলা হচ্ছে, বাস্তবে পাচারের পরিমাণ তার চেয়ে অনেক বেশি।অর্থমন্ত্রী বলেন, আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা প্রতিবছর ৩০ সেপ্টেম্বর করা হয়েছে। কোনো অবস্থায়ই এ সময়সীমা পরিবর্তন করা হবে না। হয়রানি কমে গেলে মানুষ কর দিতে আসবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর আরোপ করা কর যাতে শিক্ষার্থীদের ওপর না পড়ে সেই ব্যবস্থা নেওয়া হবে।এর আগে মতবিনিময় সভায় বক্তৃতা চট্টগ্রাম কর অঞ্চল-১-এর কমিশনার রমেন্দ্র চন্দ্র বসাক, কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের কমিশনার ফিরোজ শাহ আলম, দুটি কর অঞ্চল ও কর আপিল অঞ্চলের কমিশনার যথাক্রমে হাবিবুর রহমান আকন্দ, মো. সুলতান মাহমুদ ও মো. হায়দার খান, কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক প্রকাশ দেওয়ান, কাস্টম হাউসের কমিশনার (আমদানি) সৈয়দ গোলাম কিবরিয়া ও (রপ্তানি) মো. জামাল হোসেন।সভায় কাস্টম হাউসের আমদানি ও রপ্তানি বিভাগ একীভূত করা হয়েছে কি না, জানতে চান অর্থমন্ত্রী। এ সময় চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার (আমদানি) গোলাম কিবরিয়া বলেন, সংস্থাপন মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেছে। দুই বিভাগ একীভূত করার প্রক্রিয়া চলছে। অর্থ মন্ত্রণালয় থেকে অনাপত্তি পেলেই কার্যকর করা যাবে। এই দুই বিভাগ আলাদা করার সুফল পাওয়া যায়নি বলে মন্তব্য করেন কমিশনার।